এএফপি :
যুক্তরাষ্ট্রে ২০১০ সালেও বেকারত্বের হার বেশী থাকবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এক সমীক্ষায় বলা হয়েছে, এই সময়ে শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকরা বেশী দুর্ভোগের সম্মুখীন হতে পারে।
ইকোনমিক পলিসি ইনস্টিটিউট পরিচালিত সমীক্ষার রিপোর্ট প্রণয়নকারী কাই ফিলিওন বলেছেন ,‘মন্দার সময়ে ইতোমধ্যে শ্বেতাঙ্গ ও সংখ্যালঘুদের মধ্যে বেকারত্ব হারের ব্যবধান নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
সমীক্ষায় বলা হয়েছে যে ২০১০ সালের তৃতীয় চতুর্থাংশে শ্বেতাঙ্গ আমেরিকানদের বেকারত্বের হার ৯.০ শতাংশে পৌঁছবে। বর্তমানে এ হার হচ্ছে ৮.১ শতাংশ। সংখ্যালঘুদের বেকারত্বের হার ১০ শতাংশ।
এতে আরো বলা হয়েছে, বেকারত্বের হার কৃষ্ণাঙ্গ শ্রমিকদের ক্ষেত্রে ১৭.২ শতাংশ এবং হিস্পানিকদের ক্ষেত্রে ১৩.৯ শতাংশে দাঁড়াতে পারে।
মন্দায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে আলবামা, ইলিনয়, মিশিগান, ওহিও এবং সাউথ ক্যারোলিনায় কৃষ্ণাঙ্গদের বেকারত্বের হার ২০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
সমীক্ষায় আরো আশঙ্কা ব্যক্ত করা হয়েছে যে ২০১০ সালের তৃতীয় চতুর্থাংশে ২০০৭ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে মন্দার সূচনাকালের তুলনায় শ্বেতাঙ্গদের বেকারত্বের হার ৫ শতাংশ বাড়তে পারে।
কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে এ হার ৮.৬ শতাংশ এবং হিস্পানিকদের ক্ষেত্রে ৭.৯ শতাংশ বাড়তে পারে।
অর্থনৈতিক মন্দা সত্ত্বেও, পিউ রিসার্চ সেন্টার পরিচালিত পৃথক এক সমীক্ষায় বলা হয়েছে যে বিগত ২৫ বছরের যে কোন সময়ের তুলনায় কৃষ্ণাঙ্গ আমেরিকানরা তাদের অগ্রগতির ব্যাপারে অধিক আশাবাদী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



