আলোকবর্ষ পথ হেটে হেটে গিয়ে
আনমনে খুজে ফিরি দীপ্তময় সুখ
পেছন ফেরার তাগিদে অজান্তেই
আবিষ্কার করি অতি প্রিয় মুখ,
গ্রামীনহাটের অলিগলি পার হয়ে
মেঠোরাস্তাগুলো প্রিয় হাত ধরে চেনা
স্নেহের মায়াজালে বাধা পড়ে আছে
জানি অগুনিত অশোধিত দেনা।
হয়তো বহুদুরে যাই সময়ের টানে
সঙ্গে পাই অনুপ্রেরণা আর ভালোবাসা
মন থেকে বুঝি,ঢের অনুভব করি
এ যেন দুরে গিয়ে ক্রমশ কাছে আসা।
নাগরিক ব্যস্ততায়,ইটপাথরের হিসাবের
বেড়াজালে প্রিয়তা ভোগে স্মৃতিলীনতায়
তবুও অস্তিত্বে নিয়তই স্পর্শ পাই-
প্রিয়মুখ মিশে আছে নির্ভয়ে প্রেরনায়।
মনে পড়ে না হয়তো প্রতিটি ক্ষণে
ঘুমভাঙ্গা সকাল কি কর্মব্যস্ত দুপুরে
প্রয়োজন আছে কি পৃথককরে মনে করার
অস্তিত্ব বেধেছে যাকে গানের সুরে।
তোমারি দেখানো পথে হেটে যাই বহুদুর
দুরে গিয়ে ফিরি তোমারি প্রেরণার কাছে,
বাবা তোমায় খুবই ভালোবাসি
মুখে বলার আর কি প্রয়োজন আছে ?
বাবা দিবসে বাবাকে আলাদা করে কিছু মনে করিয়ে দেই না আমি। এখনো আমরা ভাবি, আসলে বাবা দিবসটা ঠিক আমাদের জন্য নয়। আমাদের বাবারা আমাদের অস্তিত্বের খব কাছাকাছি। তাদের জন্য প্রতিদিনই অনুভুতি কাজ করে । আলাদা দিনের কোন দরকার নেই। তারপরেও দিবস একটা ডেভলাপ করেছে। বাবা দিবস বলে একটা দিন প্রচলিত আছে। ইন্টারনেটে ফাদার্স ডে সার্চ দিলে অনেক অনেক তথ্য চলে আসে। হয়তো অধিকাংশ রেজাল্টই কর্পোরেট কিছু বিষয়কে বিজ্ঞাপিত করে। তারপরেও বাবার জন্য একটা দিন!
হৃদয়ের সবটুকু অনুভূতি নিয়ে বলতে চাই- পৃথিবীর সকল বাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

