শোন শপথ ,বিদায় বলেছি তোমায় ,
হার মেনেছি নিজের কাছে ,
অবজ্ঞায় পর করেছি নিজেকে ।
আর ধীরে ধীরে আপন করেছি
গুমরে মরা দীর্ঘনিঃশ্বাসের বারতা ।
রাখতে পারিনি তোমায় ,এখন
পরাজয়ে হীন আমার আত্মা ।
ভ্রান্ত জগতে বিলীন আমার শপথ
কৃষ্ণপক্ষ রাত্রির মতো কালো ,
অন্তর্যামী তৃপ্তিহীন কামনায় নির্জীব ,
কোন এক অশুভ ক্ষুধার তাড়নায়,
আজ আমি পাগল, বদ্ধ উন্মাদ ।
মিথ্যা শপথের খোলসে মোড়া স্বার্থভোগী মন ,
ছুটেছে দুর্বার অনন্ত অসীমের তরে ,
সকল বিশ্বস্ত শপথের পতাকা জুড়ে ,
একেছি ভয়াল হতাশা আর অযোগ্যতার চিহ্ন ।
অবহেলা আর ঘৃণা আমায় জুড়ে-
শোচনীয় পতনের পরাভবে পূর্ণ , আর
প্রতারণায় সিক্ত শপথের অমোঘ বানী ,
তাই তো অবশেষে শপথের কাছে
আমি ঘৃণিত , অবিশ্বস্ত প্রতারক।
আমার মুক্তি আজ বড় জরাগ্রস্ত, বড় অসহায় ।
আরোগ্যের অতীত,বাঁকা হাসির মতো তীক্ষ্ণ ।
মুক্তির অভিনব পথের নেশায় ,
অনবরত ছুটে চলা ধাঁধানো মরীচিকার পিছনে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

