সে এক অদৃশ্য ঘূর্ণিত প্রেম
কামনায় উতপ্ত অশুভ ক্ষুধা
দিন রাত অতৃপ্তির উন্মাদনা
নাচন তোলে শিহরিত করে আমায়।
সে এক অদৃশ্য ঘূর্ণিত প্রেম
নিয়ম ভাঙ্গার দুর্বার গতি
সুন্দর আর শুভ্রতায় আছন্ন
নিরন্তর ঐশ্বর্যময় করে আমায়।
সে এক অদৃশ্য ঘূর্ণিত প্রেম
শান্তির অমোঘ বারতা নিয়ে
উৎফুল্লে মোহিত অন্তরাত্মা
গর্বিত ও পূজনীয় করে আমায়।
সে এক অদৃশ্য ঘূর্ণিত প্রেম
অবুঝ উল্লাসে মাতোয়ারা
নির্মল শুদ্ধ সত্ত্বার খোঁজে
প্রলোভিত ও প্ররোচিত করে আমায়।
সে এক অদৃশ্য ঘূর্ণিত প্রেম
অনুভবের স্বপ্নিল পাখা মেলে
এ গরবিনী ধরণীর বুকে
জয়ের জোয়ারে লুণ্ঠিত করে আমায়।
সে এক অদৃশ্য ঘূর্ণিত প্রেম
মানবেরে করে মানবের তরে মহান
শুদ্ধতায় ভরা মানব প্রেম
আলোকিত ও শোভিত করে আমায়।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


