"আমার শুণ্য",
পারিজাত বিহঙ্গ মোর,
এ ঋতু জানতো তুমি ফিরবে,
জানতো লক্ষী আকাশের চাঁদ
জামবনের কোমল ছায়া
স্বচ্ছ কীর্তিনাশার জল জানতো তুমি ফিরবে।
শুণ্য,
অগ্রহায়ণ শেষ হয়ে গেলে
নাড়া পোড়ানো মাঠ দেখেছো কখনও?
কিংবা অনেক ঝড় জল শান্ত হলে নীড়ভাঙ্গা পাখি?
দেখেছো তেমন সন্ধ্যা
যখন রোদ নিভে যায় কান্নার মতো করে?
পৃথিবীতে প্রাণের আয়ু বড্ড কম,
তারো ঢের কম মানুষের-
এক বসন্তে ফুলপাতায় ভরে উঠবার আগেই আমাদের ছুঁয়ে ফেলে কালবৈশাখ।
অকাল বরষায় আমাদের দুকূল প্লাবিত হয়
ধমনীতে অস্থিরতা জন্ম লয় যেন ঘুন পোকা।
একথা তুমি ও জানতে
জানতে কাছে থাকার সময় আশ্চর্য কম,
তবু তুমি
গ্রীবা উঁচু করে
তাকিয়েছিলে সীমান্ত ওপারে,
বুঝি ওখানে জল ছিল - কোমল, দীর্ঘায়ু?
ছিলো হাতছানি
যেমন নির্জন জোৎস্নায় ঘুঘু উড়ে গেলে
মায়াবী আদর লেগে থাকে ডালে?
হায় মিষ্টি জোনাকি,
অমন তাই বুঝি চলে যাবার আগে
মুছে যেতে হয় আলোর রেখা?
অথচ সুবাসী রোদ্দুর জানতো তুমি ফিরবে
জানতো জুঁইয়ে জমা টলটলে শিশির
গোধূলী-ঝলসানো বেথুন প্রতিটি বাতাস ছোঁয়ায়
একথা গেয়ে গেছে শতমুখে।
কতটা পথ পেরুনো গেলো এক জনমে?
কত গুলো প্রহর?
ঝরে যেতে দেখেছো কত সভ্যতা?
রাজা এলো
ইতিহাস পিছু নিলো কত সম্রাটের!
কত জ্ঞান রূপ নিলো কুসংস্কারে,
বিস্তৃর্ণ কলরব হয়ে গেলো মৃত বালিয়াড়ি।
তবু আমি জানতাম , তুমি ফিরবে
তোমাকে ফিরতে হতোই
এ ফেরা অমোঘ ছিলো,
শুধু তুমি জানতেনা।
তেমন করে কে আর বিশ্বাসী বলো বৃত্তে?
একদিন জ্বলা শেষ হলে
কে বল মনে রাখে মৃত নক্ষত্রছোঁয়া।
কিংবা যে নদী জমে যায়
পাথরে বেঁধে যায় স্রোত- সাগর
কবে আর রাখে তার খোঁজ?
পাঁচশ কোটি বছর নিংড়ে
পৃথিবী জানে এসব সত্য,
তবু এ গ্রহের সবগুলো বালিহাঁস
আর নদী আর অরণ্য জানতো
তুমি ফিরবে-
নিয়তির মতো নির্দিষ্ট ছকে
সম্মোহিত রুনুঝুনু পা ফেলে
ফিরতে তোমাকে হতোই,
কেননা, যে আজন্ম নাস্তিক
তোমাকে ফেরানোর সাধনায়
একরোখা বিশ্বাসী হয়েছিলে পরজন্মে,
তুমি কি করে এড়াতে মারনমন্ত্রবাণ?
ভালোবাসলে যে ফিরতে হয়
শুধু যে চলে যায় - সে ছাড়া
সবাই জানে , দিন রাত্রির চেয়ে
ঢের সত্য নিয়মে।।
২২/১২/২০০৪
ফসিল
লক্ষ বছর পর আচমকা
পাহাড়ের খাঁজ হতে
গ্রীবা উচুঁ করে দাঁড়ায় যে অতীত,
তাকে আমরা "ফেরা" বলিনা
বলি - "ফসিল"।।
২২/১২/২০০৪
(...আজ হঠাৎ পুরনো ডায়রীর পাতা উল্টানোর অবসর পাওয়া গেলো , আর চোখে পড়লো ছয় বছর আগের এ কবিতা , সাথে পাদটীকা অনুকবিতাটি। কোনরকম এডিট ছাড়া দিয়ে দেয়া গেলো, থাক কাঁচা বয়সের আবেগ কিছু অবিকৃত।
প্রতিদিন দেখি জটিল হয়ে যাচ্ছে চারপাশ এবং যাচ্ছি। তার ছায়া পড়ছে কবিতায়, লেখায়।
জটিল হতে ইচ্ছে করেনা ...)
(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত
Old Age, Adolescence, Infancy (The Three Ages) ,1940
by Salvador Dali)
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১০ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




