মা(সুমন প্রবাহনের কবিতা;কাব্যগ্রন্থ: পতন ও প্রার্থনা)
সাদা বক ওড়ে সাত আকাশের বাঁকে
দুধ-ভাত
হোগলা পাতার মাদুরে
মা যদি ডাকে।
সেদিন ছিল শুক্রবার,২৪শে আগস্ট,২০০১। আপু ছাড়া আমরা সবাই বাসায় ছিলাম;আমি(তসলিম),সুমন,বাবা,মা সবাই।আপু তখন ফরিদপুর থাকত।সকাল থেকেই মা ছিলো স্বাভাবিক মেজাজে হাসিখুসি এবং পুরোপুরি সুস্থ। ১১টার সময়ে আমি পাকঘরে ঢুকে মা'র সাথে গল্প করছিলাম,তখন আমার এক বন্ধু ফোন করে আড্ডা দেয়ার জন্য ধানমন্ডি লেকের ঘাটে যেতে বলল। মা শুনে বলে: দাড়া তাড়াতাড়ি রেধে দেই , খেয়ে যা। আমি যা রাঁধা ছিলো তাই খেয়ে ১২টায় নেমে যাই। একটা অনুস্ঠান ছিলো বলে বাবাও সেখানে চলে যায়।মা সাধারনত এগুলো এড়িয়ে চলত। বিকেলে সুমন ঘাটে এসে আমাকে জড়িয়ে ধরে চীৎকার করে শুধু কাদঁতে থাকে কিছুই বলতে পারে না ওর সাথে মিরাজ(কাজিন) ছিলো সে আমাকে জানায় বাসায় চল।আমি সুমনকে জড়িয়ে ধরে মিরাজের দিকে তাকিয়ে থাকি।ও বলে, খালাম্মা নেই।আমার কোনো বোধ ছিল না শুধু সুমনকে ধরে বাসায় ফিরি।
মা জোহরের নামাজ পরে জায়নামাযে বসে ওজীফা পড়ছিলো ,ওটা বুকে নিয়ে জায়নামাযের উপরেই মারা যান।
মা ছিলো আমাদের সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু । বাবা বাইরে থাকতেন বলে মাকে ঘিরেই ছিলো আমাদের জীবন। মা'র মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য সত্য হলেও পুরো ব্যাপারটা সুমনের সামনে ঘটেছিলো যা পরবর্তীতে ওকে মানসিকভাবে প্রচন্ড আঘাত করেছিলো।
কষ্টকে আসলে প্রকাশ করা যায়না শুধু বলা যায় হয়তো। মা'র এর আগের প্রতিটা মৃত্যুদিন আমি আর সুমন দুজনে একসাথে পালন করতাম, এবার একা। আমি দীর্ঘ সাত বছর প্রতিমাসেই দু'একবার মাকে স্বপ্নে দেখি।দেখি মা ফিরে এসেছে,আমি জিজ্ঞেস করি আর যাবা নাতো ? মা বলে : না।কিছুদিন যাবৎ এখন দুজনকে দেখি । সেদিন সুমনকে বললাম , দ্যাখ তোর বই ; দেখে কি যে খুশী হলো।ঘুম ভেঙ্গে গেলে আবার একা।
আমি হয়তো দুজনকেই এই পৃথিবীতে যেরকম ছিলো সেরকম দেখতে চাই তাই দুজনই স্বপ্নে আমার কাছে এভাবেই ধরা দেয়। আমার মৃত্যু পর্যন্ত হয়তো এই স্বপ্নই দেখে যাব।
আমার মায়ের জন্য এবং সুমনের জন্য সবাই দোয়া করবেন।
পতন
সুমন প্রবাহনের কবিতা;কাব্যগ্রন্থ: পতন ও প্রার্থনা
ভূতগ্রস্থ মহাশূন্যে ঝাঁপিয়ে মেলেদি দু'হাত
শুনশান পতন নামে অস্তিত্বের চরাচরে
পতন ডানার এ ঝাঁপে হারিয়ে ফেলি সময়
বুকের ভিতর ওৎ পাতে সময়হীন মহাকাল
স্থানিকতা শূন্য এ যাত্রায়,
যা দেখি সেখানে চোখ নয়
যেখানে চোখ সেখানে দৃষ্টি নয়।
সমাধিস্থ আত্মার পর্দা ছিঁড়ে তাকালে,
পৃথিবী নামে
ঘরে কবরের দাগ
ঝোড়ো কাকের মড়ক সংসারে
কোথায় আমি!
জানি না, জানার নেই।
অন্ধকার রাতে নিজস্ব নত্রের পাহারায়
অনেক চেনা কবরের অচেনা অন্ধকারে
কংকালের গলা জড়িয়ে ধরি
মা, আমার গায়ে খুব জ্বর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

