ঈদের গল্প
মাগো একটা গল্প বলো, অনেক খুশীর গল্প বলো,
আজকে যে মা ঈদের দিন মনটা কেন খারাপ হলো?
কিনে দিলে নতুন জামা- সারাটা বছর গতর খেটে;
চুড়ি দিলে, ফিতে দিলে- রোজার নামে খালি পেটে।
মাসের শেষে গুনে গুনে হাতে যা পাও হাজার টাকা,
নুন আনতে পান্তা ফুরোয় আঁচল তোমার নিত্য ফাঁকা।
বাবার চোখে স্বপ্ন ছিল- একদিন আমি বড় হবো;
লেখাপড়া শিখে নাকি নিজের পায়ে ঠিক দাঁড়াবো।
আদর করে বলতো বাবা তুই যে আমার সব ভরষা,
গরীব ঘরে জন্ম নিলেও বলবে না কেউ মুর্খ চাষা।
সেদিন হঠাৎ সন্ধ্যাবেলা নিভলো বাতি দমকা ঝড়ে,
নতুন জামা কিনে বাবা ফিরলোনা আর নিজের ঘরে।
রাজপথে এক দানব ট্রাক গুঁড়িয়ে দিল বাবার দেহ,
রক্তে ভেজা নতুন জামা কার ছিল তা জানেনা কেহ।
সেই থেকে মা বেঁচে থাকার যুদ্ধ তোমার শুরু হলো,
এখন আমি সব বুঝি মা, লুকিয়ে আর কি লাভ বলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



