একটু কৌশল করলেই খালেদা নয়, বিরোধী দলীয় নেতা হতেন এরশাদ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের সদ্য বিদায়ী নেতাকর্মীরা আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিরোধী নেত্রী অছাত্র, ৪৮ বছর বয়সী তিন সন্তানের জনককে নেতা করে আর ছাত্রলীগের নেতা হয় প্রকৃত ছাত্ররাই।
প্রধানমন্ত্রী বলেন, বয়সের নিয়মনীতি মেনে প্রকৃত ছাত্রদের নেতা করেছে ছাত্রলীগই। এ সরকারের সময় কোনো সেশনজট নেই বলেই এখন ২৫ বছর বয়সেই ছাত্রছাত্রীরা পড়াশোনা শেষ করতে পারছে। চারদলীয় জোটের সময় রাজনৈতিক নেতাকর্মীদের অত্যাচারের কথা উল্ল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা টাকা ছাড়া কিছু বোঝে না। তারা কিভাবে টাকা বানাবে তার চিন্তা করেছে, লুটপাটের চিন্তা করেছে। টাকা সম্মান আনে না, সম্মানই মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয়। এটাই বঙ্গবন্ধুর আদর্শ।
শেখ হাসিনা বলেন, বিগত নির্বাচনের আগে বিরোধী দলীয় নেত্রী বলেছিলেন, আওয়ামী লীগ পঞ্চাশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না, ত্রিশটার বেশি আসন পাবে না। এমন ফলাফল তারাই করেছে। তারা প্রথমে ত্রিশটি সিট পায়নি আমরা যদি একটু ট্রিক্স করতাম তাহলে তিনি বিরোধী দলীয় নেতা হতে পারতেন না, বিরোধী দলীয় নেতার আসনে বসতেন এরশাদ। আমরা ইচ্ছা করলেই তা করতে পারতাম, সত্যি বলছি তার সুযোগ ছিল। কিন্তু আমরা এমন নোংরা রাজনীতি চায়নি বলেই সেদিকে যাইনি।
যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন শিগগিরই হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেন গুপ্ত, তোফায়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Click here

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

