দুপুর পেরিয়ে নয় মাসের সন্ধ্যা
আর একছত্র ভায়োলিন
মদিরার পেয়ালা হাতে
নেচে চলেছে
দুলেদুলে হেলেহেলে
বয়স হয়েছে বলে পাড়ার মেয়েরা
সতর্ক বুক দেখায়
বালকের রোমান্স নিয়ে রোমান্টিক স্বপ্ন
থলথলে গ্রীবাতে অকস্মাৎ থমকে যায়
এরপর আটকে থাকে
ঝুলতে থাকে
আর গিঁট খোলেনা,
শুধু জড়িয়ে যেতে থাকে,
শুধু পেঁচিয়ে যেতে থাকে
তখন অন্য কিছু কথা বলে,
যেমনটা দেখেছি
কড়কড়ে নোটের পর
যেমনটা দেখেছি
ভাড়া করা বিছানার পর
পুঁজি জমাতে জমাতে তিরিশ
পূঁজ খসাতে খসাতে চল্লিশ
প্রজন্মের পূঁজ, নিগ্রহের পুঁজি
কাঙ্খার পূঁজ, বাঞ্ছার পুঁজি
দশকের দু-পাড়ের মেঘটুকু
ওড়ে আর ওড়ে
সময় অবিচল থাকে
মানুষ ক্ষয়ে যায়
নয় মাসের পোয়াতি সন্ধ্যার সাথে ভায়োলিনের রেশ
যখন স্রাবের নদীতে চর হয়ে জাগে
তখন অন্য কিছু কথা বলে
তখন খুব ভিন্ন কিছু পুঁজি সঞ্চার হয়
ছবিসূত্র: আমার তোলা। ক্যামেরা: ক্যানন ৪৫০ ডি।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


