বক্কর নিউ ইয়র্কে কোনোরকমে পৌঁছাইয়াছে। আদি কালে লোকজন রেঙ্গুন যাইত, এখন যায় আমেরিকা।
সেই আমেরিকায় বক্কর চাকরী খোঁজে। পায়না। পরদিন আবার কাজের খোঁজে বাহির হয়...আবারো পায়না। শেষে একদিন একখানা ইন্টারভিউ কার্ড পাইলো বটে। কম্পানির নাম ক্ষুদ্রকোমল, ইংরেজিতে মাইক্রোসফট। দুষ্টু লোকেরা বলে উহার প্রতিষ্ঠাতা ব্যাক্তিটি নাকি ঠিক করিয়াছিল বিবাহের পর বাসর ঘরে নবপরীনীতা স্ত্রীটি তাহার বংশবর্ধক অঙ্গটি দেখিয়া প্রথম যে মন্তব্য করিবে, তাহাই সে কোম্পানির নাম হিসাবে চালাইয়া দিবে। সে হইতেই নাকি মাইক্রোসফট নামটির উৎপত্তি। তবে ইহা লইয়া বিতর্ক আছে।
যাহাই হউক, আমাদের নায়কটির নাম বক্কর, আমরা তাহার কাহিনীতেই স্থির থাকি। বক্কর মাইক্রোসফটে ইন্টারভিউ দিতে গেলে তাহাকে একখানি ফর্ম পুরণ করিতে বলা হইল। সে প্রায় সবই পুরণ করিল বটে, কেবল ই-মেইল ঠিকানা আর খান কয়েক বিষয় বাদ দিয়া গেল।
কোম্পনির লোক কহে, কিহে, তোমার ই-মেইল ঠিকানা কই? বক্কর কহে, উহা তো কখনো বানাই নাই। তোমার বিজ্ঞাপনে লেখা ঝাড়ুদারের চাকুরি, তাহাতে আবার ই-মেইল লাগিবে কেন?
কোম্পানির লোকের সাফ জবাব, এইপদ হইবে না। ই-মেইল ব্যতিরেকে কোনো ব্যক্তির এ শতকে বর্ত্তমান থাকা অসম্ভব। তুমি এই জগতে নাই। ইউ ডোন্ট একজিস্ট।
বক্কর আর কি করে... বিরস বদনে বাড়ির পথ ধরিল। ফিরার পথে সে গ্রসারি শপ হইতে খাবার কিনিয়া লইল। তাহার বাসার পাশের ফ্ল্যাটে থাকিতেন এক অলস বুড়ি। বক্কর তাহার জন্যও খাবার কিনিল। ইহাতে তাহার বেশ দু পয়সা লাভ হইত। কারণ বুড়ি দোকানে যাতায়াতের পয়সা সমেত বক্করকে দিতেন।
যাহাই হোক, এইরূপ কিছুদিন চলিল। কিছুদিনের মধ্যেই আশপাশের সব বুড়ির নিকট চাউর হইল যে কিঞ্চিত পয়সা দিলে বক্কর এটা সেটা আনিয়া দেয়। ক্রমে উহাই বক্করের অবলম্বন হইয়া গেল।
দশ বছর পরের কথা।
বক্কর এখন বিলিওনেয়ার। তাহার লজিস্টিক সাপোর্টের ব্যবসা। ফোর্বস না কি এক পত্রিকা আছে, তাহার সাংবাদিক আসিল বক্করের ইন্টারভিউ লইবার জন্য। বক্কর সবিস্তারে কহিল কি ভাবে সে এত বড় হইল।
যাইবার কালে সাংবাদিক কহিল, আপনার ই-মেইল ঠিকানা যদি দিতেন, তবে প্রকাশের আগে আপনার নিকট ইন্টারভিউয়ের একখানি কপি পাঠাইয়া দিতাম, যাহাতে আপনি দেখিয়া দিতে পারিতেন কোনো ভুল থাকিয়া গেল কি না।
বক্কর কহে, আমার তো কোনো ই-মেইল ঠিকানা নাই।
নাই! সাংবাদিক আকাশ থিকা পড়িল। ই-মেইল, ইন্টারনেট ছাড়াই আপনি এই অবস্খায় আসিয়াছেন? আপনি জানেন, যদি ই-মেইল ব্যবহার করিতেন তবে আজ আপনি কোন অবস্থায় থাকিতেন।
বক্কর মুচকি হাসিয়া কহে, বিলক্ষণ জানি, আজ আমি মাইক্রোসফটের ঝাড়ুদার থাকিতাম।
---------------------------------------------------------------------------
ডিসক্লেইমার : ইহা মৌলিক রচনা নহে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



