(১)
এক ভদ্রলোক ভোরবেলা ধড়মড় করে বিছানা থেকে উঠলেন।
তাঁর স্ত্রীরও ঘুম ভেঙে গেল।
তিনিও ধড়মড়িয়ে উঠে বসে বললেন--কি হলো গো?
--আর বলো না, এখনই একটা দুঃস্বপ্ন দেখলাম।
--কি দেখলে গো?
--দেখলাম আমি বিপত্নীক হয়েছি।
--বালাই ষাট, ঠাকুর, আমার স্বামীর অমন ক্ষতি তুমি করো না, তারচেয়ে আমাকে বিধবা করে দাও, সে-ও অনেক ভালো।
(২)
দেবুবাবুর পাঠশালায় গানের শিক্ষক তার ছাত্রদের বললেন--
এতদিন ধরে আমি তোমাদের সুর-তাল-লয়ের বিষয়ে বিস্তারিত শিখিয়েছি, এখন বলো তো, কোন তাল মানুষের মনে
সবচেয়ে বেশী দাগ কাটে?
সঙ্গীতে স্বর্ণপদক পাওয়া ছাত্র সুজন ঝটপট উত্তর দিলো--
হরতাল গুরুজী।
(৩)
সাঁঝবেলা মেঘ জমে গেল আকাশে।
কড়কড় শব্দে ডাকলো।
বৃষ্টি আরম্ভ হলো।
বারান্দার চৌকিতে বসে আছে দুই বোন।
মেঘের ডাক শুনে ছোটটি বললো--দিদি, বৃষ্টি হবার আগে কড়কড় করে আওয়াজ হয় কেন?
--আরে তা-ও জানিস না, ওই শব্দ করে উপরওলা বলে, আমি বৃষ্টিপাত করতে যাচ্ছি, সবাই নিজের ঘরে চলে যাও।
--তাহলে বিজলী কেন চমকায়?
--এটাও জানিস না, উপরওলা টর্চ মেরে দেখে , কোথায়-কোথায় জল পড়ছে, আর কোথায়-কোথায় পড়েনি।
(৪)
দৌড় প্রতিযোগিতার আসর থেকে সোনার কাপ নিয়ে ছুটতে-ছুটতে বাড়ি ঢুকলো একজন লোক।
তার স্ত্রী খুশি হয়ে বললো--
দৌড় প্রতিযোগিতায় আর ক-জন অংশগ্রহন করেছিল?
হাঁপাতে-হাঁপাতে লোকটি বললো--
মাত্র তিনজন, সবার আগে আমি, তারপর পুলিশ আর সবার পেছনে কাপটার মালিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



