কেন?
জীবন যাপনের সমস্ত উপাদান স্বয়ং দাঁড়িয়ে নরকে রওনা দিলেও মনে হবে , " যা হয় হোক, আমার কিচ্ছু যায় আসে না।"
ঐ রকম ভূতে ধরেছে গত কয়েক দিন । মাথার উপর কাজের পাহাড় বড় হতে হতে কেওকারাডং ছাড়িয়ে হিমালয় হওয়ার পায়তারা কষছে আর আমি কেবল নিস্তেজ হচ্ছি । বই, পত্র, কম্পিউটার, নোটস , প্ল্যান সব কিছু সামনে খুলে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি ব্লগে, ফেসবুকে, ইতি উতি ওয়েব সাইটে । আবার রাগও হচ্ছে খুব। সময় নষ্ট হচ্ছে , ১২ নম্বর বিপদ সংকেত বেজেই চলেছে --- আমার ডুব দিতে ইচ্ছে করছে । ছুটি নিতে ইচ্ছে করছে দুনিয়া থেকেই । এইটা পালানোর খুব ভালো পন্থা । ঘুমিয়ে পড়া ।
একটা গল্প পড়েছিলাম কোন এক লেখকের , নাম মনে নেই, সুদূর ভবিষ্যতে পৃথিবীর সকল ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানকে আতংকিত করে সকল শিশুরা ঘুমে তলিয়ে যেতে থাকে । পৃথিবীর হানাহানি, যুদ্ধ , প্রতারনা , শোষন , অত্যাচার -- এ সব বন্ধ করার অনুরোধ জানায় কোটি কোটি শিশু। তাদের অনুরোধ উপেক্ষিত হলে শিশুরা এক অসীম, অতল , নিরবিচ্ছিন্ন ঘুমে তলিয়ে যেতে থাকে । শিশুদের অনুরোধে প্রচ্ছন্ন হুমকি টের পেয়ে উঁচানো পারমানবিক অস্ত্র গুলো এর পর নেমে যায়, মানুষ নিজেদের বিপদ টের পেয়ে শান্তি ফিরিয়ে আনে , আর তারপর অপেক্ষা করতে থাকে বছরের পর বছর। কিন্তু শিশুরা ঘুম থেকে ওঠে না ... ... ... কিছুতেই না ... ... ...
আমার ও রকম অতল ঘুমে তলিয়ে যেতে ইচ্ছে করছে । কিন্তু , আমাকে তো উঠতেই হবে । মুক্তি নেই ।
[ আমার মনে হয় কবিতার প্রতি প্রেম একটা জেনেটিক অ-সুখ। যারা কবিতাসক্ত হয়, আমার মত , তারা মনে হয় বিষন্নতাকে রক্তে ধারন করে। মাঝে মাঝেই যারা মাথা চাড়া দিয়ে ওঠে , গ্রাস করে নিতে চায় জীবন সংযুক্ত হওয়ার সকল আয়োজন।
বিনয় ! দাদা! তুমি বুঝেছিলে , আমিই বুঝিনি... ... সংসারে কবিরা থাকে, কবিতে সংসার থাকে না হয়ত !]
পাগলামির ভেতরেও একটা ছেলেমানুষি ইচ্ছে জেগে ওঠে । কৈশোরে ফেরার।নতুন পুরনো বইয়ের পাতায় ফেরার। শীত শীত সকালে সাদামাটা সেই কাঁথাটা জড়িয়ে টিনের থালার উপর মুড়ি আর ছোলার ঘুগ্নি মাখা খেতে খেতে গল্পের বইয়ের ভিতর ডুবে থাকা। বিভূতির রোদ হয়ে পাতার উপর ঝরে পড়া। শরতের মেজদিদি হয়ে কেঁদে ফেলা। মাত্র আশি দিনে বিশ্ব ভ্রমন। জুলের সাথে ভবিষ্যত পাড়ি। আর অচেনা অনেক গুলো হাত ধরে বিশ্বব্রহ্মান্ডের দুধ সাদা গাড়িটাতে উঠে পড়া। গত ও আগামী কাল নিয়ে কোন ভাবনা নেই। মহাকালের অপার সম্ভাবনার মাঝে আকারহীন, আকৃতিহীন, চাওয়া পাওয়া হীন , কেবল অপ্রতিরোধ্য কৌতুহলী এক জোড়া চোখ নিয়ে বাঁচতে ইচ্ছে করে । ঘুমের বিপরীতে সেই বেঁচে থাকায় স্বস্তি ছিলো , সুখ না থাক !
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


