মা সেদিন বলছিল,তোর বাবার সাথে সংসার করে কি পেলাম?কখনো আমার জন্য একটা গিফট এনেছে নিজে থেকে?কখনো ভালোবাসি বলেছে?মানুষটার মাঝে একটুও রোমান্টিকতা নেই!
আমি দীর্ঘশ্বাস ফেলি...আমার মা টা এত বোকা কেন?ইচছা করে মা কে বলি,যখন যা চাও তাই পাও বলে বোঝো না...বলতে গিয়েও বলা হয় না।
আমার বাবা,আমার ভালো বাবা টা!হয়তো ভালোবাসা প্রকাশ করতে পারে না,কিন্তু আমি বুঝি,তার মনের অনেক গভীরে ভালোবাসার একটা বিশাল নদী লুকানো আছে-যেটা মা'র চোখে পড়ে না-আমার ও না।
আমার মাইগ্রেনের ওষুধগুলো আমি কখনোই সময়মত খাই না,কি করব,মনেই থাকে না যে!বাবা অফিস থেকে ফোন করে বলে,ওষুধ খেয়েছ?অথচ এই বাবাই কিনা কখনো আমাকে বা আমার আপিকে মা বলে ডাকেননি,জন্মদিনে কেক কেটে বিশাল সারপ্রাইজ গিফট দেননি।
বাবা ম্যারেজ ডে ভুলে গিয়ে আমতা আমতা করেন,কিন্তু বাবাই আমার জোরাজুরিতে লজ্জাবনত মুখে মাকে ম্যারেজ ডে তে বলেন,আজ তোমাকে শাড়ি কিনে দেই,চল!
বাবাকে যখন আইসক্রীম আনতে বলি,তখন রাগ দেখান ঠিকই,কিন্তু অফিস শেষে ক্লান্ত বাবা হাজার দোকান ঘুরে আমার পছন্দের আইসক্রীম হাতে নিয়েই তবে আসেন।মা বলেন,মাসের শেষে এই খরচের কোনো মানে হয়?বাবা কিছু বলেন না,কিন্তু তার মাঝেই যেন অনেক কিছু লুকিয়ে থাকে---আমার তখন ছুটে বাবাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছা করে,তোমাকে অনেক অনেক ভালোবাসি বাবা!কিন্তু বাবার সাথে আমাদের সম্পর্কটা এমন,অনেক কিছু বলতে গিয়েও বলা হয়না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


