তোমার অটোফোকাস চোখ যখন কফিশপে ব্যক্তিত্ব পরিমাপে ব্যস্ত
তখন ফ্ল্যাশ লাইট হিসেবে বিকেলের আভা স্বর্ণ মুহূর্তের জোগান দিচ্ছে
সবই পূর্ব নির্ধারিত ছকের মত
পরিধি পরিক্রমণ জানা থাকলে বলে দেয়া যাবে পরবর্তী দৃশ্য
অন্তত সেই মুহূর্তে আমরা সবাই ত্রিকালদর্শী
রিলে রেসের মত তথ্যগুলো দিয়ে যাচ্ছি পরস্পরকে
যদিও ট্র্যাকগুলো ভিন্ন
আমরা সুখ, শোক এবং বেদনাগ্রস্থ
কারণ কফিশপের পর আমাদের যেতে হবে কোন তিনতারা হোটেলে
কেননা আমাদের জন্য প্রতিষ্ঠানগুলো প্রতীক্ষা করে রয়েছে
অথবা প্রতিষ্ঠানগুলো ছাড়া আমরা আর প্রতীক্ষাকে খুঁজে পাচ্ছিনা
প্রতীক্ষার বিষয়টিকে তুমি আমাদের চেয়ে ঢের আগে বুঝতে পেরেছো নারী
তাই তুমি ইষ্পাত হয়ে উঠলে আমরা একদলা আস্তিত্বিক স্রাবে মুষড়ে পড়ি
তুমি ইস্পাত ব্যবহার করলে ফালিফালি হয়ে যায় আমাদের শিশ্নতোষ মেরুদন্ড
অতীতের মতই আমরা পাঁচজনা পুরুষ তোমার বস্ত্রহরণের পরিকল্পনা করি
আমরা প্রতিষ্ঠান বুঝি, আমরা পরিকল্পনা বুঝি
তোমার ইস্পাত আমরা বুঝি না
তুমি একজনা নারী,
প্রতিষ্ঠানের আলোয় তুমি কি আমাদের পরিকল্পনার প্রতীক্ষা কর
নাকি অটোফোকাস চোখে সৃষ্টি কর সেই চাহনি
যেটাকে আমরা ভয় পাই তিনটা উলঙ্গ কাল ধরে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



