শোনাতে পারিনা তাই
শব্দগুলো লিখে রাখি ধ্রুবনীল
বেদনার অক্ষরে
নিদারুণ এক নিশ্চল নীরবতায়।
যে কান্না পারিনি পৌঁছাতে কোনদিন তোমার দরোজায়
আমিতো তাকেই সমুদ্র বানিয়ে
প্রতিদিন অথৈ আধার !
যে কষ্ট পদ্ম হয়ে ফোটে রাত্রিদিন এক নীলজল দিঘীতে আমার
তুমি তার দীর্ঘ সিঁড়ি ছুঁয়ে ছুঁয়ে
কবে আর হাঁটতে আসবে বলো -
এই এক জনমে আবার?
যে দুঃখ রাত্রিদিন গোপন রেখেছি অবিরাম এক অলিন্দে আমার
আমিতো তাকেই বৃষ্টি বানিয়ে
ঝরিয়ে দিয়েছি সারারাত
শহরের প্রতি কোণে !
যে আশীষ রাত্রিদিন অশেষ হয়েছে
তোমার জন্য শুভ চাওয়ায়
আমিতো তাকেই শিউলী বানিয়ে
ছড়িয়ে দিয়েছি উঠোনময়, সমস্ত প্রাঙ্গণে তোমার!
শোনাতে পারিনা তাই
আর্ত চীৎকার সব সুরভিত গোলাপ বানিয়ে ভরে রাখি ফুলদানী
বিষন্ন বাগান ।
বোঝাতে পারিনা তাই
বৃক্ষেরা শুধু বোঝে এই বোধ
কেবল নিসর্গ নিরন্তর বোঝে
তুমি আজ, প্রকৃতই
কতোটা দূরত্বে আমার!
জানাতে পারিনা এক কষ্ট অবিকল, তবু দেখো!
সমস্ত শহর অবশেষে একদিন জেনে যায়
তোমাকে দেখিনা
বহুকাল!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


