আজ ভোরটা কি অসম্ভব সুন্দর ছিল না? কেউ দেখেছেন? মনে হয় না, প্রকৃতির বুঝি কোন বিশেষ আয়োজন ছিল? মনে হয় না, কোন বিশেষ অতিথিকে বরণ করে নেবার জন্যে এত সৌন্দর্য, এত রৌদ্রদীপ্ত সূর্যের আলোকচ্ছটা, এত মৃদুমন্দ বাতাস, এত এত পাখির কলকাকলি, কেন যেন হঠাৎ কালই কর্কশকন্ঠী কাকও চমৎকার স্বরে ডাকছিল। কে জানে? তারা হয়ত সবাই একই কাঠামোর অংশ।
আমরা যাকে আপন করে নিতে পারি নি, তাকে আপন করে নেবার জন্যেই মনে হয় এত সব সংকীর্তন। কোন নিখুঁত, কিংবা পরিপূর্ণ সৌন্দর্যকে আমাদের হাতে তুলে দেয় না প্রকৃতি। কিছু কিছু সুন্দর তার নিজের কাছেই রেখে দেয়। সেগুলোই আমরা মাঝে মাঝে দেখি আর আমাদের জীবনের সার্থকতা অনুভব করি।
তাই তাকে আমাদের কাছে ধরে রাখা সম্ভব হয়না। ঐ শুভক্ষণে সবটুকু খুশি নিংড়ে নিয়ে অজানায় পা বাড়ায় মাত্র ২৩ বছর বয়সী অভিযাত্রী। না, না। সে একা নয়। তার সাথে ছিল যত ফুটে থাকা ফুল, পথ ধুয়ে দিয়েছিল বারিধারা, মাথায় যেন তাপ না লাগে ছায়া হয়ে ছিল মেঘমালা, আর পাখিরা তার একাকিত্ব ঘোচাতে সারা পথ গান শুনিয়েছিল।
তোমার মত আমাদের ও ঈশ্বরের উপর অনেক অভিমান। নীরব অভিমান।
জানি না কত কষ্টই না দিয়ে উনি তোমাকে বিদায় দিয়েছেন। বেঁচে থাকার জন্য পৃথিবীটা এত নোংরা কেন?
ভালো থেকো নাবিলা। যেখানেই থাকো।
[ মনটা অসম্ভব খারাপ। আজ ভৈরবের কাছে সড়ক দুরঘটনায় আমার বন্ধুটি মারা যায়। আর ১ বছর পর নাবিলা M.B.B.S শেষ করে বের হত। নাবিলা চকলেট অনেক পছন্দ করত। আমার আর চকলেট পাঠানো হল না। ]
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১০ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


