স্বার্থান্বেষী মহল পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদির খান। একই সঙ্গে পাকিস্তান সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।
পাকিস্তানের ৬৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক বিবৃতিতে এসব মন্তব্য করেন কাদির খান। তিনি বলেন, ‘বিশ্বাসঘাতক ও স্বার্থান্বেষী একটি মহল যুক্তরাষ্ট্রের কাছে আমাদের বিক্রি করে দিয়েছে। আমাদের আবারও দাস বানিয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় বিপ্লব।’
কাদির খান বলেন, ‘কয়েকটি দল বিপুল উৎসাহ নিয়ে স্বাধীনতা দিবস পালনের ঘোষণা দিয়েছে। তারা প্রচারের কাজে কোটি কোটি রুপি ব্যয় করছে… আমাদের অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও আত্মবিশ্বাসহীন সরকার এবং তার মিত্ররাও এমন ঘোষণা দিয়েছে। তারা বড় আয়োজন করে শুধু স্বাধীনতা দিবস উদ্যাপন করবে কেন? দেশের দারিদ্র্য ও জনগণের দুর্ভোগও তারা উদ্যাপন করতে পারে!’
কাদির খান বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ক্ষমতায় আসার আগে আমাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চেয়েছিলেন। এ জন্য যুক্তরাষ্ট্রের কাছে অঙ্গীকারও করেছিলেন জারদারি। বিশ্বের বিভিন্ন দেশের গোপন নথি ফাঁস করে দিয়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের কল্যাণে এ কথা এখন সবাই জানেন।’
কাদির খান আরও বলেন, ‘পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিপলস পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত জুলফিকার আলী ভুট্টো আমাকে পরমাণু বোমা তৈরির জন্য নির্বাচিত করেছিলেন। আর তাঁর দলেরই কো-চেয়ারম্যান ও প্রেসিডেন্ট জারদারি আমাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করেন।’
তিনি বলেন, ‘এখন জারদারি নিজেই অসহায় বোধ করছেন। না হলে হাসিমুখেই আমাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতেন।’ কাদির খান বলেন, বিষয়টি নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর নীরবতা লজ্জাজনক। টাইমস অব ইন্ডিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



