আমি অন্য রকম হতে চেয়েছিলাম, অন্য মানুষ।
ড্রয়িং রুমের মতো একটা জীবন, সাজানো গোছানো পরিপাটি
ভালোবাসায় ধনী অর্থ বিত্তে বিত্তবান।
চারপাশে সুখের ছড়াছড়িতে আমি গড়তে চেয়েছিলাম
জীবনের দেয়াল আমার।
আমি অন্যরকম মানুষ হতে চেয়েছিলাম, অন্য মানুষ।
চেয়েছিলাম পিতা, মাতা, স্ত্রী, একটা শোবার ঘর
এক চিলতে উঠোন, একটা ছোট্র শিশু।
আমি অন্যরকম হতে চেয়েছিলাম, অন্য মানুষ।
অন্য সবার মতো নিয়মের ফ্রেমে নস্থায়ী জীবন
সকাল সন্ধ্যা অফিস করা, সন্ধ্যায় পরিচিত বন্ধুর সাথে চায়ের আড্ডা,
গভীর রাতে একান্ত নারীর উষ্ণ সান্নিধ্য, নরম বিছানা।
আমি অন্যরকম হতে চেয়েছিলাম, অন্য মানুষ।
পার্কে, রেঁস্তরায় গা ঘেঁষা নারী, পরিচিত পারফিউম
একা ঘরে ওষ্ঠে অধর রেখে পরিশ্রমে কান্ত দেহে ভালোবাসার রিনিঝিনি।
আমি অন্যরকম হতে চেয়েছিলাম, অন্য মানুষ।
গভীর রাতে পরিচিত বন্ধুর সাথে দীর্ঘমিয়াদী টেলিফোন সংলাপ
চায়ের টেবিলে রাজনীতির ঝড়,
নাইট শোতে এক টিকেটে দুই ছবি,
সদ্য বিবাহিত বন্ধু পত্নীর কুশল
উপরি আয়ের ধান্দা।
আমি অন্যরকম হতে চেয়েছিলাম, অন্য মানুষ।
হওয়া হলোনা!
এখন প্রত্যাশায় প্রাপ্তির অনুযোগ
বিশ্বাসে অবিশ্বাসের সংশয়
আর মিথ্যে প্রনয়ের হাস্যলাসে
উড়নচন্ডী জীবন আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


