অব্যক্ত আর্তনাদ
একটি মেয়ে শিশু পরিবারে আনন্দের বন্যা বইয়ে জন্মগ্রহণ করলো। দেখতে অবিকল পুতুলের মতো। দেখলেই শুধু আদর করতে ইচ্ছা করে। সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মেছে সে। ওর জন্মের পর আরো কয়েকটি নতুন মুখের আগমন ঘটে। বেড়ে যায় সংসারে ব্যয়। ছোট শিশুটি আস্তে আস্তে বড় হচ্ছে। সে সঙ্গে বাড়ছে তার মানসিক বিড়ম্বনা। তার পড়াশোনার অদম্য ইচ্ছাকে দাবিয়ে দিচ্ছে তার পরিবার। তবুও সে হাল ছাড়ে না, দৃঢ়ভাবে এগিয়ে যায়। এক সময় একটা ভালো রেজাল্ট করে সে স্কুল পাস করে। ভর্তি হতে চায় কলেজে। কিছু করতে চায় দেশের জন্য; কিন্তু বাধা হয়ে দাড়ায় নিষ্ঠুর বাস্তবতা ও পরিবারের অনিচ্ছা। সে মনে মনে নিষ্ঠুর বাস্তবতাকে চ্যালেঞ্জ করে। এভাবে পরিবার থেকে মানসিক যন্ত্রণা, টিউশনি আর পড়াশোনা করে তার দিনগুলো কেটে যায়। দেখতে সুশ্রী বলে ঘন ঘন বিয়ের প্রস্তাব আসে; কিন্তু নানা ভনিতায় তা এড়িয়ে যায়। এভাবে কতোদিন এড়িয়ে যেতে পারবে? কিংবা পাড়ার বখাটেদের কুৎসিত মন্তব্যগুলো শুনে যেতে হবে?
এক সময় একটা ভালো রেজাল্ট করে সে কলেজ পাস করে। এখন সে কি করবে? আরো পড়তে চাইলেও পরিবার রাজি নয়। নিষ্ঠুর বাস্তবতা স্বরূপ মেলে ধরে তার সামনে। অন্ধকারের মধ্যে আশার আলো খুজতে থাকে সে। অনেক কষ্টে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়। কিন্তু এর ব্যয়ভার বহন করার ক্ষমতা তার বা তার পরিবারের নেই। তবুও কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে সে ইউনিভার্সিটি পাস করে। এরপর তাকে হণ্যে হয়ে খুজতে হয় একটি ভালো চাকরি, যার জন্য এতো সংগ্রাম সেই সোনার হরিণ নামক চাকরি আর ধরা দেয় না, উপরন্তু পায় অশুভ ইঙ্গিত। এক অব্যক্ত আর্তনাদে ভেঙে পড়ে তার হৃদয়। এক সময় তার বিয়ে হয়। বিয়ে হলেও ওই পরিবারে তার যথার্থ সম্মান হয় না। সেখানে তার প্রতিভা অমূল্যায়িত। ডুকরে কেদে ওঠে মেয়েটি। তবে কেন এতো কষ্ট করে পড়াশোনা, এতো কষ্ট করে নিজেকে উৎসর্গ করা। কেথায় তার মূল্য?
এভাবে নিদারুণ মানসিক যন্ত্রণা আর আর্তচিৎকারের মধ্য দিয়ে বেড়ে ওঠে অসংখ্য মেয়ে। যাদের কান্না চার দেয়ালের মধ্যেই থেকেই যায়। আর তারা বেচে থাকে মানসিক যন্ত্রণা নিয়ে। তাই অনেক প্রশ্নই জেগে ওঠে যার উত্তর খুজে পাওয়া যায় না। কেন বাবা-মায়েরা তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান না? করতে চাইলেও সহযোগিতা কেন যথাযথভাবে দেয়া হয় না? কেন মেয়েদের চাকরি ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়? আমরা মেয়ে বলে কি মুক্তবিহঙ্গের মতো পাখা মেলার অধিকার নেই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


