নারীর ক্ষমতায়নে অবদান রাখায় যুক্তরাষ্ট্রের সাময়িকী 'গ্ল্যামার'র বিচারে বর্ষসেরা নারী মনোনীত হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের ১৭ জন ২০১০ সালের জন্য এ মনোনয়ন পেয়েছেন, যারা সবাই রাষ্ট্র কিংবা সরকার প্রধান। গ্ল্যামার সাময়িকীর ওয়েবসাইটে মঙ্গলবার এ খবর প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে এ সাময়িকী ২৪ লাখ কপি বিক্রি হয়। গত ২০ বছর ধরে বর্ষসেরা নারী নির্বাচন করে আসছে গ্ল্যামার। এ বছর মনোনীত সবাইকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেন, "দেশের শীর্ষ ক্ষমতায় গিয়ে নারীরা এখন নিজেদের আদর্শ হিসেবে গড়ে তুলছেন। এ নারী নেতৃত্বই ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা।"
এ বছর উইমেন অব দ্য ইয়ার পুরস্কারে মনোনীত অন্যদের মধ্যে রয়েছেন- জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দ্য কির্চনার, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ, লিথুনিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রেবুস্কিটে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ইভেটা রেডিকোভা, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা চিনচিলা, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জোহানা সিগুরকারডোটির, কিরগিজস্তানের প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভা, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী টারজা হ্যালোনেন এবং মারি জোহানা কিভিনিয়েমি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, বসনিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট বোরজানা ক্রিস্টো।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উদ্ধৃতি দিয়ে ওয়েবসাইটটি জানিয়েছে, "খুব বেশি আগে নয়, বিশ্বের সব দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের প্রায় সবাই পুরুষ ছিলো। আমাদের যে কোনো ধরনের সমস্যা, তা জলবায়ু পরিবর্তন বা মধ্যপ্রাচ্য সঙ্কট, যাই হোক না কেনো তার সমাধানে নারী নেতৃত্ব একটি নতুন মাত্রা নিয়ে এসেছে।" শেখ হাসিনা ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে এসেছেন। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে ছাত্রজীবনেই রাজনৈতিক অঙ্গনে পা রাখেন হাসিনা। তবে বাবা-মাসহ পরিবারের প্রায় সবাইকে হারানোর পর আওয়ামী লীগের হাল ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শেখ হাসিনার জন্ম। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি নেন তিনি। এর আগে ইডেন কলেজে পড়ার সময় ওই কলেজ ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন হাসিনা। বিশ্ববিদ্যালয় পড়াকালীন রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

