হুমায়ূন আহমেদ’এর উপন্যাস ‘মন্দ্রসপ্তক’ নভেম্বর’১৯৯০ সালে প্রথম প্রকাশিত হয়। ৮৫ পৃষ্ঠার উপন্যাস হুমায়ূন আহমেদ তাঁর নিজস্ব স্টাইলেই লিখেছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাহিনী। উপন্যাসের নায়ক টুকু , বয়স ২৪ বছর। উত্তমপুরুষে লিখা গল্পের বর্ণনাকারক টুকু। একান্নবর্তী পরিবারে সমস্যা শুরু হয় যখন টুকু’র ডাক্তার ছোটচাচা একজন নার্সকে দ্বিতীয় বিয়ে করেন। নার্সের আবার ক্লাস থ্রিতে পড়ুয়া একটা মেয়ে আছে - যার নাম লোরেটা। উপন্যাসে অনেকগুলো চরিত্র রয়েছে। তবে মনোযোগ দেয়া যাক তিনটি চরিত্রের প্রতি - টুকু, লোরেটা এবং ভোলাবাবু নামক একজন সন্ন্যাসী।
লোরেটা তার জন্য প্রচন্ড বৈরী পরিবেশে টুকুকে বন্ধু হিসেবে গ্রহন করে এবং দু’জনের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। অনেক ঘটনার মধ্যে দিয়ে নার্সকে শেষ পর্যন্ত টুকুদের বাড়ি ছেড়ে যেতে হয়। কিন্তু পরিস্হিতির শিকার হয়ে লোরেটাকে টুকুর সাথে কিছুদিন থেকে যেতে হয়।
পরবর্তীতে লোরেটাকে তাদের আত্মীয়ের বাড়িতে রেখে আসা হয়।
সেই সময় টুকু ও লোরেটার কথোপকথন:
লোরেটা এবং আমি রিকশা করে যাচ্ছি। আমি বললাম, তোমার কি মন খারাপ?
না।
আমারতো খুব মন খারাপ লাগছে। তোমার কেন লাগছে না লোরেটা? তোমার কি কান্না পাচ্ছে?
হ্যাঁ।
আমি তাকালাম লোরেটার দিকে। লোরেটা দেখল আমার চোখ জলে ভেজা। সে মমতাময়ী নারীর গলায় বলল, আমি যখন বড় হব তখন তোমাকে বিয়ে করব।
আমি বললাম আচ্ছা।… … …(পৃষ্ঠা-৮৪)
শেষ তথা ৮৫ পৃষ্ঠায় সন্ন্যাসীর সাথে টুকুর কথোপকথন:
‘আপনার সম্পর্কে একটা ভবিষ্যৎ বাণী করছি। এই ভবিষ্যৎ বাণীটি হচ্ছে - আপনার জীবন কষ্টে কষ্টে কাটবে।
চমৎকার ভবিষ্যৎ বাণীর জন্য ধন্যবাদ।
‘সতেরো বছর এই রকম কাটবে, তারপর আপনার বিবাহ হবে। যে কন্যাটির সঙ্গে বিবাহ হবে সে বয়সে আপনার চেয়ে খুব কম করে হলেও কুড়ি বছরের ছোট।’
আমি তীক্ষ্ণ চোখে ভোলাবাবুর দিকে তাকালাম।… … …
পাঠক এবারে উপন্যাস থেকে চলে আসুন হুমায়ুন আহমেদ’এর বাস্তব জীবনে। টুকু ও লোরেটার বয়সের হিসেব কষে করলে একটু গোলমাল হবে। আমরা সেই জটিলতায় যাবো না। সরল দৃষ্টিতে দেখা যায়, হুমায়ুন বাস্তবে শাওনকে বিয়ে করেছেন এবং তাদের বয়সের তফাৎ কুড়ি বছরেরও বেশী হবে। হাত দেখে ভবিষ্যৎ গণনার বিষয়ে হুমায়ূন আহমেদ’এর আগ্রহের বিষয়টি তাঁর পাঠক মাত্রই জানেন।
লেখক উপন্যাসে যে ঘটনা বর্ণনা করেছেন তা কি তাঁর বাস্তব জীবন থেকে নেয়া যার পরিণতি তিনি টানেন শাওনকে বিয়ে করার মাধ্যমে !?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

