আমাদের ক্লাসে কালো লম্বা একটি ছেলে ছিল, নাম জন। বাঙালী খ্রিস্টান। ঠোঁটের ওপর মাত্র গোঁফের রেখা গজানোর বয়সেই সে ছিল চেইন স্মেকার। দুপুর ১২টায় ২০ মিনিটের টিফিন। সেই সময়ে কেউ বাস্কেটবল খেলতো, কেউ ক্যান্টিনে গিয়ে ৮ টাকা দামী বার্গার খেতো। জন সোজা চলে যেত কলেজ গেটের বাইরে। সিগারেট ফুকতো। টেরেন্স পিনেরো নিজেও ছিলেন কড়া স্মোকার। নটর ডেমের সবচেয়ে কড়া শিক্ষক ছিলেন এই ব্যক্তি। একদিন টিফিন টাইমে আমরা পরপর কয়েকটি ঘটনা ঘটে যেতে দেখলাম...
টেরেন্স কলেজের মেইন গেটের দিকে যাচ্ছেন, তখন তাকে দেখে জন তার সিগারেটটি ফেলে দিল। টেরেন্স সোজা গিয়ে তার পাশে দাঁড়ালেন।
আমরা ভাবলাম এইবার বুঝি জনের ঝাকড়া চুল মুঠি করে ধরেন। না, সেটা তিনি করলেন না। হাত রাখলেন জনের কাঁধে। তারপর বললেন (আমরা এই কথোপকথন পরে শুনেছিলাম), তুমি কোন ব্র্যান্ডের সিগারেট খাও?
জন তখন হার্টফেল করার অবস্থায়। তোতলাতে তোতলাতে বলল, সরি স্যার, আর করবো না।
টেরেন্স বললেন, ভয়ের কিছু নাই ব্যাটা, কোন ব্র্যান্ড খাচ্ছিলা?
জন বলল, স্যার রেড লিফ।
টেরেন্স বললেন, আমি বেনসন খাই, তোমার চলবে?
জন সোজা টেরেন্সের পায়ে ধরে বলল, স্যার মাফ করে দেন, আর হবে না।
টেরেন্স বললেন, আমি ধরে নিচ্ছি বেনসন তোমার চলবে। এই নাও ধরো। (অথচ, এই লোকই আগের সপ্তাহে বেয়াদবী করার জন্য ক্লাসে বলেছিলেন, "শোন বাবারা, আমার এ জুতা জোড়া ইটালি থেকে কেনা। চামড়া নরম, কিন্তু সোল খুব শক্ত। সায়েন্স টু সেকশনে যে দু একটা বেয়াদপ আছো, কথাগুলো মনে রাখলে ভাল করবা।")
আমরা মাঠ থেকে অবাক হয়ে দেখছি, মি. টেরেনাস পিনেরো জনকে নিজ হাতে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছেন। তারপর ছাত্রের কাঁধে হাত রেখে একটি বেনসন দুজন মিলে ভাগ করে টানলেন।
সিগারেট শেষ হলে জনকে বললেন, শোনো, যে কাজটি বুক চিতিয়ে সবার সামনে করতে পারবা না, সেটা গোপনে করার মধ্যে কোনো ক্রেডিট নাই। বলে তিনি ঢুকে গেলেন কলেজের টিচার্স রুমে।
এটা সম্ভবত সেকেন্ড ইয়ারের ঘটনা। এই ভদ্রলোকের আরেকটি কথা মনে পড়ে। ইন্টার ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাসে বলেছিলেন, দ্যাখো বাবারা, নটর ডেম থেকে পাশ করা ছাত্র ইনটেলে, নাসায় যেমন কাজ করছে, তেমনি নটর ডেমের ছাত্র আন্তঃজেলা ডাকাত-ও আছে। তুমি কি হবা সেটা তোমার বিষয়। আমরা তোমাকে এমন করে গড়ে দিতে চাই যাতে যেখানেই যাও, যেন প্রথম সারিতে থাকো।
কেন কোন কারণে জানি না, এই লোকের কথা আজ খুব মনে পড়ছে। স্যার, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



