আমার প্রিয় পোস্ট

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

মার্কসবাদ ও নৈতিকতা

২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৬

শেয়ারঃ
0 0 0

মার্কসবাদ ও নৈতিকতা
মার্কসবাদের মধ্যে ন্যায়পরতার কোনো অবস্থান রয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে সামপ্রতিককালে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে৷ এর প্রধান কারণ হলো মাকর্সবাদকে বিজ্ঞান বলে মনে করা হয়৷ সাধারণত বলা হয়ে থাকে, বিজ্ঞান হলো আদর্শ ও মূল্য নিরপেক্ষ এবং বিষয়গত ভিত্তির উপর প্রতিষ্ঠিত৷ মার্কসবাদ যেহেতু বিজ্ঞান অতএব মাকর্সবাদের কেনো নৈতিক ভিত্তি নেই৷ মার্কসবাদীদের মধ্যেও মার্কসবাদকে প্রকৃতি বিজ্ঞানের মতো বিষয়নিষ্ঠ একটা অনড় বিজ্ঞান ও নিয়ম দিয়ে ব্যাখ্যার দৃষ্টবাদী প্রবণতা দেখা যায়৷ যার ফলে মার্কসবাদ হয়ে ওঠে নৈতিকতাশূন্য বিষয়নিষ্ঠ দৃষ্টবাদ৷ বিজ্ঞানবাদিতার নামে এতোকাল মার্কসবাদের নৈতিক দিককে অবহেলা করা হয়েছে৷ সামপ্রতিক কালে বিশ্লেষণী দর্শনের প্রভাবে, বিশ্লেষণী কৌশল প্রয়োগ করে মার্কসবাদের নতুন ভাষ্য প্রদান এবং মার্কসবাদের আদর্শগত বা নৈতিক দিক সম্পর্কে নানা ব্যাখ্যা দেয়া হচ্ছে৷ এই ধারা সাধারণত বিশ্লেষণী মার্কসবাদ বা আদর্শিক মার্কসবাদ হিসেবে পরিচিতি লাভ করছে৷
মার্কসবাদের মধ্যে নৈতিকতার অবস্থান নিয়ে বিশ্লেষকরা প্রধানত দ্বিধাবিভক্ত৷ এক পক্ষ মনে করেন যে, মার্কসবাদের মধ্যে কোনো নৈতিক অবস্থান নেই৷ অপরপক্ষ মনে করেন যে, মার্কসবাদের অবশ্যই একটা নৈতিক ভিত্তি রয়েছে৷ বিশ্লেষণী মার্কসবাদী ধারা মার্কসবাদের ধারণাগত পরিচ্ছন্নতা, অদ্ব্যর্থকতা ও যৌক্তিক সঙ্গতি প্রদানের ক্ষেত্রে ভূমিকা পালন করলেও বিশ্লেষণের উপর অত্যধিক গুরুত্ব প্রদানের ফলে তাঁরা সমাজ বাস্তবতা ও সামাজিক প্রাসঙ্গিকতা থেকে অনেকটা দূরে সরে পড়েন৷ মার্কসবাদ ও নৈতিকতা প্রসঙ্গে বিতর্কটি খুবই আকর্ষণীয়, যা গভীর মনোযোগেরও দাবি রাখে৷ বর্তমান প্রবন্ধে মার্কসবাদের মধ্যে মানবিক নৈতিকতার কোনো অবস্থান রয়েছে কিনা সেটা অনুসন্ধান করা হয়েছে৷ মার্কসবাদের মধ্যে কোনো নৈতিক অবস্থান নেই_এই ধারাকে প্রত্যাখ্যান করা হয়েছে৷ অপর দিকে, যাঁরা মার্কসবাদের মধ্যে নৈতিকতার অবস্থানকে প্রমাণ করতে চেয়েছেন, তাঁরা অধিকাংশ ক্ষেত্রেই মার্কসবাদের বিষয়গত দৃষ্টিভঙ্গিকে অবহেলা করেন৷ নৈতিক দিকের উপর অতিরিক্ত গুরুত্ব প্রদান করে তাঁরা নৈতিক চেতনাকে একটা স্বতন্ত্র সত্তা হিসেবে দাঁড় করবার প্রয়াস পান৷ বর্তমান প্রবন্ধে দেখানোর চেষ্টা করা হয়েছে যে, মার্কসবাদের মধ্যে একটা ন্যায়পরতা ও মানবিক নৈতিক দিক রয়েছে, যা নীতিসর্বস্ববাদী নৈতিক ভাববাদ ও বুর্জোয়া মানবতাবাদ থেকে স্বতন্ত্র৷ বর্তমান সময়ে যখন মতাদর্শগত সংকট বেশ তীব্র এবং তা থেকে মুক্তির জন্য নানা কিছু হাতড়ানো হচ্ছে তখন মার্কসবাদের মানবিক সমাজের প্রকল্প, স্বাধীনতা, মুক্তি ও নৈতিকতা নিয়ে পুনর্ভাবনা আমাদের নতুন ইতিহাস বিনির্মাণে মতাদর্শগতভাবে সহায়ক হবার কথা৷ তবে তত্ত্বীয় মার্কসবাদ ও মার্কসবাদের নামে পৃথিবীব্যাপী প্রয়োগকৃত রাজনৈতিক মার্কসবাদের মধ্যেকার ফারাকটা আমাদেরকে মনে রাখতে হবে৷ বর্তমান প্রবন্ধটি তত্ত্বীয় মার্কসবাদের আলোকে রচিত৷ মার্কসবাদ ও নৈতিকতা বিষয়ক বিতর্কে গুরুত্বপূর্ণ অনেকগুলি দিক থাকলেও বর্তমান প্রবন্ধে কেবল মার্কসবাদের মধ্যকার মানবিক নৈতিকতার প্রসঙ্গটি তুলে ধরার চেষ্টা করা হলো৷

কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস সনাতনী নীতিবিদ ছিলেন না৷ এ কারণে তাঁরা কোনো সুনির্দিষ্ট তাত্তি্বক নৈতিক মতবাদ প্রদান করেন নি৷ এতদসত্ত্বেও তাঁদের রচনার মধ্যে একটা মানবিক নৈতিকতার অবস্থান লক্ষ্য করা যায়৷ নৈতিকতা বলতে যদি একগুচ্ছ বাধ্যতামূলক অনপেক্ষ এবং ধ্রুব নিয়মের ইতিহাস অতিবতর্ী ও বাস্তবতানিরপেক্ষ প্রয়োগ বুঝায় তা হলে এই বিশেষ অর্থে বলা যেতে পারে মার্কস ও এঙ্গেলস এ ধরনের নৈতিকতাকে প্রত্যাখ্যান করেন৷ কিন্তু এই ধরনের অবস্থান হলো কান্ট-এর মতাদশর্ীয়৷১ কিন্তু নৈতিকতা বলতে যদি আমরা মানুষের কতগুলি মৌলিক মঙ্গলকে বুঝি তা হলে এ কথা বলতে কোনো অসুবিধা নেই যে, মার্কসবাদের মধ্যে অবশ্যই একটি নৈতিক অবস্থান রয়েছে, যেমনটা ব্রেনকার্ট ও টমাস কেইস মনে করেন৷২ এ প্রসঙ্গে চার্লস টেইলর-এর বক্তব্য প্রণিধানযোগ্য৷ তিনি মনে করেন, বৃহত্তর অর্থে মার্কসের মধ্যে একটা নৈতিকতা রয়েছে৷ টেইলর বলেন,
... it "Morality" means the Kantian morality, whose foundation is the moral quality of the will, and which issues in injunctions binding without regard to time or circumstance, then clearly Marx is bound to reject "morality". But if we use the term in a less restricted way, if we mean by "morality" a doctrine touching the fundamental human good and the way to realize it, where "fundamental" good is taken to mean a good which is inescapably and universally the good of man, then there can be no objection to speaking of a Marxist morality.নৈতিকতার এই ব্যাপকতর ও ভিন্ন অর্থে মার্কস ও এঙ্গেলসের মধ্যে একটা নৈতিকতার অবস্থান লক্ষ্য করা যায়, যা থেকে তাঁরা পুঁজিবাদের সমালোচনা করেন৷ টাকার-উড মনে করেন মার্কস ও এঙ্গেলসের মধ্যে কোনো নৈতিকতার অবস্থান নেই৷ টাকার-উডের অবস্থান সম্পর্কে এটা বলা যায় যে, তাঁরা খুবই সীমিত ও দৃঢ় অর্থে মার্কসবাদের মধ্যে নৈতিকতার অবস্থানকে নাকচ করেন৷ এ কথা সত্য যে, মার্কস সুনির্দিষ্ট ও আনুষ্ঠানিক কোনো নৈতিক তত্ত্ব প্রদান করেন নি৷ কিন্তু তার অর্থ এই নয় যে, মার্কসবাদ নৈতিকতাশূন্য৷ মার্কসের রচনার মধ্যে একটা সর্বব্যাপী নৈতিকতার পরিচয় পাওয়া যায়৷৪ মার্কস ও এঙ্গেলসের রচনা বিশ্লেষণ থেকে দেখা যাবে যে তাঁদের রচনার নানা স্থানেই একটা নৈতিকতার অবস্থান আছে৷ তাঁদের রচনার মধ্যে বিচ্ছিন্নতাবিরোধী মানবিক নৈতিকতা, ব্যক্তির আত্মরূপায়ণের আদর্শ, আত্মকেন্দ্রিকতা বিরোধী সমাজীকৃত জীবন, স্বনিয়ন্ত্রণমূলক সমাজ, স্বাধীনতা ও মুক্তির সামাজিক ও রাজনৈতিক নৈতিকতা বিদ্যমান৷ তবে এ কথা স্মরণ করা যেতে পারে যে, সনাতনী নীতিবিদদের মতো নীতিসর্বস্ববাদী কায়দায় মার্কস সমাজ বাস্তবতা বিযুক্তভাবে তাঁর নৈতিক অবস্থানকে ব্যক্ত করেন নি৷
মার্কস তাঁর ১৮৪৪ সালে অর্থনৈতিক ও দার্শনিক পাণ্ডুলিপি-তে বিচ্ছিন্নতার ধারণা প্রবর্তন করেন৷ যা ছিলো বিচ্ছিন্নতার ধারণা দিয়ে পুঁজিবাদের নৈতিক সমালোচনা৷ বিচ্ছিন্নতার ধারণা একটি নৈতিক মূল্য-বিষয়ক ধারণা৷ পেফার মনে করেন, মার্কসের বিছিন্নতার ধারণা একটি নৈতিক ধারণা৷ কমিউনিজম একটি নৈতিক ও রাজনৈতিক তত্ত্ব, যেখানে বিচ্ছিন্নতাবিরোধী মানবতাবাদী নৈতিকতা বিদ্যামান৷৫ বিচ্ছিন্নতার ধারণায় মার্কস দেখান, পুঁজিবাদে শ্রমিক তার উত্‍পন্নকে পায় না, তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ এর মধ্য দিয়ে শ্রম তার কাছে একটা বাহ্য বিষয়ে পরিণত হয়, অর্থাত্‍ শ্রম তার অস্তিত্বের
অন্তঃসার নয়৷ শ্রমিক তার নিজেকে ফিরে পায় কাজের বাইরে৷ পুঁজিবাদী উত্‍পাদনের মধ্য দিয়ে শ্রমিক নিজেকে হারায়, তার শ্রম থেকে উত্‍পন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ উত্‍পন্ন হয়ে ওঠে শ্রমের বা শ্রমিকের বিরুদ্ধ বিষয়৷ এভাবে পুঁজিবাদী উত্‍পাদন প্রক্রিয়ায় শ্রমিক তার নিজের জীবনকে বস্তুর মধ্যে অন্তভর্ুক্ত করার মধ্য দিয়ে সেই জীবনকেই হারায়৷ পুঁজিবাদে স্রষ্টার সাথে সৃষ্টির বিরোধ চলে৷ এ থেকে মার্কস বলেন, "... the life which he has conferred on the object confronts him as something hostile and alien."পুঁজিবাদে শ্রমিক নিজকে বঞ্চিত করে বস্তুর দাসে পরিণত হয়৷ শ্রমিক এবং দৈহিক বিষয়ী সত্তা_এই দুভাবে সে নিজেকে রক্ষা করতে অসমর্থ হওয়ার মধ্য দিয়ে দাসত্বে নিপতিত হয়৷ শ্রমিক যত বেশি মূল্য তৈরি করে তত কম সে পায়, এভাবে তার জীবন হয়ে ওঠে দুর্দশাগ্রস্ত৷ মার্কস বলেন,
... the more the worker produces, the less he has to consume; the more values he creates, the more valueless, the more unworthy he becomes; the better formed his [worker] product, the more deformed becomes the worker; the more civilised his object, the more barbarous becomes the worker, the more powerful labour becomes, the more powerless becomes the worker; the more ingenious labour becomes, the less ingenious becomes the worker and the more he becomes natutre's servant...উত্‍পাদনের সাথে শ্রমিকের এই বঞ্চনার সম্পর্ককে মার্কস সমালোচনা ও প্রত্যাখ্যান করেন৷ তিনি বলেন, শ্রমিক ধনীদের জন্য আশ্চর্য সব জিনিষ উত্‍পাদন করে, কিন্তু সে নিজের জন্য তৈরি করে শুধুমাত্র বঞ্চনা৷ শ্রমিক ধনিক শ্রণীর জন্য তৈরি করে প্রাসাদ, কিন্তু নিজের জন্য পায় জীর্ণ কুটির৷ শ্রমিক সৌন্দর্য সৃষ্টি করে কিন্তু নিজের জীবনের জন্য সে পায় বিষণ্ন ক্লিশতা৷৮ স্পষ্টতই, মার্কস পুঁজিবাদী বিচ্ছিন্নতা উত্‍পাদকের জীবনে যে বঞ্চনা ও দুর্দশা নিয়ে আসে তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে নৈতিকভাবে সমালোচনা করেন৷ শ্রমের সাথে উত্‍পন্নের এই সম্পর্ককে তিনি কেবল উত্‍পন্নের সাথে শ্রমের বিচ্ছিন্নতা হিসেবেই দেখেন নি, উত্‍পন্নের সাথে শ্রমের বিচ্ছিন্নতাকে উত্‍পাদকের 'নিজের সাথে নিজের বিচ্ছিন্নতা' হিসেবেও দেখেন৷ একে তিনি ক্রিয়ার বিচ্ছিন্নতা এবং বিচ্ছিন্নতার ক্রিয়া উভয়ভাবেই দেখেন৷৯ তাঁর বক্তব্য, পুঁজিবাদী উত্‍পাদনে উত্‍পাদক তার নিজকে নাকচ করে৷ সে নিজকে অনুভব করে উত্‍পাদনের বাইরে, পুঁজিবাদী উত্‍পাদন প্রক্রিয়ায় শ্রমিক নিজকে হারায়৷ বিচ্ছিন্নতায় শ্রমিক তার স্বাধীনতাকে হারায়, উত্‍পাদন কর্মের বাইরেই কেবল তার জৈবিক ক্রিয়ার মধ্যে সে নিজেকে স্বাধীন বলে অনুভব করে৷ মানবিক ক্রিয়ার ক্ষেত্রে সে নিজকে পাশবিকতার বাইরে অনুভব করতে পারে না৷ পানাহার ও সন্তান উত্‍পাদন মানবিক ক্রিয়া হলেও অন্য সবকিছু থেকে বিছিন্ন করে সেগুলোকে জীবনের চূড়ান্ত লক্ষ্য ও সর্বস্বে পরিণত করাকে মার্কস মানবিক ক্রিয়ার পাশবিক রূপ হিসেবে চিহ্নিত করেন৷১০ পুঁজিবাদী উত্‍পাদনে শ্রমিক বিচ্ছিন্নতা বোধ থেকে তার মানবিক রূপ হারায় এবং নিজকে খুঁজে পায় পাশবিকতার মধ্যে৷ এ থেকে তিনি বলেন, "What is animal becomes human and what is human becomes animal."11 মার্কস মনে করেন মানুষ হলো প্রজাতি সত্তা৷ পুঁজিবাদে প্রকৃতি ও মানুষে এবং মানুষে মানুুষে বিচ্ছিন্নতা তৈরি হয়৷ প্রজাতি সত্তার বৈশিষ্ট্য হলো স্বাধীন ও সচেতন ক্রিয়া৷ মানুষ তার কর্মকে চেতনার অনুষঙ্গ করে৷ মানুষের এই সচেতন জীবন-ক্রিয়া পশু থেকে মানুষের পার্থক্য রচনা করেছে৷ এ কারণেই মানুষ সচেতন সত্তা; কিন্তু পুঁজিবাদে বিচ্ছিন্নতার ফলে এই অবস্থাটা উল্টে যায়৷১২ মানুষের শ্রমের উদ্দেশ্য হলো তার প্রজাতি সত্তার মূর্তায়ন, কেননা সৃষ্টির মধ্যেই সে নিজকে দেখতে পায়৷ কিন্তু পুঁজিবাদে সৃষ্ট বিচ্ছিন্নতার কারণে উত্‍পাদক তার সৃষ্টির মধ্যে নিজকে দেখতে পায় না৷ বিচ্ছিন্নতার ফলে মানুষের স্বতঃস্ফূর্ত ও স্বাধীন সচেতন ক্রিয়া লোপ পায়, বিচ্ছিন্নতা মানুষের শ্রমকে কেবলমাত্র জৈবিক অস্তিত্বের উপায়ে পরিণত করে৷ বিচ্ছিন্নতার ফলে মানুষ প্রজাতি সত্তা, প্রকৃতি, উত্‍পন্ন ও আধ্যাত্মিক সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়৷ এভাবে পুঁজিবাদে বিচ্ছিন্নতার ফলে মানুষ তার মানবিক মর্যাদাকে হারায়৷
বিচ্ছিন্নতার ফলে মানুষ স্বাধীনতাকে হারায়৷ যখন শ্রমিকের নিজের কাজের ফল তার নিজের না হয়ে অপরের হয়, তখন সেটা হয়ে ওঠে একটি জবরদস্তিমূলক ক্রিয়া৷ পুঁজিবাদের বিচ্ছিন্নতা শ্রমিকের কাজকে একটা জবরদস্তিমূলক কর্মে রূপ দেয় এবং এভাবে উত্‍পাদককে বিচ্ছিন্ন সত্তায় পরিণত করে৷ পুঁজিবাদী ব্যক্তিগত সম্পত্তি থেকে যেমন বিচ্ছিন্নতার উদ্ভব হয় তেমনি আবার বিচ্ছিন্ন শ্রম ব্যক্তিগত সম্পত্তির কারণ, সম্পর্কটা পারস্পরিক৷ মজুরি-শ্রম, বিচ্ছিন্ন শ্রম ও ব্যক্তিগত সম্পত্তি এর যে কোনো একটির অবসান অন্যগুলির বিলুপ্তি ঘটাবে৷ মার্কস ব্যক্তিগত সম্পত্তির অবসানের কথা বলেন৷ তিনি পুঁজি গ্রন্থে বলেন, "নিজ উত্‍পাদ থেকে শ্রমের, শ্রমের বিষয়গত অবস্থাসমূহ থেকে বিষয়ীগত শ্রমশক্তির বিচ্ছিন্নতা... পুঁজিবাদী উত্‍পাদনের প্রকৃত ভিত্তি এবং যাত্রা বিন্দু৷"১৩ মার্কস Grundrisse -এ পুঁজিবাদের বিচ্ছিন্ন শ্রমের কথা উল্লেখ করেছেন৷১৪ জার্মান ভাবাদর্শ গ্রন্থে পুঁজিবাদী ব্যক্তিগত সম্পত্তির অবসানের মধ্য দিয়ে পরক সম্পর্কের লুপ্তির কথা বলেছেন৷১৫ তিনি বিচ্ছিন্নতার মাধ্যমে নিজের শ্রমের সৃষ্টির ওপর অন্যের দখলদারিত্বের নিন্দা করেন৷ বিচ্ছিন্নতার ফলে যে অমানবিক ও পাশবিক বাস্তবতার মধ্যে মানুষকে জীবন যাপন করতে হয়, মার্কস মানবিক আদর্শ থেকে তার একটা নৈতিক সমালোচনা করেন৷ বিচ্ছিন্নতার বিরোধিতা করতে গিয়ে তিনি একটা মানবিক মূল্যবোধকে সামনে নিয়ে আসেন৷

মার্কস ও এঙ্গেলসের রচনা থেকে দেখা যায় যে, তাঁদের মধ্যে একটি অনড় মানবিক নৈতিকতার অবস্থান রয়েছে৷ পুঁজিবাদী ব্যবস্থায় যে অমানবিকতা ও বি-মানবিকীকরণ ঘটে তার বিরোধিতা করেন তাঁরা৷ এই বিরোধিতা করার ক্ষেত্রে তাঁদের মধ্যে মানবিক মূল্যবোধ বা নৈতিক বোধ ক্রিয়াশীল ছিল৷ মার্কস বলেন, "র্যাডিকাল হবার অর্থ হল বিষয়টার মূলটাকে উপলব্ধি করা৷ কিন্তু মানুষের বেলায় মূলটা হল মানুষ নিজেই... মানুষ হল মানুষের পক্ষে সর্বোচ্চ সত্তা, তাই আবশ্যক সেই সমস্ত সম্পর্কের শর্তহীন উচ্ছেদ দিয়ে যেগুলোতে মানুষ হল একটা হীনাবস্থ, দাসত্ববন্ধনে আবদ্ধ, পরিত্যক্ত, জঘন্য সত্তা...৷"১৬ মার্কসের এ বক্তব্য থেকে বলা যায় মানুষ ছিল মার্কসের কাছে মৌল বিষয় ও সর্বোচ্চ সত্তা৷ তিনি যে কোনো অমানবিক বাস্তব পরিস্থিতির বিরোধী ছিলেন৷ মার্কস পুঁজিবাদের মানবিকতা বিরোধী ভূমিকার সমালোচনা করতে গিয়ে 'যথার্থ মানবিক' বিবেচনা থেকে বিচ্ছিন্নতার সমালোচনা করেন, এবং মানবিতার বিকাশ ও মানবিক মর্যাদা খর্ব ও ক্ষুণ্ন করার দায়ে পুঁজিবাদের সমালোচনা করেন ওই মূল্যবোধগুলো এসব প্রতিষ্ঠার কথা বলেন৷১৭ তিনি মনে করেন, পুঁজিবাদে শ্রমের মধ্য দিয়ে মানুষ নিজ সত্তাকে হারায়৷ তাই পুঁজিবাদে মানুষ শ্রমিক বা পণ্য হিসেবে হাজির হয়৷ ফলে মানুষ শ্রমিক ছাড়া অন্য কোনো ভাবে বিবেচিত হয় না৷ এভাবে তার মানবিক গুণাবলি পুঁজির সেবায় নিবেদিত হয়৷ যার দরুন পুঁজির সম্পর্কের বাইরে মানুষের আর কোনো অস্তিত্ব থাকে না৷ পুঁজিবাদে উত্‍পাদক তার মানবিক সত্তাকে এভাবে হারিয়ে ফেলে৷
পুঁজিবাদী উত্‍পাদন মানুষকে পণ্যে পরিণত করে, অর্থাত্‍ এক্ষেত্রে মানুষ পণ্যের ভূমিকা গ্রহণ করে৷ পুঁজিবাদ মানুষকে শারিরীক ও মানসিক উভয় ভাবেই বি-মানবিক সত্তায় পরিণত করে৷১৮ মার্কস The Holy Family গ্রন্থে বলেন, পুঁজিবাদী সমাজে শ্রমিক তার জীবনের পরিবেশটাকে অমানবিক রূপের মধ্যে দেখতে পায়, এ কারণে মানুষ তার নিজেকে প্রলেতারিয়েতের মধ্যে হারিয়ে ফেলে৷ এ থেকে তিনি আরো বলেন, পুঁজিবাদী অমানবিকতার বিরুদ্ধে বিপ্লবের মধ্য দিয়ে বিদ্যমান সামাজিক অমানবিক পরিস্থিতির অবসান ঘটাতে হবে৷১৯ মানুষ যদি তার পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে তবে মানবিকতা অর্জনের জন্য পরিবেশকেই করে তুলতে হবে মানবিক৷ মার্কস বলেন, "If man is shaped by enviornment, his environment must be made human"২০ এ থেকে বলা যায় যে, মার্কস পুঁজিবাদী পরিবেশটাকে অমানবিক হিসেবে বিবেচনা করেন এবং ভাববাদী নীতিসর্বস্বতার বিপরীতে মানবিক সামাজিক বাস্তবতা নির্মাণের মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কথা বলেন৷ পুঁজিবাদী অমানবিক অবস্থাকে একটা মানবিক মূল্যবোধ থেকে প্রত্যাখ্যান করেন৷ এভাবেই পুঁজিবাদের সমালোচনায় মার্কসের মধ্যে সর্বদাই একটা মানবিক মূল্যবোধ ক্রিয়াশীল ছিল৷ এঙ্গেলসও 'যথাযথভাবে মানবিক নৈতিকতা'-র কথা বলেন৷২১ শ্রেণী সমাজে বিদ্যমান শ্রেণী-নৈতিকতার স্তর বা বাস্তব ইতিহাসে শ্রেণী সমাজের স্তর অতিক্রম করার মধ্য দিয়েই এই যথার্থ মানবিক নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন৷ পুঁজিবাদের সমালোচনায় তাঁদের মধ্যে এই মানবিক নৈতিকতা সক্রিয় ছিল৷
মার্কস কমিউনিজম প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটা মানবিক সমন্বয় ঘটানোর কথা ভাবেন৷ কমিউনিজমে মানুষ একই সাথে তার নিজেকে এবং 'অন্য মানুষকে' ধারণ করবে৷ এর মধ্যে দিয়েই ব্যক্তির নিজের অস্তিত্ব একই সাথে তার নিজের জন্য ও অন্যের জন্য হয়ে উঠবে৷২২ ফলে মানুষ হয়ে উঠবে সামাজিক মানুষ৷ নাগরিক সমাজে ব্যক্তি কতর্ৃক ব্যক্তিকে উপায় হিসেবে ব্যবহার করার মধ্য দিয়ে ব্যক্তিকে পরক শক্তির খেলনায় পরিণত করা হয়৷ মার্কস মানুষকে উপায় হিসেবে ব্যবহার করার বিরোধিতা করেন এবং এটাও একটা দৃঢ় নৈতিক অবস্থান৷ তিনি নাগরিক সমাজের সমালোচনায় বলেন, পুঁজিবাদী আত্মকেন্দ্রিকতাবাদ হলো 'সবার বিরুদ্ধে সবার যুদ্ধ'_যার লক্ষ্য মানবিক সমাজ নয় বরং আত্মস্বার্থপরতার সিদ্ধি৷ নাগরিক সমাজের বা পুঁজিতান্ত্রিক সমাজের লক্ষ্য হলো মানুষে মানুষে ভেদ রচনা করা৷ মার্কস পুঁজিবাদী ব্যক্তিগত সম্পত্তির বিনাশের মধ্য দিয়ে মানুষে মানুষে সত্যিকার সমন্বয়ী প্রতিষ্ঠা করতে চান৷২৩ নাগরিক সমাজের আত্মকেন্দ্রিক ব্যক্তিকে তিনি বিচ্ছিন্ন 'মোনাড' বা গবাক্ষ বিবর্জিত সত্তা হিসেবে চিহ্নিত করেন, যা মানুষের সাথে মানুষের ঐক্যের ধারণার ওপর প্রতিষ্ঠিত নয়, বরং 'মানুষকে মানুষ থেকে আলাদা' করার ধারণার ওপর প্রতিষ্ঠিত৷২৪
পুঁজিবাদী আত্মকেন্দ্রিক স্বাধীনতার ধারণা অন্য মানুষের ভোগ ও মালিকানাকে উচ্ছেদ করে স্বাধীনভাবে অধিকারকে প্রতিষ্ঠিত করে৷ পুঁজিবাদে নাগরিকেরা এই আত্মকেন্দ্রিক স্বার্থপরতার দাসে পরিণত হয়, মানুষ হয়ে ওঠে নিষ্ক্রিয়৷ মানুষের চাহিদা হয়ে ওঠে আত্মস্বার্থপর আকাঙ্ক্ষা মাত্র৷ পুঁজিবাদী আত্মস্বার্থপরতার সমালোচনা করে মার্কস আত্মস্বার্থপরতার দ্বন্দ্বে লিপ্ত মানবিক ব্যক্তি বিশেষের বিপরীতে মানুষকে তার প্রজাতি বন্ধনে সমন্বিত করার কথা বলেন৷ তিনি মনে করেন যে, কমিউনিজমে মানুষ হয়ে উঠবে সামাজিক৷ কমিউনিজমের এই সামাজিকীকরণের বৈশিষ্ট্যকে তিনি গুরুত্ব দেন৷ কারণ এই মতাদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ বিচ্ছিন্নতার কষ্ট থেকে মুক্তি পাবে৷ কমিউনিজমে মানুষের অস্তিত্বের ধরন সামাজিক হয়ে উঠার মধ্য দিয়ে ব্যক্তি হয়ে উঠবে সামাজিক৷ এ ভাবে বাস্তবতা হয়ে উঠবে মানবিক বাস্তবতা৷ যেখানে ব্যক্তির ক্রিয়া সামাজিকতা অর্জন করবে৷২৫ ফলে মানুষের ব্যক্তিক জীবন ও প্রজাতি জীবনের মধ্যে গড়ে উঠবে সমন্বয়৷ এঙ্গেলস বলেন, কমিউনিস্ট সমাজে ব্যক্তির সাথে ব্যক্তির সংঘাতের অবসান হওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে সামাজিক ঐক্য, সমাজে অমঙ্গলজনক অবস্থার অবসান ঘটবে৷ উত্‍পাদন ও বন্টন হয়ে উঠবে জীবনের প্রয়োজন অনুযায়ী৷ ফলে সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধের নিরসন ঘটার মধ্য দিয়ে মানবিক ঐক্য প্রতিষ্ঠিত হবে, এবং মানুষ তার মানবিক প্রকৃতি ও সক্ষমতার বাস্তবায়ন করতে পারবে৷২৬ এঙ্গেলস কমিউনিস্ট সমাজকে যৌক্তিকভাবে সংগঠিত হিসেবে দেখেন, যেখানে সামাজিক যৌথ ক্ষমতা দিয়ে উত্‍পাদন ও বন্টন নিয়ন্ত্রিত হবে৷২৭ এর ফলে সমাজ জীবনের মধ্যেই ব্যক্তির স্বাভাবিক গুণাবলির সর্বতোমুখী চর্চা সম্ভব হবে৷২৮ কমিউনিজমে বস্তুগত উত্‍পাদন ও ব্যক্তির সম্মিলনের শর্ত তৈরি হবে এবং ব্যক্তি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্রভাবে কোনো কিছুর পৃথক অস্তিত্ব থাকবে না৷২৯ মার্কস তাঁর নিজের বস্তুবাদের সাথে অন্যান্য বস্তুবাদের পার্থক্য প্রসঙ্গে বলেন, "পুরনো বস্তুবাদের দৃষ্টিকোণ হল 'নাগরিক' সমাজ; নূতন বস্তুবাদের [মার্কসের] দৃষ্টিকোণ হল মানবিক সমাজ বা সমাজীকৃত মানবজাতি [social humanity]৩০ অর্থাত্‍ নাগরিক সমাজটা হলো পুঁজিবাদী আত্মস্বার্থের দ্বন্দ্বে লিপ্ত সমাজ যা পুরনো বস্তুবাদের লক্ষ্য৷ মার্কসের নিজের নতুন বস্তুবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ সমাজ হলো 'মানবিক সমাজ' বা 'সমাজীকৃত মানবজাতির'৷ এই 'মানবিক সমাজ'-এর অবস্থান থেকে তিনি পুঁজির সমাজ বা নাগরিক সমাজের সমালোচনা করেন৷ পুঁজিবাদের এই সমালোচনায় মানবিক সমাজের নৈতিক মূল্যবোধ যে ক্রিয়াশীল তা সহজেই দেখা যায়৷ যা হয়ে উঠেছে পুঁজিবাদের একটা নৈতিক সমালোচনাও৷

মার্কস ও এঙ্গেলস তাঁদের রচনায় পুঁজিবাদী অমানবিক সামাজিক বাস্তবতার বিরুদ্ধে মানবিক বাস্তবতা বা পরিস্থিতির কথা বলেন৷ তাঁরা দারিদ্র্য, ক্ষুধা, যন্ত্রণা, ভিক্ষাবৃত্তি, স্বল্পায়ু, শারীরিক ও মানসিক নিগ্রহ, পুঁজির দাসত্ব, শ্রমিকের দুর্বিষহ জীবন, বঞ্চনা, অমানবিক পরিবেশ, নিষ্ঠুরতা ও নিষ্ঠুর পরিবেশ ও পাশবিক বর্বরতা ইত্যাদি শব্দ ব্যবহার করে পুঁজিবাদের সমালোচনা করেন৷৩১ এই সব শব্দ দিয়ে পুঁজিবাদের সমালোচনা করার মধ্য দিয়ে তাঁদের ভাষা হয়ে উঠেছে এক ধরনের মানবাহক নৈতিক ভাষা৷ তাঁরা মানবিক জীবন বিরোধী পরিস্থিতি ও অস্তিত্বকে মানবিক মূল্যবোধ থেকে সমালোচনা করেন, যার একটা বাস্তব বিষয়গত ও নৈতিক প্রত্যাখ্যান ঘটেছে তাঁদের ভাষার মধ্যে৷ মার্কস ও এঙ্গেলসের রচনা তুলে ধরলে বিষয়টি আরো সুস্পষ্ট হবে৷
এঙ্গেলস The Condition of the Working-Class in England গ্রন্থে ইংল্যান্ডের সে সময়কার শ্রমিক শ্রেণীর দুর্দশা এবং নৈতিক ও বৌদ্ধিক অধঃপতনের বিশদ অনুসন্ধান করেন৷ তিনি এখানে ইংরেজ বুর্জোয়া শ্রেণীর সৃষ্ট অমানবিক পরিস্থিতিতে শ্রমিক শ্রেণীর মানবেতর জীবন যাপনের বিষয়টি তুলে ধরেন৷ অর্থনৈতিক দুর্দশা ও নিষ্ঠুরতার কারণে শ্রমিক শ্রেণীর ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নৈতিক অধঃপতনের চিত্র তুলে ধরেন এবং এর জন্য ইংরেজ বুর্জোয়া শ্রেণীর উদ্বেগের সমালোচনায় বলেন, অমানবিক ও বর্বরোচিত বিদ্যমান পুঁজিবাদী সমাজ-বাস্তবতার অবসানের মধ্য দিয়েই মানবিক অবস্থা তৈরি করে তার নিরসন সম্ভব৷ এঙ্গেলস বলছেন,
... English workers cannot feel happy in this condition; that theirs is not a state in which a man or a whole class of men can think, feel, and live as human beings. The workers must therefore strive to escape from this brutalising condition, to secure for themselves a better, more human position; and this they cannot do without attacking the interest of the bourgeoisie which consists in exploiting them.এটা স্পষ্ট যে, শোষণমূলক বিদ্যমান সমাজ-বাস্তবতার অবসানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর মানবিক উত্তরণের বিষয়টি বিবেচনা করেন মার্কস ও এঙ্গেলস৷ মার্কস ১৮৪৪ সালের পাণ্ডুলিপি'তে মানবিক পরিস্থিতির এক বিশদ চিত্র তুলে ধরেছেন৷ তিনি মনে করেন, কমিউনিজম প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল মানবিক সমন্বয় ঘটবে বা মানুষ তার নিজের মধ্যে ফিরে আসবে৷৩৩ এছাড়াও তিনি তাঁর কমিউনিজমের ভাবনায় মানুষ ও প্রকৃতির মধ্যে ঐক্য স্থাপনের কথা চিন্তা করেন৷ মার্কস মনে করেন যে, বিকশিত মানবতাবাদ প্রকৃতিবাদেরই সমার্থক৷ তিনি বলেন, "...communism, as fully developed naturalism, equals humanism, and as fully developed humanism equals naturalism; it is the genuine resolution of the conflict between man and nature and between man and manÑthe true resolution of the strife between existence and essence..."৩৪ কমিউনিজমে সাধিত হবে প্রকৃতি ও মানুষের মধ্যেকার ঐক্য৷ তা হয়ে উঠবে মানুষের সঙ্গে সংগতিপূর্ণ প্রকৃতিবাদ, আবার একইসাথে তা হবে প্রকৃতির সাথে সমাঞ্জস্যপূর্ণ মানবতাবাদ৷
মার্কসের মতে পুঁজিবাদী ব্যক্তিগত সম্পত্তির অবসানের মধ্য দিয়ে মানবিক সকল অনুভূতি ও গুণাবলির পরিপূর্ণ মুক্তি ঘটবে৷ এই পর্যায়ে মানবিক অনুভূতি ও গুণাবলি বিষয়গত ও আত্মগত উভয়ভাবেই মানবিক হয়ে উঠবে৷ এভাবে কমিউনিজমে মানুষের অনুভূতি ও অনুভূতির মানবিক প্রকৃতি হয়ে উঠবে মানবীয়৷ স্থূল ব্যবহারিক আকাঙ্ক্ষা তার স্থূল রূপ বর্জন করে মানবীয় আদল অর্জন করবে৷৩৫ কমিউনিজমের পর্যায়ে মানুষের আকাঙ্ক্ষা আত্মপর হবে না, প্রকৃতি কেবল উপযোগের জন্য না হয়ে তা হয়ে উঠবে মানবিক উপযোগের জন্য৷ কমিউনিজমে মানুষ বিষয়ের মধ্যে নিজকে হারাবে না ফলে তাঁর মধ্যে বিচ্ছিন্নতা বোধের অবসান হবে৷ এটা সম্ভব হবে কেবল তখনই যখন বিষয় মানুষের নিজের জন্য হবে এবং ব্যক্তি যখন সামাজিক সত্তা হিসেবে আবিভর্ূত হবে৷ এই অবস্থা অর্জনের জন্য প্রয়োজন বিষয়গত জগত্‍টাকে সমাজের অন্তর্গত মানুষের জন্য সর্বত্র অর্থপূর্ণ হয়ে ওঠা৷ এর ফলে মানুষের অন্তর্গত শক্তি প্রকাশের অনুকূল বাস্তবতা তৈরি হবে৷ মার্কস বলেন, যখন বিষয়গত জগত্‍টা মানুষের অন্তর্নিহিত শক্তির মূর্তায়নের যোগ্য হবে তখন বিষয়গত অবস্থাটা হয়ে উঠবে মানবিক বাস্তবতা৷ এই অবস্থায় ব্যক্তি নিজেকে বাস্তবভাবে ব্যক্ত করার ধরন অর্জন করবে এবং ব্যক্তি হয়ে উঠবে জীবন্ত সত্তা৷৩৬ এভাবে পুঁজিবাদে ব্যক্তি বাস্তব ও সদর্থকভাবে নিজকে মূর্ত করতে পারে না বলেই মার্কসের পুঁজিবাদের সমালোচনা হয়ে উঠেছে মানবিক দিক থেকে একটা নৈতিক সমালোচনা৷
মার্কস মনে করেন, কমিউনিজমে এভাবে বিষয় ও বিষয়ীর, আধ্যাত্মিকতা ও বস্তুগততা, কর্ম ও দুর্দশা_এ সবের মধ্যকার বিরোধাত্মক অবস্থার অবসান ঘটবে৷৩৭ তিনি একটা ব্যবহারিক সমাধান দেন৷ তিনি মনে করেন যে, প্রকৃতি বিজ্ঞানের অগ্রগতির তাত্‍ক্ষণিক ফলাফল হিসেবে বি-মানবিকীকরণ ঘটেছে, বিজ্ঞান মানুষ ও মানুষের শ্রমের মধ্যে একটা বিচ্ছিন্ন ও বৈরী সম্পর্ক তৈরি করেছে৷ কিন্তু কমিউনিজমে এই বৈরিতার অবসান হবে৷ তাঁর মতে মানুষের ইতিহাস প্রাকৃতিক ইতিহাসেরই অংশ৷ কমিউনিজমের পর্যায়ে বিজ্ঞানের সাথে মানুষের বৈরিতার নিরসনের মধ্য দিয়ে প্রকৃতি বিজ্ঞান মানুষের বিজ্ঞানে পর্যবসিত হবে৷ মানব বিজ্ঞান হয়ে উঠবে প্রকৃতি বিজ্ঞান, ফলে তখন একটাই বিজ্ঞান থাকবে৷৩৮ এক্ষেত্রে লক্ষণীয় যে মার্কস বিষয় ও বিষয়ীর মানবিক ঐক্যের প্রকল্প রচনা করেন তাঁর কমিউনিজমের তত্ত্বে৷ তবে সনাতনী নীতিবিদদের মতো করে নয়৷ মার্কস বিষয়গত বাস্তবতার এই মানবিক আদল অর্জনকে একটা বাস্তব-ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে দেখেন৷ পুঁজিবাদের সমালোচনায় তাঁর মধ্যে পুঁজিবাদের বাস্তব সমালোচনা ও নৈতিক সমালোচনা উভয়ই অবিচ্ছিন্নভাবে বিদ্যমান৷ স্বার্থপর আকাঙ্ক্ষা, মানুষকে পরক শক্তির অধঃস্তনকরণ, প্রতারণা, লুণ্ঠন, পাশবিক বর্বরতা, স্থূল আকাঙ্ক্ষা, কৃচ্ছ্রকার উত্‍পাদক দাস, বঞ্চনা ও দারিদ্র্য_এসবের জন্য পুঁজিবাদকে দায়ী করেন৷৩৯ পুঁজিবাদী সমাজে মানবিক গুণাবলির ওপর অর্থের আধিপত্যের তীব্র সমালোচনা করে একে 'উল্টানো জগত্‍' বলে নিন্দা করেন এবং মানুষের সাথে মানুষের মানবিক সম্পর্ক স্থাপনের জন্য পুঁজিবাদের অবসানের কথা বলেন৷৪০
মার্কসের এসব অভিযোগ ও সমালোচনা হলো মানবিক আদর্শ থেকে এবং মানবিক সমাজের লক্ষ্যে পুঁজিবাদের নৈতিক সমালোচনা৷ পুঁজিবাদী অর্থনীতিরও একটা নৈতিকতা রয়েছে, সেও মোটে নৈতিকতামুক্ত নয়৷ মার্কস বলেন, "...political economyÑdespite its worldly and voluptuous appearanceÑis a truly moral science, the most moral of all sciences."৪১ সামাজিক বিজ্ঞান ও নৈতিকতার মধ্যে যে দ্বিখণ্ডিকরণকে খুব মান্য করে চলা হয় মার্কস তাকে অস্বীকার করেন৷ বিরোধটা আপাত; প্রকৃত অর্থে কোন বিরোধ নেই৷ দৃষ্টবাদের প্রভাবে নিওক্ল্যাসিকালরা বিজ্ঞান ও নৈতিকতার মধ্যে চরম বিভাজন করেন, তার ফলে সমাজবিজ্ঞানকে চূড়ান্তভাবে মানমুক্ত মনে করা হয়৷ কেইটা মনে করেন, নিওক্ল্যাসিকাল অর্থনীতি নিজেকে যতই মূল্য বা আদর্শিকতা মুক্ত বলে দাবি করুক না কেন তা প্রকৃত অর্থে প্রায়োগিক নীতিবিদ্যারই একটা রূপ৷ তাঁর ভাষায়, "the whole theoretical corpus of Neoclassical economic theory is to be understood as a kind of system of applied ethics."৪২ অমর্ত্য সেন একইভাবে অর্থনীতি ও নীতিবিদ্যার বিচ্ছেদের বিরোধিতা করেন৷৪৩ আসলে বিজ্ঞানের ভান করে অর্থনীতি ও সমাজবিজ্ঞান নিজের নৈতিক অবস্থানকে আড়াল করে যতই নিরপেক্ষতার ভান করুক না কেন তা আসলে আদর্শ ও নৈতিকতা মুক্ত নয়৷ বিজ্ঞানের নিচে চাপা পড়া নিগূঢ় মানবিক সম্পর্ক, মূল্যবোধ ও নৈতিকতাকে উদ্ধার করা মার্কসবাদের একটা বড় কৃতিত্ব৷
পুঁজিবাদী নৈতিকতার লক্ষ্য হলো আত্মস্বার্থপরতা, শোষণ, লুণ্ঠন, প্রতারণা, বিচ্ছিন্নতা, অমানবিকতা ও মুনাফা অর্জন৷ পুঁজিবাদের সমালোচনার ক্ষেত্রে মার্কস মানবিক নৈতিক মূল্যবোধকে সামনে আনেন এবং পুঁজিবাদের বিপরীতে মানবিক ব্যবস্থা হিসেবে কমিউনিজমের কথা বলেন৷ কমিউনিজমের নৈতিকতা হলো একটা মানবিক নৈতিকতা৷ কমিউনিজমের যে মানবিক বাস্তবতার চিত্র ও প্রকল্প মার্কস প্রণয়ন করেন তা থেকে এটা বলা যায় যে, পুঁজিবাদ সমালোচনায় ও কমিউনিজমের ধারণার ক্ষেত্রে তাঁর মধ্যে মানবিক নৈতিকতা অন্তত জোরালোভাবে রয়েছে৷ পুঁজিবাদের অবসান ও কমিউনিজম প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রকল্পের মধ্য দিয়ে মার্কস মানবিকতার বাস্তবায়নযোগ্য সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছেন৷

মার্কস ও এঙ্গেলস পুঁজিবাদী ব্যবস্থাধীনে ব্যক্তি নিজকে বাস্তবে রূপায়িত করতে সক্ষম নয় বলে পুঁজিবাদের সমালোচনা করেন৷ মার্কস মনে করেন, কমিউনিজমে এমন এক অবস্থা তৈরি হবে যেখানে ব্যক্তি তার নিজকে বাস্তবায়িত করতে পারবে৷ কমিউনিজমে মানুষের সত্তা ও বাস্তব পরিস্থিতির মধ্যে একটা মিলন ঘটবে, যার ফলে ব্যক্তি তার নিজকে রূপায়িত করতে পারবে৷ ফলে মানুষ নিজকে একটা সামগ্রিকতার ভেতর সর্বাঙ্গীণরূপে বাস্তবায়িত করতে পারবে৷ তাঁর মতে, এতে করে মানুষের অভ্যন্তরীণ প্রজাতির ক্ষমতার বাস্তবায়ন সম্ভব হবে৷ এর মধ্য দিয়ে কমিউনিজমে সমৃদ্ধ মানব সত্তা ও সমৃদ্ধ মানবিক আকাঙ্ক্ষার উন্মেষ ঘটবে৷ পরিণতিতে, মানুষ হয়ে উঠবে স্বাধীন, জীবনের জন্য তাকে অন্যের মুখাপেক্ষী হতে হবে না, কমিউনিজমের মধ্য দিয়ে ইতিহাসে মানুষের মুক্তি ও উত্থান ঘটবে৷৪৪ এই পর্যায়েই মানব প্রকৃতির মধ্যে নবতর সমৃদ্ধি আসবে৷৪৫ এই স্তরের মানুষ স্বার্থপর আকাঙ্ক্ষা ও পাশবিক বর্বরতাকে অতিক্রম করে তার নিজেকে মানবিকভাবে বাস্তবায়নের সুযোগ লাভ করবে৷ কমিউনিজমের পর্যায়ে সর্বাঙ্গীণ পূর্ণ বিকশিত স্বাধীন ব্যক্তি সত্তার আবির্ভাব ঘটবে৷৪৬ সমাজীকৃত মানুষ সংঘবদ্ধ যৌথ উত্‍পাদক হবার মধ্য দিয়ে প্রকৃতির উপর মানুষের যুক্তিসিদ্ধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে৷ ফলে কমিউনিজমে মানব প্রকৃতি বিকাশের সর্বাধিক অনুকূল পরিস্থিতি তৈরি হবে৷ প্রাথমিক পর্যায়ে মানুষ তখনো প্রয়োজনের জগতে অবস্থান করবে৷ কিন্তু পরবতর্ীতে মানুষ এই পর্যায়কে অতিক্রম করে মানবিক ক্ষমতার একটা চূড়ান্ত বিকাশ সাধনের মধ্য দিয়ে এমন স্তরে উন্নীত হবে যে, তখন মানুষ নিজেই নিজের উদ্দেশ্যে পরিণত হবে৷৪৭
মানুষের এই পরিপূর্ণ ও সমৃদ্ধ বিকাশের জন্য মার্কস পুঁজিবাদী ব্যক্তিগত সম্পত্তির অবসানের কথা বলেছেন৷ ব্যক্তিগত সম্পত্তির অবসানের মধ্য দিয়ে ইতিহাসে ব্যক্তির বৈশ্বিক উত্থান ঘটবে৷ কমিউনিজমে স্থানীয় ব্যক্তির পরিবর্তে বিশ্ব-ঐতিহাসিক বাস্তব ব্যক্তির আবির্ভাব হবে৷৪৮ এ কারণে তিনি কমিউনিজমকে মনে করেন 'ব্যক্তি মনুষ্যগণের বিশ্ব-ঐতিহাসিক সহযোগ৷'৪৯ বিশ্বায়নের একটা ধারণা এখানে মার্কসের মধ্যে আমরা পাই, তবে সেটা দুনিয়া জুড়ে লুণ্ঠনের সাম্রাজ্যবাদী বিশ্বায়ন থেকে পৃথক মানবিক বিশ্বায়নের ধারণা৷ মার্কস ও এঙ্গেলস ব্যক্তির শ্রেণী অস্তিত্ব থেকে মানবিক অস্তিত্বে উত্তরণের কথা ভাবেন, কমিউনিজমের ধারণায়৷ শ্রেণী বিভক্ত সমাজে ব্যক্তি-মানুষ কোনো-না-কোনো পূর্বনির্দিষ্ট শ্রেণী পরিবেশে শ্রেণীর অধঃস্তন বা অন্তভর্ুক্ত হয়ে পড়ে৷ ফলে মানুষ হয়ে পড়ে 'শ্রেণী-ব্যক্তি'৷৫০ এই শ্রেণী-ব্যক্তি সমাজে ব্যক্তি পরস্পরের সাথে যে সম্পর্কে আসে তা শ্রেণী জীবনের পরিস্থিতি দিয়ে তৈরি, তারা ব্যক্তি হিসেবে নয় বরং শ্রেণীর সদস্য হিসেবে সম্পর্কভুক্ত হয়৷ তাঁরা শ্রেণী সমাজের এই সমালোচনা থেকে বলেন, কমিউনিজমে "ব্যক্তি-মানুষেরা শামিল হয় ব্যক্তি মানুষ হিসেবেই৷ ব্যক্তি-মানুষদের ঠিক এই সাম্মিলনী থেকেই ...ব্যক্তি-মানুষের অবাধ বিকাশ এবং গতিবিধির পরিবেশ তাদের নিয়ন্ত্রণাধীন হয়...৷"৫১ এই শ্রেণীহীন মানবিক সমাজের আকাঙ্ক্ষা থেকে মার্কস ও এঙ্গেলস পুঁজিবাদী শ্রেণী সমাজকে প্রত্যাখ্যান করেন৷
পুঁজিবাদে উত্‍পাদন শক্তি ব্যক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে ব্যক্তি সঞ্জীবন আধেয় ছিনিয়ে নেয়৷ ফলে ব্যক্তির আত্ম-সক্রিয়তা ও বৈষয়িক জীবনের মধ্যে একটা বিচ্ছেদ ঘটে, এবং ব্যক্তির বৈষয়িক জীবনই লক্ষ্য হিসেবে উপস্থিত হয়৷ এতে করে পুঁজিবাদে আত্ম-সক্রিয়তা নেতিবাচক রূপ গ্রহণ করে৷৫২ কিন্তু কমিউনিজমে ব্যক্তি মানুষ থেকে স্বতন্ত্র হয়ে কোনো কিছুর পরক অস্তিত্ব অসম্ভব হবে৷৫৩ কমিউনিজমের পর্যায়ে ব্যক্তির সার্বিক ক্ষমতার বিকাশের মধ্য দিয়ে একটা সার্বিক ভোগের অবস্থাও তৈরি হবে৷ উ

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মার্কসবাদ ও নৈতিকতা ;
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
মো: আটিকুর রহমান বলেছেন: কার্ল মার্কস একজন ইহুদী ছিলেন। এটাকি ঠিক ?
২. ২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
মো: আটিকুর রহমান বলেছেন: কার্ল মার্কস একজন ইহুদী ছিলেন। এটাকি ঠিক ?
৩. ২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
মো: আটিকুর রহমান বলেছেন: কার্ল মার্কস একজন ইহুদী ছিলেন। এটাকি ঠিক ?
৪. ২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
মো: আটিকুর রহমান বলেছেন: কার্ল মার্কস একজন ইহুদী ছিলেন। এটাকি ঠিক ?
৬. ২৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১১
অদ্বিতীয়া সিমু বলেছেন: উ .....শেষে কেন !!! আরও লিখা বাকি???? জানতে চাচ্ছি...
৭. ২৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২১
মাহমুদ মামূন বলেছেন: সৈয়দ আমিরুজ্জামান ভাই,

আপনি লেখাগুলো কাইন্ডলি 'সমাজতান্ত্রিক ফোরাম' গ্রুপেও পোষ্ট করুন।

Click This Link
৮. ২৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৩
নাঈম বলেছেন: সৈয়দ আমিরুজ্জামান বলতে বলেছেনঃ +
৯. ২৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৮
জিলাপীর প‌্যাঁচ বলেছেন: সৈয়দ আমিরুজ্জামান কোন একদিন বলেছিলেনঃ +
১০. ২৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭
সৈয়দ আমিরুজ্জামান্ বলেছেন: বাকী অংশঃ
পুঁজিবাদে উৎ‍পাদন শক্তি ব্যক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে ব্যক্তি সঞ্জীবন আধেয় ছিনিয়ে নেয় ৷ ফলে ব্যক্তির আত্ম-সক্রিয়তা ও বৈষয়িক জীবনের মধ্যে একটা বিচ্ছেদ ঘটে, এবং ব্যক্তির বৈষয়িক জীবনই লক্ষ্য হিসেবে উপস্থিত হয় ৷ এতে করে পুঁজিবাদে আত্ম-সক্রিয়তা নেতিবাচক রূপ গ্রহণ করে ৷৫২ কিন্তু কমিউনিজমে ব্যক্তি মানুষ থেকে স্বতন্ত্র হয়ে কোনো কিছুর পরক অস্তিত্ব অসম্ভব হবে ৷৫৩ কমিউনিজমের পর্যায়ে ব্যক্তির সার্বিক ক্ষমতার বিকাশের মধ্য দিয়ে একটা সার্বিক ভোগের অবস্থাও তৈরি হবে৷ উত্‍পাদন হয়ে উঠবে সবার সম্পত্তি, সকল ব্যক্তির সম্পত্তি ৷ কমিউনিজমের এ পর্যায়ে তৈরি হবে একটা 'সর্বব্যাপী সংসর্গ', যা নিয়ন্ত্রিত হবে সমাজের সকলের দ্বারা, ব্যক্তি হয়ে উঠবে নিজের নিয়ন্ত্রক বা স্বনিয়ন্ত্রিত সত্তা ৷ এ পর্যায়ে সীমিত ভোগ ও বাধাগ্রস্থ আত্ম-ক্রিয়া হয়ে উঠবে বাধাহীন ৷৫৪ এ থেকে মার্কস ও এঙ্গেলস বলেন, শুধু এই পর্বে আত্ম-সক্রিয়তা হবে ব্যক্তির পূর্ণ ব্যক্তিতে পরিণত হওয়া এবং সমস্ত সীমাবদ্ধাবস্থা ঝেড়ে ফেলার জন্যে উপযুক্ত৷৫৫ মার্কস মানবিক সত্তার রূপায়ণ, ব্যক্তির সর্বাঙ্গীণ মানবিক বিকাশ, ব্যক্তির স্বাধীনতা ও ব্যক্তির আত্ম-সক্রিয়তা এ সবের প্রতিবন্ধক হিসেবে ও মানুষকে শ্রেণীর অধীনস্ত করার জন্য পুঁজিবাদের সমালোচনা করেন ৷ পুঁজিবাদের এ সমালোচনা ক্ষেত্রে এবং কমিউনিজমের প্রকল্পের মধ্যে মার্কস ও এঙ্গেলসের চিন্তায় মানবিক মূল্যবোধ যে ক্রিয়াশীল ছিল সে-বিষয়ে সন্দেহের অবকাশ কোথায়? এক্ষেত্রে মার্কস ও এঙ্গেলস মানবিক অবস্থান বা মানবিক বিকাশ ও মানবিক রূপায়ণের বাধা হিসেবে পুঁজিবাদের সমালোচনা করেন, যা থেকে এটা স্পষ্ট যে, মার্কসবাদের পুঁজিবাদ-সমালোচনায় মানবিক মূল্যবোধ সর্বক্ষণ সক্রিয় ৷

মার্কস-এঙ্গেলসের মানবিক অবস্থানকে নিয়ে মার্কসবাদীদের মধ্যে মতপার্থক্য রয়েছে ৷ এ কারণে প্রচলিত বুর্জোয়া মানবতাবাদ থেকে মার্কসের মানবিকতাবোধের পার্থক্য খেয়াল রাখা প্রয়োজন ৷ মার্কস প্রচলিত মানবতাবাদের বিরুদ্ধে ছিলেন ৷ মানবতাবাদ আর মানবিক বোধ এক বিষয় নয় ৷ সনাতনী মানবতাবাদের মধ্যে একটা শ্রেণীহীন ও নীতিসর্বস্বতার বৈশিষ্ট্য রয়েছে৷ জন এলস্টর কমিউনিজমে ব্যক্তির মানবিক উত্‍কর্ষ বিষয়ক মার্কসের দৃষ্টিভঙ্গিকে নৈতিক ব্যক্তিবাদ (ethical individualism)হিসেবে চিহ্নিত করেছেন ৷৫৬ মার্কস কেবল সাধারণভাবে মানুষ নিয়েই নয় বিশেষভাবে মূর্ত নির্দিষ্ট ব্যক্তি মানুষ নিয়েও ভেবেছেন ৷ এছাড়াও এরিক ফ্রম্ম, মার্কসবাদের মানবতাবাদী ভাষ্যের অন্যতম পুরোধা, মনে করেন, মার্কসের চিন্তা হলো মৌলিক মানবতাবাদ (radical humanism) ৷৫৭ ফ্রম্ম-এর মতে, রেনেসান্স ও আলোকায়নের মধ্য দিয়ে যে পাশ্চাত্য মানবতাবাদী ধারার উন্মেষ ঘটেছে মার্কসের ভিতর দিয়ে সেটাই পুনরুত্থাপিত হয় ৷৫৮ ফ্রম্ম মনে করেন যে, ভল্টেয়ার, লেসিং, হার্ডার, হেগেল ও গ্যেটের চিন্তার মধ্যকার মানবতাবাদী বৈশিষ্ট্যই মার্কসের মানবতাবাদী চিন্তার উৎ‍স, এঁদের মানবতাবাদী চিন্তার পুনরাবির্ভাব ঘটেছে মার্কসের মধ্যে ৷৪৯ ফ্রম্ম আরো মনে করেন, 'জুডেও-ক্রিশ্চিয়ান' এবং 'গ্রেকো-রোমান' ধারার মানবতাবাদী চিন্তাই রেনেসান্সের মধ্য দিয়ে উঠে আসে, এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে বিকাশ লাভ করে ৷ এই ধারাই মার্কসের মধ্যে সমৃদ্ধি লাভ করেছে ৷৬০ হেনরী বি মেয়ো একইভাবে বলতে চেয়েছেন যে, মার্কসের মধ্যে জুডোও-ক্রিশ্চিয়ান মানবতাবাদী চিন্তাধারা একটি চূড়ান্ত পরিণতি লাভ করেছে ৷৬১
কিন্তু ফ্রম্ম ও মেয়ো-এর এই ভাষ্য গ্রহণযোগ্য বলে মনে হয় না ৷৬২ কারণ, মার্কসের রচনা থেকে দেখা যায় যে, মার্কস খ্রিষ্টীয় মানবতাবাদের তীব্র বিরোধী ছিলেন, অনেক ক্ষেত্রে তিনি একে মানবতাবাদী পর্যন্ত মনে করেন নি ৷ মার্কস বলেছেন,
খৃষ্টধর্মের সামাজিক নীতিগুলি প্রাচীনকালে দাসপ্রথা সমর্থন করেছিল, ভূমিদাসপ্রথার মহিমাকীর্তন করেছিল মধ্যযুগে, আর প্রয়োজনের ক্ষেত্রে প্রলেতারিয়েতের উপর উৎ‍পীড়ন সমর্থন করতে সক্ষম, সেটা কিছুটা বিষাদমাখা মুখবিকৃতির সঙ্গে হলেও ৷ খৃষ্টধর্মের সামাজিক নীতিগুলিতে শাসক আর উৎ‍পীড়িত শ্রেণীর আবশ্যকতার কথা প্রচার করা হয়, আর উৎ‍পীড়িত শ্রেণীর জন্যে তাতে মোট যা দিতে চাওয়া হয় সেটা হল শুধু এই যে, শাসক শ্রেণী হয়ত বদান্য হতে পারে এই সাধু কামনা ৷৬৩
মার্কস এ প্রবন্ধে আরো তীব্র ভাষায় খৃষ্ট ধর্মকে আক্রমণ করেছেন যা থেকে খৃষ্ট ধর্ম সম্পর্কে তাঁর অবস্থান উপলব্ধি করা যায় ৷ তিনি বলেন, "খৃষ্টধর্মের সামাজিক নীতিগুলি প্রচার করে ভীরুতা, হীনতা, বশ্যতা আর অবনমন, সংক্ষেপে ইতর জনতার সমস্ত চরিত্র... খৃষ্টধর্মের সামাজিক নীতিগুলো হলো নিচ আর ভণ্ড, আর প্রলেতারিয়েত হচ্ছে বৈপ্লবিক ৷"৬৪ এ থেকে বলা যায় যে, মার্কস খ্রিষ্টীয় মানবতাবাদে মোটেই আস্থাবান ছিলেন না, এমনকি একে মানবতাবাদ বলেও মনে করেন নি ৷ তাই এমনটা বলা যায় যে, এরিক ফ্রম্ম ও মেয়ো মার্কসের মধ্যে খ্রিষ্টীয় মানবতাবাদের পুনরুজ্জীবনের যে দাবি করেছেন মার্কসের রচনা মোটেই তা সমর্থন করে না ৷ মার্কস ও এঙ্গেলস রেনেসান্স ও আলোকায়নের পাশ্চাতীয় প্রচলিত মানবতাবাদী ধারারও বিরোধী ছিলেন ৷ এই ধারাকে মার্কস বিমূর্ত মানবিক সারসত্তার ধারণানির্ভর হিসেবে নাকচ করেন ৷ তিনি মানুষকে সব সময়ই বিশ্ব ইতিহাসের মধ্যে অবলোকন করেন ৷ বাস্তব ইতিহাসে উৎ‍পাদন, শ্রেণী ও সামাজিক সম্পর্কের মধ্যে মানুষকে দেখেন ৷ শ্রেণী সমাজে নিপীড়িত শ্রেণীর মানবিক উত্থানকে কিভাবে অবদমিত রাখা হয় সেটা তুলে ধরেন ৷ প্রচলিত পাশ্চাত্য মানবতাবাদ থেকে মার্কসের চিন্তার পার্থক্য হলো মার্কস বাস্তব ইতিহাস ও শ্রেণী সম্পর্ক থেকে বিযুক্ত মানবতাবাদের কথা বলেন ৷ হাইনজেন মানুষকে শ্রেণীতে বিভক্ত করার জন্য কমিউনিজমকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিসম্পন্ন বলে সমালোচনা করেন ৷৬৫ মার্কস কার্ল হাইনজেনের মানবতাবাদের সমালোচনা করতে গিয়ে বলেছেন, এই শ্রেণী-নির্বিশেষ মানবতাবাদের ধারণা হলো বিমূর্ত, যা বাস্তবে বিদ্যমান বিরোধকে ব্যাখ্যা না-করতে পারার অজ্ঞতাপ্রসূত ৷ এই মানবতাবাদকে তিনি 'মধ্যবিত্ত-শ্রেণীর বিভ্রম' হিসেবে প্রত্যাখ্যান করেছেন ৷৬৬ মার্কস ও এঙ্গেলস কতর্ৃক ফয়েরবাখের ও জার্মান মানবতাবাদীদের সমালোচনা থেকে বুর্জোয়া বিমূর্ত মানবতাবাদ বিষয়ে মার্কসের অবস্থান পরিষ্কার হয়ে ওঠে ৷এঙ্গেলস ফয়েরবাখের বিমূর্ত মানুষের ধারণার সমালোচনায় বলেন, 'ফয়েরবাখের অমূর্ত মানুষ থেকে বাস্তব জীবন্ত মানুষে পৌঁছোবার একমাত্র উপায় হল, তাকে ইতিহাসের অংশী হিসাবে দেখা ৷"৬৭ মার্কস জার্মান সেন্ট ব্রুনো ও সেন্ট স্যানচো-এর বিমূর্ত মানব প্রেমের সমালোচনায় বলেছেন, এটা বাস্তব ইতিহাসের শ্রেণী পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন ও বিমূর্ত কতগুলি অবাস্তব ধারণা মাত্র ৷৬৮ একইভাবে তিনি জার্মান খাঁটি সমাজতন্ত্রীদের 'মানুষ' সম্বন্ধে ধারণাকে বাস্তব ঐতিহাসিক ভিত্তি থেকে বিযুক্ত বলে সমালোচনা করেন, এবং তাকে 'বাস্তব মানুষ' থেকে স্বতন্ত্র বলে মন্তব্য করেন ৷৬৯ তিনি মনে করেন যে, বাস্তব বিশেষকে বাদ দিয়ে সারসত্তার ধারণা হলো অনুধ্যানী দর্শনের ভাষা ৷ সারমর্মের অনুধ্যানী যুক্তিতে বাস্তব ও বিশেষকে বিবেচনা করা হয় না ৷ মার্কস একে 'মনের বিমূর্ত সৃষ্টি' (abstract creations of the mind) হিসেবে প্রত্যাখ্যান করেন ৷ তাঁর মতে, অনুধ্যানী দার্শনিকতার বৈশিষ্ট্য হলো সার্বিকতা৷৭০ মানব সত্তার সারমর্মের বা মানবতাবাদের ধারণা একইভাবে একটা বিমূর্ত ধারণা, যা বাস্তব ইতিহাস ও শ্রেণীর বিশেষ অবস্থানকে বিবেচনা করে না ৷ এ হলো বিমূর্ত মানবতাবাদ ৷ রেনেসান্স ও আলোকায়নের এই বিমূর্ত বুর্জোয়া মানবতাবাদকে মার্কস প্রত্যাখ্যান করেন ৷ তিনি এই একই কারণে হের জেলিগা-এর মানবতাবাদকে ব্যক্তির বাস্তব ঐতিহাসিক ও বিশেষ শ্রেণী অবস্থানকে বিবেচনা না করার জন্য সমালোচনা করেন ৷ মার্কস মনে করেন যে, মানবতার সার্বিক ও সাধারণ একত্বের মধ্যে ব্যক্তিকে দেখাই হলো বুর্জোয়া মানবতাবাদ ৷ এটা হলো 'বিমূর্ত মানবিক সার সত্তার ঐক্যের' ধারণার ওপর প্রতিষ্ঠিত মানবতাবাদ ৷৭১ এ থেকে বলা যায় যে, মার্কস ও এঙ্গেলস প্রচলিত বিমূর্ত মানবতাবাদকে গ্রহণ করেন নি ৷
মার্কসের মানবিক দৃষ্টিভঙ্গি প্রচলিত বুর্জোয়া বিমূর্ত মানবতাবাদ থেকে পৃথক ৷ এ পার্থক্য সম্পর্কে মার্কস বলেছেন, "...communism is humanism mediated with itself through the supersession of private property."৭২ ব্যক্তিগত সম্পত্তির নিরাকরণ প্রক্রিয়ায় শ্রেণীর অবসানের মধ্য দিয়ে মার্কস মানবতাবাদকে দেখেছেন ৷ শ্রেণী সমাজে মানবতাবাদ ব্যক্তির শ্রেণীগত বাস্তব অবস্থানকে বিবেচনা করে না৷ তিনি কমিউনিজমের মানবিকতাকে 'বাস্তব মানবতাবাদ' (positive humanism) এবং 'ব্যবহারিক মানবতাবাদ' (practical humanism)হিসেবে চিহ্নিত করেন ৷৭৩ যে মানবতাবাদ মনে করে যে সমাজে মানুষ তার নিজকে রূপায়িত করতে পারবে, মানুষ মানুষের জন্য তার সারসত্তাকে বাস্তব করে তুলতে পারবে ৷৭৪ মার্কস বুর্জোয়া মানবতাবাদের সাথে নিজের মানবিক চিন্তার পার্থক্য প্রসঙ্গে তাঁর নিজের মানবতাবাদকে বাস্তব ও ব্যবহারিক মনে করেন ৷ তিনি বুর্জোয়া মানবতাবাদকে 'semblance of a human existence'ও 'semblance of humanity' হিসেবে সমালোচনা করেন ৷৭৫ অর্থাত্‍ মার্কস বুর্জোয়া মানবতাবাদকে বিমূর্ত মানবতাবাদী একটা বাহ্যিক ভড়ং বলে মনে করেন ৷ তাঁর মতে, ফরাসী ও ইংরেজ সমাজতন্ত্র বেকন, হবস ও লকের বস্তুবাদী ধারণার সাথে সংমিশ্রিত হয়ে ব্যবহারিক মানবতাবাদী রূপ গ্রহণ করেছে কমিউনিজমে ৷ এ থেকে মার্কস বলেন, বস্তুবাদ ও কমিউনিজম একটি সম্পৃক্ত বিষয়৷৭৬ মার্কসের এই বক্তব্য, রেনেসান্স ও আলোকায়ন হলো মার্কসের মানবতাবাদের উৎ‍স ফ্রম্ম-এর এই বক্তব্যকে নাকচ করে ৷
মার্কসের মতে, মানুষ যেহেতু তার সমস্ত জ্ঞান ও সংবেদনকে অভিজ্ঞতার জগত্‍ থেকে গড়ে তোলে, সেহেতু বাস্তব জগত্‍কে এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে করে যা কিছু যথার্থ মানবিক তাকে মানুষ যেন অনুভব করতে অভ্যস্ত হয় ৷ মানুষ হিসেবে নিজ সম্পর্কে সচেতন হয়ে ওঠা ও সঠিকভাবে উপলব্ধ স্বার্থ তখন সমস্ত নৈতিকতার ভিত্তি হবে ৷ সে অবস্থায় মানুষের ব্যক্তিগত স্বার্থকে অবশ্যই মানবতার স্বার্থের সাথে মিলতে হবে ৷৭৭ মার্কস মানুষের প্রকৃত ব্যক্তি সত্তাকে রূপায়িত করার ক্ষমতাসম্পন্ন অবস্থাকে বস্তুগত অর্থে মানুষের স্বাধীনতা হিসেবে দেখেন ৷ মানুষের নিজকে প্রতিষ্ঠার জন্য, নিজ সত্তার অভিপ্রকাশের সামাজিক শর্ত প্রণয়নের কথা বলেন ৷৭৮ এজন্য মার্কস মনে করেন, মানুষ যদি পরিবেশ দ্বারা রূপায়িত হয় তবে তাকে তার পরিবেশকেও করে তুলতে হবে মানবিক ৷৭৯
মার্কস ও এঙ্গেলস ইতিহাসের শ্রেণী-পর্যায়ে শ্রেণীহীন মানবতাবাদকে প্রত্যাখ্যান করেন ৷ মার্কস শ্রেণী সমাজের অবসানের মধ্য দিয়েই মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন ৷ বাস্তব ইতিহাসের শ্রেণী-পর্যায়কে ইতিহাসের ভেতর দিয়েই অতিক্রম করে শ্রেণীহীন স্তরে উত্‍ক্রমণ ঘটানোর কথা বলেন ৷ মার্কস বলেন, "The condition for the emancipation of the working class is the abolition of every class..."৮০ তিনি শ্রমিক শ্রেণীর মুক্তির প্রক্রিয়ায় সকল শ্রেণীকে লুপ্ত করার কথা ভাবেন ৷ কমিউনিজমের পর্যায়ে সমাজে শ্রেণীর মধ্যেকার নিষ্ঠুর বিরোধের অবসান হবে, এবং শ্রেণী নিপীড়নের রাজনৈতিক ক্ষমতার বিলুপ্তি ঘটবে৷৮১ পুঁজিবাদী সমাজ যেহেতু শ্রেণীতে শ্রেণীতে বিভাজিত সমাজ তাই শ্রেণী সমাজে কোনো সর্বজনীন নৈতিকতা থাকে না, তা হয় শ্রেণী-নৈতিকতা৷ এঙ্গেলস বলেন, "যেহেতু সমাজ আজ পর্যন্ত শ্রেণী দ্বন্দ্বে বিভক্ত সে কারণে সমাজে বিদ্যমান নৈতিকতা হচ্ছে শ্রেণী-নৈতিকতা...৷"৮২ পুঁজিবাদী শ্রেণী সমাজের পর্যায়ে আমরা 'যথার্থভাবে মানবিক নৈতিকতা' অর্জন করতে পারি না ৷ এঙ্গেলসের ভাষায় "শ্রেণী-নৈতিকতার পর্যায়কে আমরা এখনো অতিক্রম করি নি ৷ যথার্থভাবে মানবিক নৈতিকতা, যে-নৈতিকতা শ্রেণী-দ্বন্দ্ব এবং তার স্মৃতিরও ঊধের্্ব অবস্থিত তেমন নৈতিকতা সম্ভব হবে সমাজের একমাত্র সেই পর্যায়ে যেখানে কেবল যে শ্রণী-দ্বন্দ্ব অতিক্রান্ত হয়েছে, তাই নয়, যেখানে বাস্তব জীবনে মানুষ তাকে বিস্মৃত হয়েছে ৷"৮৩ এ থেকে বলা যায় যে, মার্কস ও এঙ্গেলস ভবিষ্যত অনাগত সমাজে শ্রেণী অবসান ঘটার প্রক্রিয়ায় শ্রেণী নৈতিকতার অপনোদনের মধ্য দিয়ে মানবিক সমাজ ও একটি সার্বিক মানবিক নৈতিকতা প্রতিষ্ঠার কথা ভাবেন ৷ শ্রেণীহীন সমাজের মানবিক নৈতিকতার ধারণা হলো একটি সার্বিক ধারণা, একটি নৈতিক আদর্শ৷ কিন্তু এই মানবিক নৈতিকতার বাস্তবায়নকে মার্কস ও এঙ্গেলস বাস্তব-ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছেন ৷

উপরিউক্ত আলোচনা থেকে এটা পরিষ্কার হয়ে আসে যে, পুঁজিবাদকে সমালোচনা ও প্রত্যাখ্যানের ক্ষেত্রে মার্কস ও এঙ্গেলসের মধ্যে মানবিক মূল্যবোধ বা মানবিক নৈতিকতা ক্রিয়াশীল ছিল ৷ তবে লক্ষণীয় যে, তাঁরা নীতিসর্বস্ববাদিতা ও বিমূর্ত বুর্জোয়া মানবতাবাদ থেকে নয়, বরং বস্তুবাদী অবস্থান থেকে পুঁজিবাদী অমানবিক বাস্তব পরিবেশের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে একটি মানবিক পরিস্থিতি বা সমাজ বাস্তবতা প্রণয়নের সাহায্যে শ্রেণী অবসানের প্রক্রিয়ায় মানবিক সমাজ বা মানবিক নৈতিকতা প্রতিষ্ঠার কথা বলেছেন ৷ যা জুডেও-ক্রিশ্চিয়ান বা রেনেসান্স ও আলোকায়নের মানবতাবাদ থেকে উত্‍সারিত নয়, বরং সেটা ইংরেজ ও ফরাসী সমাজতন্ত্র এবং বস্তুবাদের বিকাশেরই পরিণতি ৷ যা বিমূর্ত বুর্জোয়া মানবতাবাদ থেকে ভিন্ন এক বাস্তব ও ব্যবহারিক মানবতাবাদ৷ মার্কসবাদ পুঁজিবাদকে যখন ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছে বর্ণনামূলকভাবে ৷ কিন্তু মার্কস ও এঙ্গেলস পুঁজিবাদের বর্ণনার সাথে সাথে তার নৈতিক সমালোচনাও উপস্থিত করেন, এটা হলো মার্কসবাদের নৈতিক বা আদর্শিক দিক ৷ মার্কসবাদের মধ্যে এই বর্ণনামূলক ও নৈতিক দুটি দিকই যুগপত্‍ভাবে বিদ্যমান ৷
তথ্যসূত্র
১. লুসিয়েন গোল্ডম্যান মনে করেন, কান্টের মধ্যে মানুষকে লক্ষ্য হিসেবে দেখার যে মানবতাবাদী ভিত্তি রয়েছে মার্কসের মধ্যেও সেটি দেখা যায় ৷ এ থেকে তাঁর মতে, মার্কসের সমাজতত্ত্ব ও নৈতিকতার মধ্যে একটা সমন্বয় সম্ভব ৷ নব্য কান্টবাদী সমাজতন্ত্রী হারম্যান কোহেন বিংশ শতাব্দীর শুরুর দিকে মার্কসবাদের একটা কান্টীয় ভাষ্য দেন ৷ নব্য কান্টবাদী সমাজতন্ত্রী কার্ল ভোরল্যান্ডার মার্কসবাদ ও কান্ট নৈতিকতার মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করেন ৷ মার্কসবাদের কান্টকরণের এই প্রচেষ্টায় সামপ্রতিককালে যুরগেন হোবারম্যাস উল্লেখযোগ্য ৷ ভ্যান ডার লিডেন মনে করেন যে, কান্ট মানবিক নৈতিকতা মার্কসবাদের মানবিক নৈতিক ভিত্তি প্রদান করে ৷ পাশ্চাত্য মার্কসবাদী ধারার মধ্যে কান্ট নৈতিকতার একটা পুনরুজ্জীবন ঘটেছে ৷ নব্য কান্টবাদী সমাজতন্ত্রী বার্নেস্টাইন, ফ্রেডারিক লাঙ্গে, কার্ল ভোরল্যান্ডার ও হ্যারম্যান কোহেন কান্টের শর্তহীন আদেশকে সমাজতান্ত্রিক নৈতিকতার ভিত্তি হিসেবে গ্রহণ করেন ৷ এ প্রসঙ্গে দেখুন, Harry Van Der Liden, Kantian Ethics and Socialism, (Indianapolis: Hackett Publishing Co., 1988) এবং "Marxism and Morality: an Impossible Synthesis?", Theory and Society, (Dordrecht: Martinus Nijhoff Publishers, 1984), Vol. 13, No. 1, January, 1984.
২. দেখুন, George G. Brenkert, "Freedom and Private Property in Marx", Marx, Justice and History এবং Thomas W. Keys, "Does Marx Have a Concept of Justice?" Philosophical Topics, Vol. 13, No. 2, Spring, 1985.
৩. Charles Taylor, "Marxism and Empiricism" in British Analytical Philosophy, B. Williams and A. Montefiore (eds.), (New York: Humanities press, 1966), pp. 144-245
৪. R.G. Peffer, Marxism, Morality, and Social Justice, (Princeton: Princeton University Press, 1980), p. 7
৫. Ibid, pp.35-48
৬. Marx, EPM, p. 69
৭. Ibid., pp. 69-70
৮. Ibid., p. 70
৯. Loc. cit.
১০. Ibid., p. 71
১১. Loc., p.71
১২. Ibid., p.73
১৩. মার্কস, পুঁজি, (মস্কো: প্রগতি প্রকাশন, ১৯৮৮), খণ্ড-১, অংশ-২, পৃ. ৮৬
১৪. দেখুন, Marx, Grundrisse, Trans. Martin Nicolaus, (London: Penguin Books Ltd., 1993) pp. 452, 455, 515, 831
Marx & Engels, The German Ideology, (Moscow: Progress Publishers, 1976), p. 54
১৬. মার্কস, "হেগেলের আইনের দর্শনের পর্যালোচনায় প্রদত্ত রচনা", 'ভূমিকা'; কার্ল মার্কস, ফ্রিডরিক এঙ্গেলস ধর্মপ্রসঙ্গে, (মস্কো: প্রগতি প্রকাশন, ১৯৮১), পৃ. ৪৮
১৭. Marx, EPM, pp. 78-79
১৮. Ibid., p. 82
১৯. Marx, The Holy Family in Karl Marx and Frederick Engels, Collected Works (এর পর সংক্ষেপে MECW লেখা হয়েছে), (Moscow: Progress Publishers, 1975), Vol. 4, pp.36-37২০. Ibid., p. 131
২২. এঙ্গেলসের এ্যান্টি-ডুরিং, সরদার ফজলুল করিম অনূদিত, (ঢাকা: বাংলা একাডেমী, ১৯৮৫), পৃ. ১১৫
২২. Marx, EPM, p. 98
২৩. Marx, "On the Jewish Question" Karl Marx, Selected Writings, (এর পর সংক্ষেপে MSW লেখা হয়েছে) (London: Oxford University Press, 1977), p. 47
২৪. Ibid., p. 53
২৫. দেখুন Marx, EPM, pp. 98-99 এবং Engels, "Speeches in Elberfeld" MECW, Vol. 4২৬. MECW, Vol. 4, p. 246
২৭. Ibid., pp. 250-252
২৮. Marx & Engels, The German Ideology, p. 86
২৯. Ibid, p. 90
৩০. মার্কস, "ফয়েরবাখ সম্বন্ধে থিসিসসমূহ" কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস রচনা-সংকলন, (মস্কো: প্রগতি প্রকাশন, ১৯৭২), দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় অংশ, পৃ. ৮৯
৩১. দেখুন Marx, EPM, pp. 21-61, 110 Ges Marx, The Holy Family, MECW, Vol. 4, p.39 I Engels, The Condition of the Working-Class in England, MECW, Vol. 4, pp. 411, 416, 501
৩২. Engels, The Condition of the Working Class in England, MECW, Vol. 4, p. 501
৩৩. Marx, EPM, p. 96
৩৪. Ibid., p. 97
৩৫. Ibid., pp. 100-101
৩৬. Ibid., pp. 102-103
৩৭. Ibid., p. 103
৩৮. Ibid., pp. 105-106
৩৯. Ibid., pp. 108-113
৪০. Ibid., p. 132
৪১. Ibid., p. 114
৪২. L.D. Keita, "Neoclassical Economics and the Last Dogma of Positivism: Is the Normative-Positive Distinction Justified?", Metaphilosophy, (Oxford: Blackwell Publishers, 1977), Vol. 28, Nos. 1/2, p.86
৪৩ Amartya Sen, On Ethics and Economics, (Delhi: Oxford Universigy Press, 1990), p.3
৪৪. Ibid., p. 106
৪৫. Marx, Grundrisse, pp. 162, 487, 542
৪৬. Marx, EPM, p. 108
৪৭. Marx, Capital, (Moscow: Progress Publishers, 1966), Vol. 3, p. 820
৪৮. মার্কস ও এঙ্গেলস, 'জার্মান ভাবাদর্শ', মার্কস এঙ্গেলস নির্বাচিত রচনা সংকলন, (মস্কো : প্রগতি প্রকাশন, ১৯৭৯), খণ্ড-১, পৃ. ৪৩
৪৯. প্রাগুক্ত, পৃ. ৪৭
৫০. প্রাগুক্ত, পৃ. ৮৩
৫১. প্রাগুক্ত, পৃ. ৮৭
৫২. প্রাগুক্ত, পৃ. ৯৬
৫৩. প্রাগুক্ত, পৃ. ৮৮
৫৪. প্রাগুক্ত, পৃ. ৯৭
৫৫. প্রাগুক্ত, পৃ. ৯৮
৫৬. Jon Elster, Making Sense of Marx, p. 527
৫৭. Erich Fromm, To have or To Be?, (London: Abacus, 1995), p. 25
৫৮. ঐ, Beyond the Chains of Illusion, (London: Abacus 1994), pp. 11-12.
৫৯. Ibid., p. 16
৬০. Ibid, pp. 24, 25
৬১. Henry B. Mayo, Introduction to Marxist Theory, (New York: Oxford University Press, 1960) pp. 250-263


৬২. দেখুন Engels "Bruno Bauer and Early Christianity", MECW, (Moscow: Progress Publishers, 1989), Vol. 24, pp. 429-430 এবং কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস রচনা-সংকলন, (মস্কো, প্রগতি প্রকাশন, ১৯৭২), দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় অংশ, পৃ. ৫৯-৬৮
৬৩. মার্কস, "কমিউনিজম", কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস, ধর্ম প্রসঙ্গে, পৃ. ৮১
৬৪. প্রাগুক্ত, পৃ. ৮২
৬৫. Marx, "Moralizing Criticism and Critical Morality,"
৬৬. Ibid MSW, pp. 216-217., pp. 217, 218
৬৭. এঙ্গেলস, লু্যদভিগ ফয়েরবাখ ও চিরায়ত জার্মান দর্শনের অবসান, কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস রচনা-সংকলন, (মস্কো: প্রগতি প্রকাশন, ১৯৭২), দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় অংশ, পৃ. ৬৮
৬৮. Marx & Engels, The German Ideology, pp. 326-366
৬৯. Ibid, pp. 482-483
৭০. Marx, The Holy Family, MECW, Vol. 4, pp. 57-61
৭১. Ibid., p. 39
৭২. Marx, EPM, p. 151
৭৩. Loc. cit.
৭৪. Loc. cit.
৭৫. Marx, The Holy Family, MECW, Vol. 4, p. 36
৭৬. Ibid., pp. 124-130
৭৭. দেখুন Ibid., pp. 130-131
৭৮. Ibid., p. 131
৭৯ Loc. cit
৮০. Marx, The Poverty of Philosophy, (Moscow: Progress Publishers, 1973), p. 151
৮১. Ibid., pp. 151-152
৮২. এঙ্গেলসের এ্যান্টি-ডুরিং, পৃ. ১১৫
৮৩. প্রাগুক্ত, পৃ. ১১৫
১১. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৪
ফালাক বলেছেন: এক্কেরে পুরা ৩০ পাতার চটি বই তুইলা দিছেন!!!!
সৈয়দ আমিরুজ্জামান বলেনঃ +

 

মোট সময় লেগেছে ১.১২৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
প্রাবন্ধিক, লেখক
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই