সেদিন একটা সকাল এসে আমাকে অনেক কথা বলে গেলো। আমি ঠিক তার কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। দোর খুলে দেখি তার সারা গায়ে রোদ। মাথায় আশ্বিনের সাদাকালো এলোকেশী মেঘ। একটা লালচে টিপ পূবের কপোলে। সবুজ আঁচলে কেমন চিকচিকে একটা ঝলক। তার প্রশান্ত গলার স্বরে কচি কচি পাখির কিচির মিচির, কল ছল ছল জলের টংকার, ঝিরি ঝিরি একটা বাতাস, সব মিলয়েই সে বললো-একদিন ঠিক আমি ফিরে আসবো এমন একটা সকাল নিয়ে যেদিন সব থালায় ভাত থাকবে। বাগানে বাগানে ফুল থাকবে, কন্ঠে কন্ঠে গান থাকবে, গলায় গলায় ভাব থাকবে। জলে জলে মাছ থাকবে, ছলাৎ ছল নদী থাকবে, মেঘে মেঘে আকাশ থাকবে, গলে গলে কুয়াশা পড়বে, ঝরে ঝরে বৃষ্টি নামবে, থরে থরে সবুজ থাকবে, মাঠে মাঠে ধান থাকবে, রাখাল বাঁশির গান থাকবে, ঘরের প্রতি টান থাকবে, অভিমানের ভান থাকবে।
সেই সকাল রোদ মাখা গা নিয়ে আর আমার ঘরে প্রবেশ করে না, অথবা তার রোদের একটুখানি আমার অবিন্যাস্ত দিনের শুরুতে গা এলিয়ে দেয়, কিন্তু সকালটা আর আমার ঘরে ঢোকে না। দোরে দাঁড়িয়েই আমাকে বলে যায়। একদিন আমি ঠিক ফিরে আসবো। তখন মুখে মুখে হাসি থাকবে, বাউল বেলার বাঁশি থাকবে, দাদীর গলায় কাশি থাকবে। সেই সকাল এরপর বোধহয় বলতেই থাকে, রোদ ঝরে পড়ার মতো করেই, উপায়হীনভাবে। এমন কি কখন দুপুর এসে যায়, তবুও আমার দোরে সেই সকাল দাঁড়িয়ে থাকে। তার কালো কালো চুলগুলো সব শাদা হয়ে আসে, তবুও সে দাঁড়িয়েই থাকে আমার চোখে, ঘরের দোরে, কখন এসেছিল সেই ভোরে।
তার আঁচল এরপরে মধ্যগগণে তেজি হয়ে ওঠে। সেই ভোরও কি কিছুটা ঘামতে থাকে তার নাকের কুঞ্চনে। বুঝিনা, আমি তার অবয়ব হারিয়ে ফেলি, তার স্বগত কথনের জালে জাড়িয়ে আমি গভীর কোন রাতের তলদেশ থেকে উঠে আসি, আমোঘ এক টান আসে সেই ভোরের কন্ঠ থেকে, আমি আঁশবিহীন বোয়াল হয়ে উঠি, আমার লেজের ঝাপটায় তন্দ্রবিভুরতা ছিটকে পড়ে রাতের জলে। মনে হতে থাকে, আমার মনে হতে থাকে আর এক প্রস্তর রাতের জল পেরুলেই ভোরের আকাশ।
সেই ভোর চলে গেছে কিনা আমার খেয়াল নাই। আমি এমনকি তার দিকে আর তাকাইও না। কেবল কথায় আটকে থাকি। সেই কথা হয়তো দুপুরের গায়ে গায়েও লেগে থাকে, বাতাসে তার কথাকুঞ্চন জমা হয়, আমি হয়তো কেবল জাবর কেটে যাই বলে সেই সকাল আমার দোর থেকে সরে না। দেখো ঠিক একদিন ফিরে আসবো-সেদিন মাটির তলায় শ্বাস থাকবে, কিশোরী বুকে আশ থাকবে, সুখের বারো মাস থাকবে, শর্ষে ফুলের চাষ থাকবে, পায়ের তলায় ঘাস থাকবে, জল থৈ থৈ হাঁস থাকবে। বলতে বলতে সেই ভোর কি কিছুটা বিষন্ন হয়, আবেগী হয়, মুখে একটু বিষাদ জমা হয় কি তার, জানি না, কেবল একটা প্রতিধ্বনির অনুরণন বেজে চলে-''আর আমার জন্যে, দেখো ঠিক আমার জন্যে একটা তারা জ্বলা উন্মাতাল রাত থাকবে''।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


