পুঁটি মাছ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী
ঝালফ্রাই কিংবা চ্যাপা শুঁটকি হবার প্রক্রিয়া দেখে না তারা
জালে পিঠ ঠেকলেই এক লাফে আত্মহত্যা করে
আর কৈ মাছ প্রথমে নিজের ধরা খাওয়া দেখে
তারপরে দেখে খাঁচা; দেখে দেশান্তর
দেখে বাজার; দরকষাকষি
কানকো নেড়ে নিজের বিক্রি হওয়া দেখে
রান্না ঘরে আঁশ ছাড়ানো দেখে; বটি দায়ের ধার দেখে
ফালাফালা শরীরে মসলা ও লবণ মাখানো দেখে
অবশেষে তিত্তিড়িং লাফ দিয়ে গরম তেল দেখে কৈ মাছেরা পুঁটি মাছের মতো বুদ্ধিমান হয়
দু বছর পরে এসেও সহোদর হিরন
আধাঘণ্টার মধ্যেই বুঝে ফেলে পুঁটি মাছ পন্থী হওয়া বুদ্ধিমানের কাজ
আর আমি ইসকুল কলেজ ভেঙে এখনও রয়ে গেছি কৈ মাছ পন্থী বেকুব
২০০৭.০১.১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



