ফরাসি বিমান লিবিয়ায় আক্রমণ করেছে। আজ শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১ টার দিকে এ হামলা চালানো হয়। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।
এর আগে গাদ্দাফি বাহিনীকে প্রতিরোধ করতে লিবিয়ার আকাশে ফরাসি বিমানের মহড়া শুরু হয়। মুয়াম্মার গাদ্দাফির বাহিনী যদি বিদ্রোহীদের বেনগাজির দিকে ঠেলে দেয়, তাহলে লিবিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বিমান হামলা আসন্ন।
আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্স একজন ফরাসি সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, বিমানের মহড়ার মাধ্যমে ফ্রান্স লিবিয়ায় তাদের অবস্থান শক্ত করে নিচ্ছে।
আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ফরাসি বিমানের পাশাপাশি ইতালির একটি বিমান আগে থেকেই লিবিয়ার ওপর নজরদারি করছে।
এর আগে লিবিয়ায় দ্রুততম সময়ের মধ্যে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছিল ফ্রান্স। গতকাল রাতে জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এ কথা বলেছিলেন। আজ প্যারিসে লিবিয়ার বিষয়ে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন ও আরব লিগের নেতারা অংশ নেন।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল জানিয়েছেন, লিবিয়ায় সহিংসতা বন্ধে পুরো বিশ্বশক্তি একত্র হয়েছে। তবে বিমান হামলায় তাঁর দেশ অংশ নিচ্ছে না।
বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেছেন, ‘পশ্চিমা বিমানবাহিনীসহ আরব লিগ সমর্থন করেছে যে বেনগাজিতে গাদ্দাফি বাহিনীকে প্রতিহত করতে এখনই আক্রমণ চালাতে হবে। এ কারণেই আমাদের বিমান বেনগাজিতে বিমান হামলা রোধ করতে প্রস্তুত। এ ক্ষেত্রে আমাদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও আরব লিগও সমর্থন দিয়েছে। গাদ্দাফি বাহিনী যদি এই পদক্ষেপে বাধা দেয়, তাহলে ফরাসি বিমান লিবিয়ায় ট্যাংক হামলার জন্য প্রস্তুত।’
প্যারিসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও বিশ্বের অন্যান্য নেতার সঙ্গে লিবিয়াবিষয়ক শীর্ষ বৈঠক শেষে সারকোজি বলেছেন, ‘আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, সেটা খুবই যৌক্তিক।’
এদিকে অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার পরও বেনগাজিতে আজ হামলা চালিয়েছে গাদ্দাফি বাহিনী। লিবিয়ার বিদ্রোহীদের মুখপাত্র খালিদ আল-সালেহ জানিয়েছেন, ‘পশ্চিম দিক থেকে তারা বেনগাজিতে ঢুকেছে। পশ্চিমা শক্তিগুলো কোথায়? তারা তো বলেছিল, কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালানো হবে।’
বিদ্রোহীদের একজন জানিয়েছেন, বেনগাজিতে আজ একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং বিদ্রোহীদের সদর দপ্তরের কাছে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

