
পথ
সরসিজ আলীম
প্রাতঃভ্রমণ করতে এসে ভোরের আলোরা
যে পথ দিয়ে দৌড় শুরু করবে বলে ভাবছে,
সেথায় একজোড়া শালিক এসে লাফালাফি
শুরু করলো, কেঁচোরা গর্তের গভিরে নেমে
গেলো। বাতাস আলোর কাঁধ ছুঁয়ে বললো,
চলেন তো এখান থেকেই দৌড় শুরু করি!
ঘর ছেড়ে এই পথের উপরই রাতদিন প’ড়ে
আছে হাহাকার; তার ঘরের মনুষটারে টেনে
এনেছে পথ, তারপর ছুড়ে দিয়েছে সুদূরে!
মানুষটা ছেড়ে গেছে প্রিয় লতাপাতার বন,
ঘুঘু পাখির ডানায় বসে থাকা একটা দুপুর,
বুকের তলে সাঁতার দেয়া খলবলানো নদি,
উঠোন জুড়ে থাকা প্রিয়তম সব মুখগুলো,
দেয়ালের ওপার দিয়ে উঁকি দেয়া শিউলি।
অনন্তের পথে হাঁটতে হাঁটতে এই পথ গেছে
সুদূরের দিকে, মানুষটা এ পথেই গেছে হে!
০৭.০৭.২০১০, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



