১.
আমি কিন্তু বেশ সুখেই আছি।
জুতোর সুখতলার মত মসৃণ এবং
মহাভারতের ছন্দের মত ক্লাসিক সুখ;
অনবদ্য।
২.
প্রাচ্যের নদীগুলো খুব বহতা হয়
বিনম্র উচ্চারণে প্রবাদ ভাষণ-
আমি চুপ করে তোমার গলে পড়া দেখছিলাম।
৩.
ভেসে যাওয়া পাতার উপর
একটি শিশির ঘুমিয়ে আছে।
স্থির জল বিয়োগ চলমান জল;
একটি পাতাই তো!
৪.
তোমার ভয়ে লুকিয়েছিলাম কুমেরুর স্তম্ভে
পৃথিবী গিলে নিয়েছিলো তোমার প্রগাঢ় চুম্বন।
৫.
কফিনে পোতা হলো শেষ পেরেক।
অথচ অবলীলায় ঘুরে বেড়াচ্ছে
ছয়শ' পঁয়তাল্লিশ কোটি মৃতদেহ!
৬.
আমরা সূর্যাস্ত দেখে কতনা বিমোহিত হই!
অথচ নিজেরা অস্ত যাচ্ছি প্রতি জন্মদিনের উৎসবে।
৭.
সাধ করে তার নাম দিয়েছি সাধ্য।
সে আমার সাধের উপপাদ্য!
৮.
অপরাধ করেছিলাম একদিনই
তোমাকে ছুঁয়ে দিয়ে।
বাকী জীবন সঙ্গমে তার প্রায়শ্চিত্ত করে যাচ্ছি।
৯.
পকেটে রাস্তা পুরে
হাঁটছি পথের হাত ধরে।
১০.
উড়ন্ত ঘুমের মত কিছু ঘুমন্ত স্বপ্ন
যায় দিনের বৃত্তে-
জেগে ওঠা হয়না;
স্বপ্নাতুর ঘুমেরা কেবল উড়তে থাকে।
১১.
অস্পৃশ্য সূর্যালোক,
তীক্ষ্ণ বর্ষা হেনে গুঁড়িয়ে দেয় সকল অন্ধকার।
এতো ক্ষমতা যার, একবার খোল দেখি
বন্ধ করা দুচোখ আমার!
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১২ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


