আজকের ভালোবাসার দিনে
তোমার একমাত্র চাওয়া
একগুচ্ছ সতেজ সুবাসিত ফুল
পুষ্পিত হবে আমাদের প্রেমের সৌরভ
পাবে শোভা
তোমার সুরম্য খোঁপায় নয়তো
সুদৃশ্য ফুলদানীতে ছড়াবে সুবাস
করবে ঘোষণা নীরবে প্রেমের মহিমা
ছড়াবে বিশ্বব্যাপী
কালজয়ী প্রেমের অবারিত প্রভা।
আমি প্রাণান্ত ছুটেছি দোকান থেকে দোকানে
নার্সারীতে শপিংমলে
ফুটপাতের জীর্ণ ছাপড়ায়
ব্যবিলনের শূন্য উদ্যান বসরার রাস্তায় রাস্তায়
কাশ্মীর কিংবা কাবুল
গাজা থেকে জাকার্তা
দিল্লী হয়ে চীনের চিমখুয়ায়
তামিলনাড়– তিব্বতের পাহাড় চূড়ায়
অংসান সুকির লৌহ কপাটের অন্তরালে
লালগড়ের রক্তাক্ত উসূল।
কোথাও নেই পবিত্র ফুল
নেই সতেজ সুগন্ধ কোন পাপড়ি
ত্রিশলক্ষ লাশের বিরান বাড়ীতে
ভাষা শহীদদের স্মৃতির মিনারে
নূর হোসেনের নীরব কবরে
তোমার তুচ্ছ চাওয়ায়
ছুটতে ছুটতে বিশ্ব ভ্রমন সারা
এমন কোন মালি নেই ফোটায়
এমন কোন বণিক নেই বিকোয়
প্রেমের সুবাসিত ফুল এই বিশ্ব সরোবরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


