নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ উল হক আবির

সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯) ৭।শহরনামা (উপন্যাস, মাওলা ব্রাদার্স, ২০২২), ৮। মুরাকামির শেহেরজাদ ও অন্যান্য গল্প (অনুবাদ, ২০২৩), ৯। নির্বাচিত দেবদূত(গল্পগ্রন্থ, ২০২৪), ১০। দেওয়ানেগির চল্লিশ কানুন/ফরটি রুলস অফ লাভ (অনুবাদ, ঐতিহ্য, ২০২৪)

সাজিদ উল হক আবির › বিস্তারিত পোস্টঃ

"মেলা সুন্দর হতো আমাদের শৈশবে, যখন বই ছিল স্বপ্নের প্রতিশব্দ" ~ বইমেলা ২০২৬ উপলক্ষ্যে বাংলা ট্রিবিউনকে দেয়া আমার সাক্ষাৎকার

০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:৩৮



প্রশ্ন: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

সাজিদ উল হক আবিরঃ গত বছরখানেক ধরে দুটো বইয়ের কাজ করছিলাম। একটা আমার দ্বিতীয় উপন্যাস, সরীসৃপতন্ত্র; দ্বিতীয়টি, মিলান কুণ্ডেরার উপন্যাস দা আনবিয়ারেবল লাইটনেস অফ বিয়িং এর অনুবাদ। প্রথমটির কাজ শেষ করে প্রকাশকের দফতরে জমা দিতে পেরেছি। অনুবাদ উপন্যাসটির ভাষা সম্পাদনার কাজ শেষ করতে পারি নি। কাজেই, আশা করছি আমার উপন্যাস সরীসৃপতন্ত্র নিয়েই এবারের বইমেলায় পাঠকদের সম্মুখে হাজির হবো।


প্রশ্ন: বইটি নিয়ে পাঠকদের কিছু বলুন? বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা কি এই বইয়ের বিষয়বস্তুকে প্রভাবিত করেছে?

সাজিদ উল হক আবিরঃ প্রশ্নের দ্বিতীয় অংশটুকু থেকে উত্তরটা শুরু করি। যে উপন্যাসে আমার সমাজ ও রাজনীতি বিষয়ে কিছু বক্তব্য রাখার থাকে, সে উপন্যাসের চরিত্রগুলিকে আমি বর্তমান সময়ে স্থাপন করি না কখনো। কারণ ‘বর্তমান’ খুব ঘোলাটে একটা ব্যাপার। চলমান সময়ে ঠিক - বেঠিক নির্ণয় করা যায় না। ঘটে যাওয়া ঘটনার সঙ্গে লেখকের একটা নৈব্যক্তিক দূরত্ব তৈরি না হলে সে ব্যাপারে মন্তব্য হয়ে যায় আবেগ প্রসূত এবং ব্যক্তিগত বায়াসনেসের দোষে দুষ্ট। আমি লেখক হিসেবে বর্তমানের দিকে তাকাই বরাবর নিজের চরিত্রগুলিকে বর্তমান থেকে বেশ কিছুটা আগে স্থাপন করে। অতীতের সূত্র ধরে বোঝার চেষ্টা করি আমরা যে বর্তমানে দাঁড়িয়ে আছি, তা এমনটা হল কেন।

যাই হোক, আমার উপন্যাস সরীসৃপতন্ত্রে মুখ্য বিষয় রাজনৈতিক প্রেক্ষাপটে প্রেম এবং মানবীয় অন্যান্য সম্পর্কের টানাপোড়েন। সময়কাল ১৯৮৭। এরশাদ বিরোধী রাজনীতির টালমাটাল এক বছর। নূর হোসেন শহীদ হওয়ার আগের তৃতীয় দিন থেকে উপন্যাসের গল্প শুরু হয়ে সমাপ্ত হয় যে মিছিলে নূর হোসেন শহীদ হয়, সে মিছিলে এসে। অবশ্য উপন্যাসের চরিত্রেরা সবাই কাল্পনিক। বুড়িগঙ্গা নদীর ঐপারে, হাসনাবাদ এলাকার ‘টাইগারপাড়া’ - নামক কাল্পনিক এক মহল্লার ঘটনা এ উপন্যাসে উঠে এসেছে।


প্রশ্ন: কোন প্রকাশনী থেকে আসছে? মূল্য, প্রচ্ছদ ও স্টল নম্বার জানতে চাই।

সাজিদ উল হক আবিরঃ ঐতিহ্য বের করবে, যদি সবকিছু ঠিক থাকে।


প্রশ্ন: শুরু থেকেই মেলা নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছিল, এমন এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইভেন্টের প্রতি কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে?

সাজিদ উল হক আবিরঃ কর্তৃপক্ষ বলতে কাকে বোঝাচ্ছেন? বাংলা একাডেমিকে? একাডেমি তো গত ২ বছরে যথেষ্ট ব্যস্ত সময় কাটিয়েছে। বেশ কিছু উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে তাদের। কাজেই আলাদা করে বইমেলা নিয়ে তাদের অবহেলা আছে কি না, জানি না। যে মন্ত্রণালয়ের অধীনে একাডেমি কাজ করে, তার কর্তাব্যক্তিদের সঙ্গে আমাদের মতো প্রভাব বলয়ের বাইরে অবস্থান করা লেখকদের দূরত্ব অনেক। কাজেই তাদের মাথায় কি কাজ করেছে মেলা নিয়ে, আমার জানা নেই।

প্রকাশকদের মধ্যে একটা বড় বিভাজন লক্ষ্য করেছি এ বছরের মেলা নিয়ে। একদল চেয়েছিলেন মেলাটা ডিসেম্বরেই হয়ে যাক। আরেকদল চেয়েছিলেন একুশের সংশ্লিষ্টতার জন্য মেলা ফেব্রুয়ারিতেই হোক। যেহেতু নিজেদের বইয়ের বিক্রি মেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত, যদি প্রকাশকেরা মেলার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারতেন, তবে সবার জন্য ভালো হতো।


প্রশ্ন: সময় কমিয়ে আনা ও রমজানের কারণে মেলায় কেমন প্রভাব পড়বে?

সাজিদ উল হক আবিরঃ বইয়ের বিক্রি আসলে মেলার শেষ দিকেই হয়। কাজেই সময় কমিয়ে আনা বইয়ের বিক্রিতে বড় প্রভাব ফেলবে বলে মনে হয় না। লেখক - পাঠকেরা মেলায় ঘুরে ঘুরে আড্ডা দেয়ার জন্য সময় কিছু কম পাবেন, এই কারণে সময় কমিয়ে আনায় লেখক - পাঠকদের মন কিছুটা ভার হতে পারে। সময় কমিয়ে আনলে প্রকাশকদের স্টল মেনটেইন করার খরচও কিছু কমে আসবে।
তবে রমজান মাসের প্রেক্ষাপটে মেলায় মানুষের সমাগম কিছুটা কম হতে পারে।


প্রশ্ন: গত বছর মেলা নিয়ে প্রকাশকদের হতাশা দেখেছি, অনেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল--এ বছর এমন কিছু আশঙ্কা আছে?

সাজিদ উল হক আবিরঃ জাতীয় নির্বাচনের ১০ দিনের মাঝেই মেলা শুরু হবে বলে, নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যায়। ক্ষমতা ও প্রশাসনিক পালাবদল তখনও ঠিকঠাক মতো হয়ে সেরে উঠবে না।


প্রশ্ন: একটি সুন্দর বইমেলা আয়োজন করতে কী কী পদক্ষেপ নিলে ভালো হয়?

সাজিদ উল হক আবিরঃ মেলা সুন্দর হতো আমাদের শৈশবে, যখন বই ছিল স্বপ্নের প্রতিশব্দ। প্রতি বছর বইমেলা মানে নতুন নতুন বই নেড়েচেড়ে দেখা, বাছাই করে কিছু বই কেনা, সেগুলো পড়তে পড়তে বছরের অর্ধেক পার করে ফেলা, তারপর বছরের বাকি সময়টুকু পরের বইমেলার অপেক্ষায় দিন কাটত। লেখক হিসেবে মেলায় গেলে ইদানীং মন খারাপ হয়ে যায়। বইয়ের স্টলের সামনে বই কেনার চেয়ে সেলফি তোলার জন্য ভিড় বেশী হয়। আসল কেনাবেচা হয় মেলার খাবারের স্টলগুলোতে।

সামগ্রিকভাবে জাতির মননে পরিবর্তন না আনলে, জাতি বইমুখী না হলে বইমেলার অবকাঠামোগত, এবং প্ল্যানিং এ পরিবর্তন এনে মেলাকে সফল করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশার সঙ্গে আছি বলে, গবেষণা সূত্রে জানি, উন্নত বিশ্বের বিভিন্ন দেশ, যেমন, ডেনমার্ক ও ফিনল্যান্ডের স্কুলগুলোতে ডিজিটাল মিডিয়ামে পড়াশোনা সম্পূর্ণ বন্ধ করে ট্র্যাডিশনাল ম্যাথড, তথা বই ও খাতাকলম ভিত্তিক পড়াশোনা ফিরিয়ে আনা হয়েছে। ফ্রান্স, ইতালি এবং বেলজিয়াম এখনও এ ব্যাপারে পাইপলাইনে আছে। আমরা পড়ে আছি টেকনোলজির গাড্ডায়। স্মার্টফোনে রিলস - শর্টস দেখা বন্ধ করানো না গেলে বইমেলার আয়োজন নিয়ে যত পরিকল্পনাই করা হোক, সবই ব্যর্থ হবে। আজকালকার বাচ্চাদের তো বইয়ের সঙ্গে শৈশবের স্মৃতি নাই তেমন। মেলায় গিয়ে তারা ছবি তোলা ছাড়া করবে কি?


প্রশ্ন: মেলায় এবং সারা বছর যত বই প্রকাশিত হয় তার ডিজিটাল ডেটাবেইজ কি বাংলা একডেমি বা কোনো কর্তৃপক্ষ সংরক্ষণ করতে পারে?

সাজিদ উল হক আবিরঃ প্রকাশিত বইয়ের তালিকা সংরক্ষণ করা যেতে পারে। প্রতিটি ভালো প্রকাশনা সংস্থাই নিজ নিজ প্রকাশিত বইয়ের আপডেটেড তালিকা প্রকাশ করেন প্রতিবছর। কিন্তু প্রকাশিত সমস্ত বই-ই ডিজিটাল ডাটাবেইজে জমা করে রাখতে হবে ই ভার্শনে - আমি এমনটার পক্ষপাতী না। কারণ, যে বইয়ের যোগ্যতা আছে, তা ছাপার হরফে, মলাটবদ্ধ অবস্থাতেই টিকে যাবে। আর যে বই টেকার না, সেটাকে ই বুক বানিয়ে ই - বুকের রাজ্যে আরও জঞ্জাল বাড়ানোর পক্ষপাতী আমি না। অধিক ম্যাটেরিয়াল থাকার ঝামেলা হল, তাতে দরকারি ম্যাটেরিয়াল দৃষ্টির আড়ালে চলে যায়।


প্রশ্ন: বইমেলায় পাঠক-লেখক সম্পর্ক বা যোগাযোগের বর্তমান বাস্তবতা কী?

সাজিদ উল হক আবিরঃ লেখক বলতে বর্তমানে তো একটা বিচিত্র এবং ডাইভারস গোষ্ঠীকে বোঝায়। বলতে চাইছি, প্রাবন্ধিক, কবি, কথাসাহিত্যিক - এরাও লেখক, আবার সোশ্যাল মিডিয়ায় ফেমাস এমন সেলিব্রেটি / ইনফ্লুয়েন্সারদের বইও দেদারসে বেরুচ্ছে, এবং বিক্রি হচ্ছে। ইনফ্লুয়েন্সারদের একভাবে দেখছি মেলায় নিজের বইয়ের ক্রেতা বা পাঠকদের সঙ্গে যোগাযোগ তৈরি করতে। তারা সরাসরি লাইভ ভিডিও করছেন, মজার মজার ভিডিও বানাচ্ছেন। অনেকে প্রচারণা পাচ্ছেন নেগেটিভ মার্কেটিং এর টেকনিক কাজে লাগিয়ে।
যারা শুধু লেখার কাজটাই যত্ন করে করেন, নিজের পাবলিক পারসোনা ঠিকভাবে হাইলাইট করতে পারছেন না, তারা সেভাবে পাঠকের সঙ্গে যোগাযোগটা তৈরি করতে পারছেন না।

বোদ্ধা পাঠকদের একটা বড় সমস্যা হল, তারা গত হয়ে যাওয়া কিংবদন্তিতুল্য লেখকদের লেখারও সমালোচনার তীরে বিদ্ধ করে অভ্যস্ত। সমসাময়িক লেখকদের তাদের কেউ কেউ ধর্তব্যেই আনেন না। লেখায় কি নেই সে নিয়েই সমস্ত আলাপ। কি আছে - সেদিকে পাঠক সমালোচকদের নজর কম। নতুন লেখকদের জন্য বড় নির্মম একটা সময় এটা।


প্রশ্ন: প্রচুর বই ছাপা হচ্ছে কিন্তু বইয়ের মান ও সম্পাদনা নিয়ে প্রকাশকরা কতটা সচেতন বলে মনে করেন?

সাজিদ উল হক আবিরঃ বইয়ের সম্পাদনার দায়িত্ব, বর্তমান সময়ের বিবেচনায়, আমি মনে করি না পুরোপুরি প্রকাশকের দায়িত্ব। একজন ভালো প্রুফরিডারকে দেখিয়ে নিজের বইয়ের বানান নির্ভুল করা, সম্ভব হলে আরও কিছু পয়সা খরচ করে একজন ভাষা সম্পাদককে দেখিয়ে নেয়া - এগুলো লেখকের দায়িত্বের ভেতরেই পড়ে। বইয়ের প্রচ্ছদ তো ভালোই হয়। মেলার প্রতিটা স্টলেই একাধিক বই এমন পাবেন, যেটা মলাটের কারণে আপনার হাতে তুলে নিতে মন চাইবে। কিন্তু ভেতরের কনটেন্ট কেমন হবে, সেটা নির্ণয় করা তো প্রকাশকের দায়িত্ব না। সেটা নিশ্চিত করা লেখকের কাজ। আপনি জানেন, আপনার লেখাটা বই আকারে ছাপার মতো না, তবুও পয়সা দিয়ে একটা বই ছাপাচ্ছেন, এতে তো লেখক হিসেবে আপনার আত্মমর্যাদায় আঘাত লাগার কথা।

ট্রিবিউনের পেইজে পড়তে খোঁচা মারুন - এই লিঙ্কে


মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১১:১০

সৈয়দ কুতুব বলেছেন: আপনি তো দেখি ফেমাস রাইটার ; আপনার বই পড়ে দেখতে হবে ।

০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ২:০১

সাজিদ উল হক আবির বলেছেন: যেভাবে আপনি বললেন, ঐ অর্থে ফেমাস রাইটার আমি না। ফেমাস রাইটারদের ব্লগে এসে বইয়ের বিজ্ঞাপন দেয়া লাগে না। শুভকামনা জানবেন।

২| ০৫ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৪২

ডঃ এম এ আলী বলেছেন:




বাংলা ট্রিবিউনের সঙ্গে আপনার এই সাক্ষাৎকারটি একজন মননশীল লেখকের চিন্তার জগতকে আমাদের
সামনে উন্মুক্ত করে দেয়। আপনার বক্তব্যে বিশেষভাবে যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তা হলো সাহিত্যকে
আপনি কেবল বিনোদনের উপকরণ হিসেবে দেখেন না; বরং সমাজ, রাজনীতি ও মানবিক সম্পর্কের জটিল
বাস্তবতাকে অনুধাবনের একটি গভীর মাধ্যম হিসেবে বিবেচনা করেন। বিশেষ করে আপনার আসন্ন উপন্যাস
সরীসৃপতন্ত্র–এর প্রেক্ষাপট হিসেবে ১৯৮৭ সালের রাজনৈতিক অস্থির সময়কে বেছে নেওয়ার ব্যাখ্যা থেকে
বোঝা যায়, ইতিহাসের দূরত্ব থেকে বর্তমানকে বোঝার যে সাহিত্যিক কৌশল তা আপনি গ্রহণ করেছেন,
তা চিন্তাশীল সকল পাঠকের কাছে অবশ্যই আগ্রহ জাগাবে।

সাক্ষাৎকারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বইমেলা ও পাঠাভ্যাস নিয়ে আপনার আত্মসমালোচনামূলক
পর্যবেক্ষণ। বইমেলায় বই কেনার চেয়ে সেলফি তোলার প্রবণতা বৃদ্ধি পাওয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম
কেন্দ্রিক সংস্কৃতির প্রসার নিয়ে আপনার যে উদ্বেগ, তা অনেক পাঠকের মনের কথাকেই প্রতিধ্বনিত করে।
একই সঙ্গে আপনি যে কথা বলেছেন জাতির মনন বইমুখী না হলে কেবল অবকাঠামোগত উন্নয়ন দিয়ে
বইমেলাকে সফল করা সম্ভব নয়,এটি একটি গভীর সামাজিক সত্যকে সামনে আনে।

ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে আপনার অবস্থানও চিন্তার খোরাক জোগায়। সব বইকে ই–বুক আকারে সংরক্ষণের
প্রতি আপনার সংশয় দেখায় যে আপনি গুণগত মানের প্রশ্নকে সংখ্যার চেয়ে বেশি গুরুত্ব দিতে চান। যদিও
এই বিষয়ে আমার একটি সমন্বয়ের মত আছে , তবুও আপনার যুক্তি পাঠককে অবশ্যই নতুনভাবে ভাবতে
উদ্বুদ্ধ করবে বলে আশা করি । ছাপার অক্ষরে বই প্রকাশ ও ডিজিটাল বই প্রকাশের বিষয়ে সমন্বয় সাধনের
বিষয়টি বেশ লম্বা চওড়া কথা সমৃদ্ধ হবে বিবেচনায় বিষয়টি নিয়ে আমার নীজ ব্লগে লেখার জন্য রেখে দিলাম
যা এই মন্তব্য লেখার পরেই এই পোস্ট পাঠের পর ধারনকৃত ভাবনা গরম থাকতেই সেখানে লেখার কাজ শুরু
করার আশা রাখি ।

যাহোক, সব মিলিয়ে আপনার সাক্ষাৎকারটি কেবল একটি নতুন বইয়ের প্রচারণা নয়; বরং আমাদের সাহিত্যচর্চা,
পাঠাভ্যাস, প্রকাশনা সংস্কৃতি এবং ডিজিটাল যুগের বাস্তবতা নিয়ে ভাবার একটি সুযোগ সৃষ্টি করেছে। একজন
পাঠকের দৃষ্টিতে বলা যায়, এমন খোলামেলা ও আত্মসমালোচনামূলক বক্তব্যই সাহিত্যিক আলোচনা ও জন
পরিসরের বুদ্ধিভিত্তিক কথোপকথনকে আরও সমৃদ্ধ করে।

শুভেচ্ছা রইল

০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ২:০৬

সাজিদ উল হক আবির বলেছেন: আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধেয় ব্লগার, আপনার বিস্তারিত মন্তব্যে। আপনি যা উল্লেখ করলেন, যেভাবে আমার বক্তব্যকে অ্যাসেস করলেন - এর প্রেক্ষিতে আমার আর নতুন সংযোজন করার মতো কিছু নেই। আপনার লেখার সফট কপি - হার্ডকপি সমন্বয় সংক্রান্ত আপনার ব্লগপোস্টটি মাত্রই চোখে পড়লো। বিস্তারিত পড়ে, ওখানেই নিজের পরবর্তী বক্তব্যটুকু উপস্থাপন করছি। দোয়া করবেন। আপনার জন্য আন্তরিক শুভকামনা।

৩| ০৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার লেখালেখির হাত ভালো। আপনি ইরানে যুদ্ধ নিয়ে লিখুন।


০৫ ই মার্চ, ২০২৬ রাত ১১:২১

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ, শ্রদ্ধেয় ব্লগার। চেষ্টা করবো সামনে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.