সন্ধ্যার আঁধারে আমি যদি হারিয়ে যাই বন্ধু, আমাকে মনে রেখো তোমার ঘরের ধূপ-আগরের সুবাসে- তোমার ঘরের প্রদীপের আলোয়, আমাকে ফেলে দিও না বাসি ফুলের মত। মনের ঘরেই রেখো বন্ধু পথের ধারের ফুলটি ভেবে। আমি যে জলসাঘরে ...www.jolsaghor.com/author/sharmabangla

রাগ শিবরঞ্জনী
০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩১
শিবরঞ্জনী- নামটি হয়তো শুনে থাকবেন। শ্রীকান্ত আচার্যের একটি গানে এই শিবরঞ্জনী শব্দের উল্লেখ আছে। শিবরঞ্জনী শাস্ত্রীয় সংগীতের একটি রাগ। শাস্ত্রীয় সংগীতের চেয়ে চিত্রজগতে এই রাগ বেশি জনপ্রিয়। আগে এই রাগ নিয়ে কিছু বলে নেই। পরে বিনোদন জগতের দিকে আসছি।এই রাগের দুটি শাস্ত্রীয় স্স্কেল রয়েছে- হিন্দুস্থানী (উত্তর ভারতীয় শাস্ত্রী সংগীত যার আওতায় ভারতের উত্তরাঞ্চল, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল পড়ে) স্কেল এবং কর্ণাটিক স্কেল(দক্ষিণ ভারতীয়)। হিন্দুস্থানী স্কেল অনুসারে শিবরঞ্জনী একটি পঞ্চস্বরী রাগ। কর্ণাটিক স্কেল অনুসারে এটি একটি সম্পূর্ণ রাগ বা সপ্তস্বরী রাগ। (স্বর বলতে এখানে সরগমকে বুঝানো হয়েছে)
হিন্দুস্থানী স্কেলের শিবরঞ্জনী রাগ খাফি থাটের অন্তর্গত (থাট হচ্ছে শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন ভাব বা মুড)। যেকোন রাগের ক্ষেত্রে আরোহন এবং অবরোহন থাকে। গান শেখার শুরুতে সরগম রেওয়াজ করার সময় শুনে থাকবেন এই আরোহন-অবরোহন। যেমনঃ স র গ ম প ধ ন স হচ্ছে আরোহন। স ন ধ প ম গ র স হচ্ছে অবরোহন।
শিবরঞ্জনী রাগের আরোহন হচ্ছেঃ স র গ(কোমল) প ধ স
অবরোহনঃ স ধ প গ(কোমল) র স
সরগমে কোমল গ এর উপস্থিতি এই রাগে একটি করুণ ভাবের সৃষ্টি করে। এই কোমল গ এর কারণে রাগটি খাফি থাটের অন্তর্গত। ঠিক অনুরূপ আরেকটি গ্লোভাল মিউজিক স্কেল রয়েছে যাকে ভুপ বলা হয়, সেখানে কোমল গ এর পরিবর্তে শুদ্ধ গ ব্যবহৃত হয়। দিন বা রাত্রির বিভিন্ন সময় রয়েছে বিভিন্ন রাগের জন্য। কিন্তু শিবরঞ্জনী দিন বা রাতের যেকোন সময় গাওয়া যায়- কোন নির্দিষ্ট সময় নেই। বিনোদনের ভাষায় বলতে গেলে- মনের মাঝে স্যাকামাইসিন এন্টিবায়োটিক পড়লেই এই রাগ জেগে উঠবে।
এবার আসি বিনোদন জগতের দিকে। এই রাগ করুণ রসের(নাট্য শাস্ত্রের ‘রস’নিয়ে পরবর্তিতে আলোচনা করবো) নিয়ে সৃষ্টি করে। তাই ছায়াছবিতে বিরহ বিতাড়িত দৃশ্যে গান বা নেপথ্য সংগীতে এই রাগের ব্যবহার হয়। শাস্ত্রীয় ধারায় এই রাগ তেমন ব্যবহার হয় না। হিন্দি ছায়াছবি এমনকি বাংলা ছায়াছবিতেও এই রাগের ব্যবহার হয় জেনে বা না জেনে। এই রাগের বিবরণ শুনে আমি একটু ফ্লাশব্যাক করলাম আর তার প্রমান খুঁজে পেলাম। বাংলা ছায়াছবি এবং নাটকে এর অনেক ব্যবহার করা হয়- আমরা সেই সুর ধারার সাথে পরিচিত কিন্তু নাম জানি না। বাংলা ছায়াছবির কোন নায়িকার ক্রন্দন দৃশ্যের কথা মনে করুন তো। আচ্ছা কান্নার কথা উঠলে কার নাম আগে আসে? আমার কাছে শাবানা নামটি আসে। আহা রে- মহতরমা কান্নার জন্য এক্সপার্ট। কাঁদতে কাঁদতে মনে হয় উনি চোখের পানি টিভির বাইরে বের করে দেবেন। আগের নায়িকাসহ বর্তমানের শাবনূর, মৌসুমীও কিন্তু বাদ নেই। সব নায়িকার নামই নেওয়া যায়- ইনাদের ছায়াছবি দেখে একটু অভিজ্ঞতা হয়েছিল তাই বললাম। এ তো গেল নায়িকাদের সমাচার। নায়কদের দৃশ্যেও কিন্তু আসে। বাংলা মদের বোতল হাতে কলিজার ব্যথায় আর্তনাদ করা নায়কের গানে বা সংলাপের নেপথ্যে বেজে যাওয়া যন্ত সংগীতেও এই রাগের উপস্থিতি রয়েছে। বাংলা নাটকেও আছে, বিশেষ করে রবি ঠাকুর বা কাজী নজরুলের নাটকে শুনা যায়। অন্য নাটকেও ব্যবহৃত হয়। তাছাড়া সংগীত জগতেও এর ব্যবহার রয়েছে- আধুনিক সংগীত হোক আর ছায়াছবির গান হোক। উদাহরণ দিলে বুঝতে পারবেন। বিরহের গান যেগুলোকে আমরা স্যাকামাইসিন সংগীত বলি- এই ধারাতে এই রাগের উপস্থিতি রয়েছে। মনির খান থেকে ধরে এসডি রুবেল, বাদশাহ বুলবুল প্রমুখ- কেউ বাদ নেই। আরেকটি কথা বলে নেওয়া ভাল- শুধু যে এই রাগ দিয়েই এসব গান হচ্ছে তা নয়, অন্য রাগও আছে- আমি শুধু বলতে চাচ্ছি এসব গানে বা দৃশ্যে শিবরঞ্জনীর উপস্থিতি আছে।
শিবরঞ্জনী রাগের উপর বেশ কিছু ভিডিও দেখলাম। এই রাগের উপর ভিত্তি করে তৈরি অনেক গানই কিন্তু জনপ্রিয়। যেমনঃ “মেরা নাম জোকার” ছায়াছবিতে মুকেশজীর গাওয়া “কাহা গয়ে বো দিন” গানটি ব্যাপক হিট হয়েছিল। “জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যা” ছায়াছবির “ও বাসন্তি পবন পাগল”; “সঙ্গম” ছায়াছবির “ও মেরে সনম” গানে এই রাগের ব্যবহার হয়েছে। বাংলা ছায়াছবির গানেও এর ব্যাপক ব্যবহার আছে। উদাহরণ দিচ্ছি না কারণ আমি বিশারদ নই এ ব্যাপারে, আর এ ব্যাপারে কোন তথ্য কোন বাংলা ছায়াছবির সংগীত পরিচালক বা সংগীতজ্ঞরা দেননি- তবে আমি ক্ষুদ্রজ্ঞানে এই রাগের উপস্থিতি লক্ষ্য করেছি।
নিচে কিছু ভিডিও যুক্ত করে দেওয়া হলোঃ
প্রসাদ ভান্ডারকরের বাঁশীর সাথে শিবরঞ্জনী রাগের বর্ণনা
প্রসাদ ভান্ডারকরের বাঁশীতে মন পাগল করা শিবরঞ্জনী রাগ, তবলায় ডঃ সুদর্শন সিদ্ধায়ে
আফগান গায়ক মাসৌদ ওয়াফার কন্ঠে মুখেশজীর গাওয়া "জানে কাহা গয়ে বো দিন"
বেহালার সাথে শিবরঞ্জনী। সিনেমার নেপথ্য সংগীতে শিবরঞ্জনীর উপস্থিতি বুঝতে পারবেন এখান থেকে।
শিবরঞ্জনী ধুন; Dhun in Shivaranjani rag,deepcandi tal,composed by Hariprasadji,named Exuberance,Bernardas Janauskas on Tabla
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রুহু্ননবী বলেছেন:
প্রিয় তে + + এরকম আর ও চাই
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
মুয়ীয মাহফুজ বলেছেন:
শোকেস।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













