শুন্য,
অশুচি কোন গ্রন্থের কীট যেন আমি এক এখন।
নিয়ত জীবনরসে নিচ্ছি অশুচি নিঃশ্বাস।
পরমায়ু জুড়ে অসুস্থ জীবনাদর্শন,
মেঘ নেই কোন শ্রাবণের এই ক্লীষ্ট বৈশাখে।
এ দহতাপে জল নেই
জলাশয় যেন দ্বিজ কল্পনা।
যেন আমি মৃত্যূপ্রহর গোনা শতবর্ষী ফিনিক্স
পর্দা নামতেই চোখে ছাই হবো;
হবো অঙ্গার ধূলোকীট সমূদয়;
যেন প্রশ্বাসে পাপ পুষি
পুষি বুকের খাঁচায় দগদগে পুঁজ ঢিপি সুউচ্চ;
চোখ খুবলে নিয়েছে ক্ষিপ্র বাজের নখর; তাই
থিকথিকে আঁধার নিয়েছে অধিকার
এ মরাপ্রান্ত জুড়ে বড্ড বেতকাঁটা
জ্বালাচ্ছে আটপ্রহর পুষ্পতৃষ্ণা।
নষ্ট জীবগন্ধ স্নায়ুতে
স্পর্শে ফুঁসে উঠে সরীসৃপ গরল পিপাসা।
পুঁতিগন্ধ কামনা ভাঁজে ভাঁজে; শরীরের রেখায়
আদিগন্ত জীবন জুড়ে সপ্ত নরক যন্ত্রণা।
শুণ্য ,
আমার এখন এই মতো
বিভৎস নির্যাস পিয়ে দুঃস্বপ্নে জেগে থাকা;
জেগে থাকা
ক্লেদে ভুলে অগ্নিতে
ভ্রষ্ট আয়ুতে...
তুমি ভিন্ন এক শতাব্দি অংগার প্রহরে...
৩১/০১/২০০৬
(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত
L'Amitie, 1908
by Pablo Picasso)
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১০ রাত ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




