টিউশন ফির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
গুলশান-বনানীসহ নগরীর বিভিন্ন এলাকায় কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত সোমবার থেকে বিক্ষোভ করে আসছে।
বিক্ষোভকালে তারা কয়েকটি রাস্তা অবরোধ করে এবং গাড়ি ভাংচুর করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবারও শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
বুধবার মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধ তুলে নিতে অনুরোধ করার পরও শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখে। এক পর্যায়ে তারা যানবাহন ভাংচুর করে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, শিক্ষার্থীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে ১২ জন পুলিশ আহত হয়। আইনশৃঙ্খলা রক্ষা আর যানবাহন চলাচলের স্বার্থে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সাতজন শিক্ষার্থীকে আটক করে।
মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, গাড়ি, সম্পদ ভাংচুর ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়া এবং ঢাকা মহানগরের সব রাজপথ ও গলি পথে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এতে বলা হয়েছে, টিউশন ফি'র উপর সরকার আরোপিত ভ্যাট প্রত্যাহারের বিষয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি বিভাগের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। আলোচনার পথে না গিয়ে শিক্ষার্থীরা যে আন্দোলনে গেছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
এসব ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার ও মামলা হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হতে পারে বলে আশংকা করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


