স্তন-গৌরবে অলস রমণীর উষ্ণ আমন্ত্রণ
আমাকে অনুদ্দিষ্ট ঝাপসা কুয়াশায় নির্বাসিত করে--
শান্তি নয়-- মনে হয় এখানেই মৃত্যু আছে
কামনার বিলোল আবেদনে
মুছে যায় সম্মত ধূপের সুগন্ধী বাতাস
তবু যেতে হয় শবাসনে ডাকিনীর মুণ্ড নাড়াতে--
এ এক আশ্চর্য স্বপ্নপাত
এ এক আশ্চর্য নির্বিবেক পক্ষপাত
তবুও কখনো হৃদয়ের আকস্মিক উন্মোচনে
দুলে ওঠে স্বনিত স্বপ্নেরা
উঁকি দেয় প্রবল উজ্জ্বল আশ্চর্য এক
মাংসহীন বাগান জীবনের প্রয়োজনে--
তখনই ঈশ্বর আর সূর্যের আলো
দাবি করে নিষিদ্ধ পাপের স্খলন
--অথচ ব্যর্থনামা ধৃতরাষ্ট্রের মতো কিছুতেই
চাওয়া হয় না একবিন্দু ক্ষমা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

