ফিতা কেটে উদ্বোধন নতুনের ,পুরাতন রীতি ;
জ্যান্ত মানুষের পাঁজরের হাড় ভাঙ্গা পট পট শব্দ
উদ্বোধন এবার , কায়দা অভিনব ।
রক্তের গালিচা পিচ্ছিল , অভূতপূর্ব।
শুনেছি তারা দু'পায়ে হাটত , খিদে পেলে খেত ,
দু:খে কাঁদত , গরমে তাদের শরীরে নোনা ঘাম ঝরত ।
তাদের বাবা- মা ছিল , সন্তান ছিল , সন্তানের অসুখে
উদ্বিগ্ন হত তারা ; তারা ভোটার ছিল লোকালয়ে ।
আজ তারা বিগত ।
রাজধানীর সুউচ্চ সুরম্য ভবন চূর্ন- চাকরী ,
বাহাদুরী ! টাকা-পয়সা জমিয়ে হনহন যাবে বাড়ি ,
ধান কেনা হবে , লাঙ্গলের গরু ,বন্দকী জমি --
সব ব্যবস্থা পাকা হয়ে যাবে , মাত্র কদিন বাকী ।
নিয়তির ফাকি , ঝরে পড়ল জীবন ; ধুলিস্যাৎ হল
স্বপ্ন আতশবাজী। তাদের বুকের উপর রাস্তা প্রশস্থ ,
দু'পাশে মনোরম দোকান মনোহরী ;
পরিকল্পনা বলিহারি । আড়াআড়ি পথ --
শহুরে জীবনে স্বস্থি , নাগরিক উপকারী ।
সুপথে চলেছি , বিপথেও চলি ; এ যে কুপথ ---
যত তাড়া থাক ,যাব না সে পথে ,
পরিকল্পনা যতই ভেস্তে যাক । হোক যত বাড়াবাড়ি ।
রক্তাত পথ পিছলে পড়ি , অথবা যায় কি বলা
সেই সব মানুষের সন্তান ওৎপেতে থাকে যদি , যদি
চায় ফিরে পিতাকে , যদি চায় নিদেনপক্ষে পিতার হাড় ,
গোসত্ ,কলিজা , হৃদপিন্ড অবিকল অথবা এ সবের মূল্য !
নি:স্ব সন্তানের জিদ যদি হয় অহংকার ,
শুনেছি হয় সে ক্ষুদ্ধ ভয়ংকর ভারী !
বরঞ্চ দেশ ও দশের হিতকর কাজ সন্ধান জরুরী ;
আপাতত: রাস্তার নামকরনে মনোনিবেশ ,
নামটাই আসল , আর সব ফাঁকি ।
বিজয় সরনীর বিপরীতে ---
নাম হতে পারে পরাজয় সরনী ,
মনুষ্যত্বের পরাজয় দিকচিহ্ণ যার পরিচয় ।
বংশ পরস্পরায় মনে করিয়ে দেয়া সহজতর হবে --
মীরজাফর আমাদেরই একজন ছিল , ঘরের লোক ।
বৃটিশ বা অন্য কোন জাতের নয় ।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



