সত্যি সেলুকাস !
ডা.সুরাইয়া হেলেন
শীত নেমেছে নগরীতে !
এই নগরীর পথটা শুয়ে আছে হিম হয়ে,
কুকুরটা কুন্ডুলী পাকিয়ে ড্রেনের কাছে জমে আছে,
গুলশান লেকের পানি গুলো ঠান্ডায় স্থির,
বস্তির সামনে ছেঁড়া কাঁথা গায়ে রোদের
জন্য উন্মুখ বসে আছে এখানকারই এক বাসিন্দা !
ছেঁড়া ফাঁড়া টুটা ফুটা গরম কাপড়ে
শীত নিবারণের চেষ্টা করছে ছেলে বুড়ো সকলে,
হি হি করে কাঁপছে!
আর ঐ যে লেক-ভিউ প্রাসাদোপম ট্রিপ্লেক্স,
শীত কুয়াশায় কেমন মায়াবী অচেনা হয়ে উঠেছে,
মনে হয় ধূসর ক্যানভাসে অস্পষ্ট বিমূর্ত এক ছবি!
আর এই বাড়ির ভেতরে সপ্নের মতো সাজানো গোছানো ঘরে,
দুগ্ধ ফেননিভ বিছানায় গা ডুবিয়ে,
নীল সাগরের মতো গরম কম্বল জরিয়ে,
রাজপুত্র আর রাজকন্যারা কানে ইয়ারফোন,
হাতে মোবাইল নিয়ে আড্ডায় রত,
ঘরে রুম হিটার তো জ্বলছেই!
পত্রিকা আর টিভির খবরে দেখা গেছে
এই শীতে শীত বস্ত্রের অভাবে প্রচন্ড ঠান্ডায় জমে,
উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে
অনেক গৃহহীন মানুষের ।
প্রকৃতির খেয়ালের শিকার এই অসহায় মানুষ গুলো !
বস্তিবাসী আর অট্টালিকাবাসী সবাই মানুষ,
তবে একদল প্রকৃতির কাছে পরাজিত,
আরেক দলের কাছে প্রকৃতি পদানত !
একই দেশে কী আকাশ-পাতাল বৈষম্য !
সত্যিই সেলুকাস, কী বিচিত্র এই দেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

