এক পূর্ণিমা রাতে চাঁদের দিকে তাকিয়ে শপথ করেছিলাম কখনো দ্বিতীয় পূর্ণিমাটিকে হারাতে দেব না, গলে পড়া জোছনাদের গিলে গিলে খাবো, তারপর আর একটিও চাঁদ দেখা হয়নি পূর্ণিমা রাতে, সব নিয়মতান্ত্রিকতার তন্ত্র-মন্ত্র গিলে ফেলেছি, হয়তো তাই চাঁদটি সব সময়ই অসম্পূর্ণ..
কাল এই হবে,পরশু তাই হবে, তারপরের দিন? হবে হবে অনেক কিছুই হবে! স্বপ্নটা বড্ড সেলিব্রেটি, একটা অটোগ্রাফের উদ্দীপনা হৃদপিন্ড স্পন্দনে স্পন্দনে টের পায়। শপথ নিয়েছিলাম স্বপ্নগুলোকে ব্যাগে ভরে খালে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। প্রতিদিন ব্যাগে ভরি, আর এলোমেলো করি, সাজিয়ে রাখি, খাল খুঁজতে যাওয়া কোন কালেই হয়ে ওঠে না..
ভালোবাসার হাত ধরে, গাল ধরে, আধো আধো বুলি। মনের কপাট খুলি, মনের বেলকনিতে গ্রিল শক্ত করে ধরে দাড়াই, সেখানে সামনে শুধুই সবুজ, দূরে ঐ পাহাড়, মেঘের ভেলায় চুমু খায়। সবকিছুই অবাস্তব, মনের আবার ব্যালকনি! ধুর ছাই! আবার ব্যাগটাকে গুছিয়ে নিলাম এবার ঠিক একটা খাল খুঁজে পাবো।
অভিনয় বাস্তবতা সব নিয়ে অবাস্তব নাট্যমঞ্চ, এর নাম জীবন । সারিন্দা, সারিন্দারে পাগলা সবই সারিন্দা। সব কিছুই গোলমেলে সব জনাই অচেতন, ঘুমের ট্যাবলেট একটা আমারও দরকার, আমি কেন একা জেগে থাকব?? শূন্যতার মানে জানি, একাকিত্ব কি আমি বুঝি, একটা ব্যাগের মায়ায় শুধু টিকে আছি, ঘুমের ট্যাবলেটের অভাবে অচেতন আমি।
প্রশ্নবিদ্ধ অশুদ্ধতা, শুদ্ধতাকে প্রশ্নে প্রশ্নে বিদ্ধ করে! নাজুক শুদ্ধতার দম ভর্তি প্রশ্ন, উত্তর দিতে দিতে ফুরসত আর নেই প্রশ্ন করার। বন্ধুত্ব আর শুদ্ধতা, অশুদ্ধতার ভোলবাজিতে, ডিগবাজি দিছে। বন্ধুত্বের পাশে থেকে শপথ করেছিলাম, কোনদিন বন্ধুতার-শুদ্ধতাকে হার মানতে দেব না। বন্ধুতার শুদ্ধতা হার মানে নি, অশুদ্ধরা করেছে প্রশ্নবিদ্ধ বন্ধুতাকে... একটা ভো-দৌড় দিতে ইচ্ছে করে খুব, মাঠ পাই না, বড্ড হাপিয়ে গেছি। বড্ড বেশি হাপিয়ে গেছি। ব্যাগটি মাথায় নিয়েই ঘুমিয়ে যাই...
কখন যে এতদিনের, এত কষ্টে গোছানো সব আটকে থাকা ব্যাগের স্বপ্নগুলি ঘুমের ঘোরে চুপি চুপি ঘুমের মধ্যে ঢুকে পড়েছে!! পলাতক স্বপ্নগুলোকে খুঁজে খুঁজে, খালি ব্যাগ হাতে খালের পাড়ে বসে আছি...
শপথ করি আর কোনদিন ফুটো ব্যাগ নিয়ে খালের পাড়ে আসবো না।
বড্ড মিথ্যেবাদী আমি!!
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


