জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে আনা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ফেরত দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চার্জশিটকে ‘আগোছালো ও অসঙ্গতিপূর্ণ’ উল্লেখ করে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল আজ সোমবার আগামী ৫ জানুয়ারি যথাযথ নিয়মে তা আবার জমা দেয়ার নির্দেশ দিয়েছে।
চার্জশিট ফেরত দেয়ার পর অধ্যাপক গোলাম আযমের আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেছেন, ‘তারা ৪০ বছর পর অভিযোগগুলো নিয়ে দুই বছর ধরে অবিরাম কাজ করে চার্জশিট দিয়েছে। আদালত বলেছেন, অভিযোগগুলো আগোছালো ও অসঙ্গতিপূর্ণ। এর মাধ্যমে প্রমাণ হয়, অভিযোগ বানানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
গত ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে ৫২টি ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতারের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরদিন রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করে। ১৩ ডিসেম্বর তার আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক অভিযোগ আমলে না নেয়ার আবেদন জানান।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয়ার রায়ের দিন ধার্য ছিল আজ।
গত ৩১ অক্টোবর অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে ৩৬০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন এবং আনুষঙ্গিক নথিপত্র রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কাছে জমা দেয়া হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



