ব্লগের কাউকে খুব ভালো লাগে ।বলা হয় না। এ রকম হয় অনেক বার । আগে যেমন মনে হতো , মরে যাওয়ার আগেই জানিয়ে যাওয়া দরকার ,
তুমি আমায় ছুঁয়েছিলে ক্ষণিক অবসরে
তোমার ছায়া পড়েছিলো আমার মেঘের পরে ।
এখন আর তেমন মনে হয় না । কখনো লগ ইন করাটাই ঝামেলা মনে হয় , কখনো মন জুড়ে থাকে যাপিত জীবনের ক্লান্তিরা । তাই এল্ভিস প্রেসলির ঐ গানটা বার বার সত্যি হয়ে ওঠে , " মে বি আই ডিডন্ট ট্রিট ইউ অ্যাজ গুড অ্যাজ আই শুড হ্যাভ , লিটল থিংগস আই শুড হ্যাভ সেইড অ্যান্ড ডান " । অপরাধ বোধে আক্রান্ত হই মাঝে মাঝে । আবার পরক্ষণেই নিজেকে মাফ করে দেই ,মনে পড়ে যায় ,
" হা ঈশ্বর , আমায় দাও সেই প্রগাঢ় অবিচ্যুতি যেন আমি মেনে নিতে পারি যা কিছু আমি কখনোই পরিবর্তন করার ক্ষমতা অর্জন করবো না , আমাকে দাও অক্ষয় অসীম সাহস যেন আমি পরিবর্তন করি যা কিছু পরিবর্তন করা সম্ভব আর দাও সেই গভীর জ্ঞান যেন আমি এই দুই এর পার্থক্য উপলব্ধি করতে পারি।"
আমি খুব বেশি কিছু করতে পারি না । তাই আমি সামান্যই সাহায্য করার চেষ্টা করতে চাই । আমি খুব বেশি মানুষকে সান্তনা দিতে পারি না । তাই আজকে শুধু শিরোনামহীনকে উদ্দেশ্য করে এই পোস্টটা দিতে চাই ।
আমার জন্ম হয়েছে এমন একটা পরিবারে যেখানে আমাদের সবচেয়ে বড় ও দামী সম্পদ ছিলো আমাদের মেধা আর পরিশ্রম । দিন রাত অক্লান্ত পরিশ্রম । শিরোনামহীনের ইন্টারভিউ আর ইউনিভার্সিটির অবজ্ঞার কাহিনী পড়ে মনে হলো , কিছু একটা বলা দরকার ।
শিরোনামহীন , আমি তো অনেক জ্ঞানের কথা জানি না , আবার শোনা কথায় কোন দিন বিশ্বাস করি না । যা কিছু নিজে করে সত্য বলে প্রমান পেয়েছি , শুধু সেই সব ব্যাপারেই গায়ে পড়ে উপদেশ দিতে যাই । তোমাকেও দেই একটা । নিজের জীবনের শেষ লক্ষ্যটা যদি স্থির করে নিতে পারো , তাহলে এই আঘাত গুলো তেমন আর বড় মনে হবে না । মানুষের খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি হলো , আজকে যা ঘটছে তাকে খুব বড় করে দেখা , আর যা দশ বছর পরে ঘটবে , সেটাকে ছোট করে দেখা । আমি তোমাকে অনুরোধ করবো , সেই দশ বছর পরে তুমি কোথায় থাকতে চাও , সেই জায়গাটাতে চোখ রেখে ঐখানে পৌঁছানোর " অন্য কোন পথ" গুলোর খোঁজ করতে থাকো । কয়েকটা পথ অবশ্যই পেয়ে যাবে ।
কিছু জিনিস মেনে নিতে হবে । আই বি এ কিংবা নর্থ সাউথ ইউনির মেধা বা অমেধারা এই ইঁদুর দৌড়ে একটু সুবিধা নিয়ে শুরু করবে। তাদের সাথে তোমার যে কোন পার্থক্য নেই , থাকলে বরং সেটা " তুমি আরো যোগ্য" - এইটা প্রমান করার দায় তোমার ( এইটা অসুবিধা) , আবার সুযোগটাও তোমার হাতে ( এইটা সুবিধা) ।
চাকরীর আশায় বসে থেকো না । বেশির ভাগ হিউমেন রিসোর্স এর লোক জন গাধা হয় ( বাংলাদেশে , এইটা আমার অভিজ্ঞতা বলে ) । কিন্তু প্রচলিত আই বি এ , নর্থ সাউথ ছাড়া নিবো না এর বাইরেও কিছু রিস্ক টেকার , নচেৎ ডাউন রাইট চামার ( তোমারে কম বেতনে রাখা যাবে তাই) আছে । সেখানে চেষ্টা করতে পারো ।
তবে , প্রশ্ন কর্তারে থাবড় মেরে ( কথায় ) তব্ধা করে নিজের কথা ( ক্রিয়েটিভ আইডিয়া) শোনানোর মত সাহস যদি থাকে তো , একটু জানান দিও । একজনকে ( চামার না , রিস্ক টেকার) বলে দেখতে পারি।
ও হ্যাঁ , নিজের গল্পটা উদাহরন হিসেবে দেওয়ার কথা ছিলো বোধ হয় । টাকা ছিলো না বলে অনেক কিছুই করা হয়নি , অনেক গুলো সিড়ি নিচে থেকে শুরু করতে হয়েছে । কিন্তু , নিজের অভিজ্ঞতা থেকে বলি , শেষ লক্ষ্যটা থেকে চোখ না সরালে তোমাকে ঠেকানোর সাধ্য কারো নাই । তুমি অবশ্যই পৌছাবে , একটু দেরিতে হয়ত , হয়ত একটু ঘুর পথে , কিন্তু তোমার মক্কা মদিনা ( মতান্তরে দুবাই
) পৌঁছানো কেউ ঠেকাতে পারবে না । শেষ করি একটা দুইটা পছন্দের লাইন দিয়ে ,
১। আমি হয় পথ একটা খুঁজে নেব , নয়ত বানিয়ে নেব নতুন একটা ।
২। মাঝে মাঝে সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যায় , যাতে টুকরো গুলো জোড়া লেগে নতুন আরো ভালো কিছু তৈরী হতে পারে ।
তোমাকে আর তোমার বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আর সাফল্য কামনা করি ।
রাগ ইমন আপু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

