আমার প্রিয় গায়িকা, সুরের জাদুকরী রানী - যাকে কি না বলা হয় নুর জাহান কিংবা লতা মঙ্গেশকরের সাথে একই মেধা নিয়ে শুরু করেছিলেন কৈশোর - সেই রুনা লায়লার আজ জন্মদিন। তাঁকে অনেক অনেক শুভেচ্ছা। অসংখ্য লিজেন্ডারি গান উপহার দিয়ে রুনা নিজেও পরিণত হয়েছেন লিজেন্ডে। কিন্তু একটু কষ্টই লাগে- তাঁর কন্ঠকে কাজে লাগানোর মত সেই রকম কম্পোজারের মনে হয় একটু অভাবই ছিলো বাংলাদেশে। " দমা দাম মাস্তকালান্ডার" - কালজয়ী সুফি কাওয়ালীর গায়িকা কেনই বা মুম্বাই এর সাথে সম্পর্ক রাখেন নাই (হয়ত তাঁর প্রাপ্য মর্যাদা তিনি পান নাই- মুম্বাই বিদেশী শিল্পিদের প্রতি বরাবরই রেসিস্ট, দলাদলি তো আছেই) সেও এক রহস্য। এই সুগায়িকার জন্ম সিলেটে। গানের জগতে পদার্পন পাকিস্তানের টিভিতে। স্বাধীনতার সময় পর্যন্ত অসংখ্য উর্দু হিট গানের পাশাপাশি তাঁর পাঞ্জাবী , পস্তু এবং অন্যান্য ভাষায় গান রয়েছে । নিখুঁত উচ্চারণ আর স্বর্গীয় সুষমার জন্য ইউ টিউবে আপ্লোডকৃত তাঁর অনেক গানের নিচেই শ্রোতাদের মন্তব্য পাওয়া যায়- " ওভার দা মুন, এই কি সম্ভব?"; কিংবা, "আমি যেন নতুন করে জন্ম নিলাম" , "এ ট্রু লিজেন্ড", "ওঁর কন্ঠ আমাকে জান্নাত দর্শন করায়" ইত্যাদি। স্বাধীনতার পরে রুনা মাতৃভূমি বাংলাদেশকেই নিজের শিল্পের উপাসনালয় ধরে উপহার দিয়েছেন অগণিত কালজয়ী বাংলা গান। সঠিক কম্পোজারের অভাবে তারপরেও রুনার সবটুকু গানের জগতে কাজেই লাগেনি। বড় জোর ১০% দিতে পেরেছেন তিনি। অথচ তাঁর সমসাময়িক নূর জাহান , লতা কন্ঠে আমরা কি পেয়েছি!
অনেক সীমাবদ্ধতার মাঝেও, অভাবের মাঝেও রুনা রুনাই। তাঁর কন্ঠের জাদু বাংলা গানকে যা দিয়েছে - তুলনাহীন। আমার কৈশোরে এসে রুনা আর সাবিনা ইয়াসমিনের মাঝে শুরু হয় এক অযথা প্রতিযোগিতা। অযথা এই জন্য যে সেই প্রতিযোগিতা আমাদের সমৃদ্ধ করেছিল বলে আমার মনে হয়নি। বরং বদ্ধ পুকুরের পানি নিয়ে টানাটানিই মনে হত- যদিও রুনা এ সবের উর্ধ্বে - খোলা সমুদ্রের শিল্পী। তাই হয়ত ইউটিউবে প্রায়ই বিভিন্ন দেশী শ্রোতাকে দেখা যায় রুনাকে " উপমহাদেশের শিল্পী বলে দাবী" করতে। সকলেই তাকে চায়- ভারত, পাকিস্তান, বাংলাদেশ - এমন কি যে এই ভূখন্ডের ভাষা বুঝে না- সেও!
প্রিয় শিল্পীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। রুনার প্রিয় শিল্পী আব্দুল আলিমের মতন রুনাও শ্রোতাদের হৃদয়ের সিংহাসনে সম্রাজ্ঞী হয়ে থাকুন চির নির্মল, চির উজ্জ্বল, চির অমলিন।
কিশোরী রুনা ঃ
অনেক গানের মাঝে প্রিয় একটা ঃ সুখ তুমি কি?
সুফী কাওয়ালী ঃ দমা দাম মাস্তকালান্দার
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



