ঢাকা, ২০ ডিসেম্বর (শীর্ষ নিউজ ডটকম): দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা এবং পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে হুমকি-ধমকি প্রদানের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন চার দলীয় জোটের নেতা এবং বুদ্ধিজীবীরা। আজ রোববার জোট নেতারা এবং বুদ্ধিজীবীরা আমার দেশ পত্রিকা কার্যালয়ে গিয়ে সম্পাদক ও সাংবাদিকদের প্রতি সমবেদনা জানান। এই হামলার জন্য সরকারি দল আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টির নেতারা বলেন, গণমাধ্যমের
গলা টিপে ধরে ইতিহাসে কেউ রেহাই পায়নি। আমার দেশ-কে আক্রান্ত করেও আওয়ামী লীগের নেতা ও দুই মন্ত্রীসহ সংশ্লিষ্টরা রেহাই পাবে না। তারা সাংবাদিক এবং পত্রিকার সম্পাদকের প্রতি হুমকি ও হামলার প্রতিবাদ জানান। নেতারা আমার দেশ পত্রিকার সাথে সংহতি প্রকাশ করে সকল দুর্যোগে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
গতকাল শনিবার আমার দেশ পত্রিকার সাংবাদিক এম. আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলা এবং পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানকে হুমকির পর আজ চারদলীয় জোট নেতারা আমার দেশ কার্যালয়ে যান। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, জামায়াতের কেন্দ্রীয় নেতা আবদুল কাদের মোল্লা, বিরোধী দলীয় নেত্রীর প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল, জামায়াতের ঢাকা মহানগর সভাপতি রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি হামিদুর রহমান আযাদ এমপি, ডাকসুর সর্বশেষ জিএস খায়রুল কবির খোকন, সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী। এছাড়াও জোট সমর্থিত বুদ্ধিজীবী হিসেবে পরিচিত বিশিষ্ট ব্যক্তিরাও আমার দেশ কার্যালয়ে যান। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মনিরুজ্জামান মিঞা, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ, সাংবাদিক শফিক রেহমান, কবি ও সাংবাদিক ফরহাদ মজহার, প্রফেসর ড. মাহবুব উল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক মাহফুজউল্লাহ, গীতিকার রফিকুজ্জামান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম এ আজিজ, সহকারী মহাসচিব মোদাব্বের হোসেন, কবি আবদুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, যুগ্ম সম্পাদক খুরশীদ আলম প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


