১.
মেঘ বললো আছি
ঝড় বললো আছি;
ঝুম বৃষ্টির জলের দোহাই-
তোমার কাছাকাছি।
২.
ভরদুপুরে
নদীর পারে
আমরা দুজন;
বিভক্ত স্রোত
নির্দ্বিধা ঠোঁট
জড়ানো মন।
জড়িয়ে থাকা
সময় টুকু
বাসছে ভালো;
গভীর চোখের
দৃষ্টিটাতেই
মন উড়ালো।
৩.
পারিজাত ফুলের সৌরভে
চুলে বিলি কাটা নকশা-
কে জানে!
মাকড়েরও বুঝি ভালোবাসতে ইচ্ছে হয়!
৪.
আমি যতবার কালপুরুষ হতে চেয়েছি,
তুমি কেবল ধ্রুবতারা হয়ে থেমে গেছো।
৫.
চোখে কেবল নালিশ জানিয়েছো,
মুখে দিগ্বিজয়ের হাসি
প্রকট উদাহরণ হয়ে যাবার আগেই
নিজেকে নিঃশেষ করেছো বারংবার।
৬.
সবটুকু শুষে নিয়েছি।
মধুক্ষরা,
পরের বসন্তে আসছো তো!
৭.
নীপবনে বৃষ্টির চাঞ্চল্য-
কখনই
তোমার হাতের চেয়ে নীপ সুন্দর নয়।
৮.
নিয়ন আলোয় পৃথিবীর রঙ ঝাপসা
পশরা সাজিয়ে বসে থাকো লাল-লাল রঙ,
পর্যটকের মন জুড়ে ব্যস্ততা-
শুভাগমনের সব পথ নির্জন।
৯.
বিভাস পেতে নিয়েছে মাদুরের রঙ
শকট বোঝাই প্রকট মুখোশে;
বৃথা যায় ঘুমের এক একটি পাতা।
১০.
আমার পথভ্রষ্ট হতেও আপত্তি নেই
পথের শেষ বাঁকটা যেন
তোমার দুয়ারেই সন্ধ্যে নামায়!
১১.
সহজিয়া প্রেম, অনুকূল আভিজাত্য
স্রোতের চেয়ে-
জটিলভাবে সরল আর কি হতে পারে?
ছবি কৃতজ্ঞতাঃ বৃষ্টি কন্যা
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


