কম পরিবেশ দূষণ এবং স্বল্প জ্বালানি ব্যবহার করে অধিক যাত্রী ও মালামাল পরিবহনে বিশ্বব্যাপী রেলের সুনাম ও গ্রহণ যোগ্যতা রয়েছে। আর এ বিষয়গুলো বিবেচনায় পৃথিবীর বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থায় রেলকে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। কিন্তু আমাদের দেশে বিরাজ করছে তার বিপরীত অবস্থা। অদূরদশী পরিকল্পনার কারণে রেল যোগাযোগ ব্যবস্থাকে সংকুচিত এবং সড়ক যোগাযোগ ব্যবস্থাকে বৃদ্ধি করা হয়েছে। যা দেশের অর্থনীতি ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে।
বিশ্বব্যাপী জ্বালানী একটি বড় চ্যালেঞ্জ। গবেষকদের মতে আগামী দিনে এ সংকট আরো অব্যাহতভাবে বৃদ্ধি পাবে। জ্বালানির এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের এখনই পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বর্তমানে বিশ্ববাজারে জ্বালানীর মূল্য কিছূটা কমলেও কিছু দিন পূর্বেও আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ছিল প্রায় ১৫০ ডলার হয়েছে। বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ সরকার ইতিমধ্যে কয়েক দফা তেলের মূল্য বৃদ্ধি করেছে। তথাপিও ভর্তূকি প্রদান করার কারণে রাজস্ব ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে আমদানীকৃত তেলের একটি বড় অংশ সড়ক পরিবহণ নির্ভর যাতায়াত ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে। জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে মালামাল এবং যাত্রী পরিবহন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। মালামাল ও যাতায়াত খরচ বৃদ্ধির প্রেক্ষিতে মানুষের জীবন যাত্রা অসহনীয় হয়ে পড়ছে।
বিগত সময়গুলোতে দাতাদের (ঋণ বানিজিক প্রতিষ্ঠান) পরামর্শে যাতায়াত ব্যবস্থায় সড়ক যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার প্রদানের ফলে সড়ক ব্যবস্থাপনার খরচের পাশাপাশি যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সড়কে যানজট বৃদ্ধির ফলে পরিবেশ দূষণ, দূর্ঘটনাসহ নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ক্রমগতভাবে নতুন নতুন সড়ক বৃদ্ধি পাওয়ায় কৃষি জমি হ্রাস পাচ্ছে, সড়ক পথের ব্রিজ ও কালভার্টের কারণে নৌ-যোগাযোগ ব্যহত এবং জলাবদ্ধতা বৃদ্ধি হচ্ছে। নদী মাত্রিক বাংলাদেশের নৌ-পথ ধ্বংস হওয়ার পিছনে অনেকেই অপরিকল্পিত সড়ক তৈরি বিষয়টিকে কারণ হিসেবে চিহ্নিত করে থাকেন। অপর দিকে রেল যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হলে স্বল্প জায়গায় কম জ্বালানি ও পরিবেশ দুষণ করে অধিক যাত্রী ও মালামাল পরিবহন সম্ভব হতো। ভবিষ্যতে জ্বালানী সংকট মোকাবেলা, কৃষি জমি রক্ষা, পরিবেশ দূষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রধান্য দিয়ে যাতায়াত ব্যবস্থায় রেলকে অগ্রাধিকার প্রদান করা প্রয়োজন।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৯ দুপুর ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



