অ ।।
সূর্য অথবা সেদ্ধ ডিমের কুসুমও হতে পারে, ওই গড়িয়ে চললো হাঁটি হাঁটি, লালঝুঁটি মোরগের আজানে ভৈরবীঃ চরিতার্থ জনকের জন্ম! এই ভোর ফেলে, অবিশ্বাসী পরম দুঃখবাদী একজন চোখের আরাম খোঁজে কুয়াশার দৃশ্যে, (অন্য কোথা - ) অনিবার্য এই নির্বাচিত নিমজ্জন,(অন্য কোনোখানে)।
তার দৃষ্টি থেকে মুগ্ধতার রেখা
লম্ব টেনেছে
বিষাদের ফ্রেমে।
আ।।
একাকী পাহারায় এই মনস্তাপ বিকিরণ ঢেকে দেবে কোন্ গৌরব ? কিছু শীত শীত চেহারার ভিড়ে জলস্বভাবী এই জীবন পর্যটন। ... শীত, বেরসিকা, গৌণ ঋতু, কতইবা
অবহিত জলের স্বভাব নদীর গতিপথ ও বৃষ্টি বিষয়ে! গৌণ চোখের পল্লবজুড়ে আকাশের ছায়া নেই কিছু ; অবকাশ থাকে না খণ্ডিত চোখে। হায় প্রজাপতি, কোথায় পাবে ভাই এমন রঙিন পুষ্পাধার - ধরে রাখবে সমূহ নিজস্বতার রঙ!
ই।।
এইসব বিচ্ছিন্নতা মূলতঃ কর্মফল। বড় বেশি জল জমিয়েছিল মেঘ ঃ চলনে মন্দাক্রান্তা, শ্রাবণ ফুরোলেও অর্ঘ্য সমুদয় তবু অর্পিত হয়না। (কালিদাসীয়
বৃক্ষনিধন পর্বকালীন আই কিউ তার)। একটা শরৎ ধারাজলে বিলম্বের অপরাধবোধ; হেমন্তে অরণ্যে রোদন শেষে বিস্তৃত প্রতাপ ছাঁট এসে লাগে পউষের চৌহদ্দিতে।
মুগ্ধতার জ্যামিতি পুস্তকে তার নেই ঠাঁই। আহত লাজুক দ্বিধা পায়দল ফিরে চলে অন্য প্রেষণায়।
ঈ।।
পায়ের নিচে ১ ভাগ মাটি
আঁকড়ে ধরে লতিয়ে ওঠে
মানুষের অষ্ট প্রহরিকা
আর ৩ ভাগ জল জুড়ে
বেদনা প্লাবন মিশে যায়।
জল ও মাটির উত্তরাধিকার
সে নহে অবিশ্বাসীর
৪ ভাগ আকাশের নির্বেদ
সকল আশ্রম।
উ।।
আকাশের চেয়ে ঢের বেশি নিতল গহ্বর ছিল না কি পৃথিবীতে ? অধরা মৌনতার দিকে তবু অক্ষরী আবেগের প্রবণতা ঃ জ্ঞানের মুখোমুখি হলো মেধামন্দ প্রস্তুত, প্যাঁচার মুখোশ তার। নীল সুমহান শূন্যতা ফেরায়নি শূন্যহাতে। পুরনো শীত, পুরনো - সে বর্ষার বদলে এক বিষাদের সন্ধ্যায়, তুঙ্গ - দুঃখ দিনরাত্রির সন্ধিক্ষণে, আহ্নিক গতির ধারণা জোগালো তাকে। - কোলাহলহীনতার সুবিধায় সেই থেকে রাত্রিচর।
স্খলমান চশমা সামলে পুনশ্চঃ উদ্যোগী শিল্পশিথিল একজনঃ বিষাদের মূল্যে রাতজাগা কাপালিক ধ্যান, বেছে নিল অনিদ্রা অসুখ; এই টানটান ভালবাসা জীবনের বিরুদ্ধে যায় তবু .।কেবল শব্দের মূল্যে সূর্য আর মানুষের বিপরীতে বরাবর
(ঊ।।
সমুদয় ঘন সাদা মেঘ
সকল আকাশ
আমার সমূহ স্বর্গ)
ঋ।।
ভোরের আলো এসে গুটিয়ে নেবে রাতের প্রশ্রয়খ্যাত উজ্জ্বল কর্মশালা।
ঘুমঘুম রাত নেমে আসে সমূহ প্রেষণার চোখে।
চশমা স্খলমান তাই - ভোর হলো নাকি, এই উদ্বেগে।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



