আমাদের কেউ কেউ এখনো বেঁচে আছে প্রিয় মনোরম, তাঁরা
এখনো বেঁচে আছে লেলিহান পুর্ণিমা-ভস্মের মতোন, কালরাতে
ফিরতি ট্রেণে এমনই একজনের সাথে হঠাত দেখা, বিভুরঞ্জণ;
আমায় দেখেই বিভু চমকে উঠার মতো চোখ তোলে বললো,
'কি সর্বনাশ! এ তুই কার জীবন যাপন করছিস, বিভু ?' -বলার
ভঙ্গিটা এমন যেন বিভু বুঝি আমারই কোনো পুরনো পরিচিত
আদরের নাম। আমি জানি এত অবাক হওয়ার কিছু নেই, কারণ
আমরা কেউই এখন নিজের জীবন যাপন করছি না আর। তবে
কার জীবন টেনে টেনে নিচ্ছি আমি আজ সাতাশ বছর ? করছি
যাপন কার রঙিন নিবাস? এসবের কিছুই আজ মনে পড়ছে না;
শুধু জানি আমি আর মৃত্যু, আমরা দুজন মিলে সই কবে একদিন
একসাথে মরে গিয়েছিলাম। আমরা দুজন ঠিক জেনে গিয়েছিলাম,
এখন মানুষ আর নিজের জীবন নিজে যাপন করে না। এই যে
আমার স্বরূপকাটি ঝর্ণা-দোলার জীবনশঙ্খবাস, এ-ও আমার
নিজের শখের জীবনখানি না। তবে কার জীবনে ছিলো আমার নিত্যপরবাস? কোন সে আকাশ লিখলো আমার মরণেতিহাস?
আর বিভু ? তবে কি মৃত্যুর কোন প্রাণ নেই? মৃত্যু কি মরে না কখনো?
আসলে আমরা দু'জন, আমি আর মৃত্যু মিলে সেই কবে একসাথে মরে গিয়েছিলাম, আমাদের মৃত্যুর পর কালরাতে এই প্রথম দুজনের মুখোমুখি দেখা হয়েছিলো, ফিরতি ট্রেণে আমি আর মৃত্যু আমরা দুজন। কিন্তু সে বিভু নয় মৃত্যুও নয়, সে মূলত আমি। কাল রাতে ফিরতি ট্রেণে আমার নিজের সাথেই আবার নতুন করে দেখা হয়েছিলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

