সব রাস্তাই শেষপর্যন্ত চলে গেছে রোমের দিকে...
রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে
ফাইনালি, আমরা অনেকেই আর রোমে যেতে পারিনি। যদ্দুর জানি, রাস্তানির্মাণ শ্রমিক, নানান বর্ণের চলাচলকারী মানুষ, অনেক আদার ব্যাপারি অনেক জাহাজের কাপ্তেনও রোমে যেতে পারেনি। তাহলে আমরা কোথায় গেলাম? নেপোলিয়ান কি জানেন, আমরা কোথায় যাচ্ছি?
আমরা যাচ্ছি আরও এক রোমের কাছে, আরও কোনও প্রাচীন নগরীর প্রত্নকোঠার আলোছায়া ভরা দুর্গের দিকে আমরা যাচ্ছি। দিনের অনেক রোদ হারিয়ে ফেলেছি হাঁটতে হাঁটতে, হাঁটতে হাঁটতে দিনান্তময় দুর্গের দিকে যাচ্ছি...যাচ্ছি...সেই দুর্গও একদিনে তৈরি নয়। সেই দুর্গও গড়ে উঠেছে, বেড়ে উঠেছে খিলান-গম্বুজ-বারান্দা-গুপ্ত সুড়ঙ্গ-মনোহর চিলেকোঠায়। ঝেড়ে-কেঁশে বলি: সেই দুর্গ হচ্ছে জীবন্ত, সেই দুর্গ নারী। রাস্তা রোমের দিকে গেলেও, ঘুম থেকে উঠে কিংবা ঘুমের মধ্যেও আমরা সবসময় নারীর দিকেই গিয়েছি এবং যাচ্ছি। এই নারীর জন্ম হয়তো কোনও পাহাড়ি ঝর্নায়...এই নারীই হচ্ছে নদী। এই নারীই হচ্ছে সোনালি ধানের মাঠ, ভারাভারা বেঁচে থাকার রাশিরাশি সম্ভাবনা। এই নারীই হচ্ছে দুর্গ...ফলে, দূর থেকে আমি দুর্গের গম্বুজ-খিলান-দোতলার বারান্দা-চিলেকোঠা দেখতে পাচ্ছি। পর্যটনপ্রিয় মন, এই মন এগিয়ে যায়, দুর্গের ফটকের সামনে দাঁড়াই, হেরি মুগ্ধতায়। এখন ভেতরে ঢুকব? দেখে আসব রত্নখচিত বিছানা-বালিশ-খাট-পালঙ্ক-স্বর্ণ ঘুম সেখানে সত্যি সত্যি আমার মতো বহুরাত না ঘুমিয়ে হেঁটে আসা টুরিস্টের জন্য অপেক্ষা করছে কী না!
ঢুকে পড়ব?
১৭.০৫.২০০৯
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



