দিকভ্রান্ত পথিকের বেশে ,
শুধু পথের নেশায় বার বার ছুটে গেছি,
পেয়েছি কি পাইনি ভাবিনি । তবু ...
অসীম অনন্ত অন্ধকারে, আর
আশঙ্কার মাঝে অফুরন্ত আশার ...দীপাবলী
জ্বেলেছি আত্ম সর্বস্বতায় ...
অবিরত ক্ষরণের জোয়ারে ভেসে গেছে ,
রাত্রি শেষের দ্বীপশিখা ।
অতন্দ্রিত শুকতারা আর জোনাকির দল
ম্রিয়মান করেছে গাড় অন্ধকারের ঘনত্ব ।
মুখরিত পাখির কলতানে ,
স্তব্ধিত হয়েছে রাতের নির্জনতা ।
কত পথ মিশে গেছে ধূলায়
সৃষ্টি হয়েছে নতুন পথের। কত
বসন্ত চলে গেছে , নন্দিত হয়েছে সবুজে
ঋতু বদলে দুলেছে মন, ভুলেছে যাতন ।
তবু বার্ধক্য আমার ছায়া শিকারি
খাবলে ধরে রুদ্ধ করে আমার গতিপথ।
নিভৃতে জ্বলা সময়ের বারুদের গন্ধে ,
শুকতারা আর জোনাকির দল দিশেহারা ।
কিন্তু আমার অন্তরাত্মার গহীনে আজ
গড়েছি শুধু সত্য আর সুন্দরের প্রতিমা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

