তুমি কি জানো এখনো আমি ভালবাসি তোমায় সেই আগের মতো?
হৃদয় ভাঙচুর কষ্টের দিনগুলো কেটে গেছে
কেটে গেছে নিদ্রাহীন দীর্ঘ রাত,
তোমাকে ভুলতে চাওয়ার অদম্য বাসনা আমার কেবলই হয়েছে নিঃশেষ।
ব্যর্থতা থেকেই আমি জেনেছি তুমি আছো আমার সমস্ত অস্তিত্বে
দিনে রাতে, সকালে দুপুরে।
তুমি কি জানো আজো আমি শুনতে পাই সেই উদাস দুপুরের ডাক?
যে দুপুরে তুমি এসেছিলে আমার হৃদয় মন্দিরে
এসেছিলে ঝিরিঝিরি হাওয়ার নাচন তুলে
চিরল পাতার ছোয়ায় দোলা দিয়ে
আমিও দুলেছিলাম তোমার সেই অদ্ভুত ডাকে।
আজো আমি কান পেতে রই, অধীর থাকি তোমার ডাকের
প্রতিটি দুপুরই যেন আমায় ডাকে
তোমার কন্ঠের সুর তুলে।।
তুমি আছো বহুদূরে, আমার যাবার সাধ্য নাই
তবুও আমি যেতে চাই তোমার ছায়ায়
রাখতে চাই আমার দুটি চোখ
তোমার চোখের তারায়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


