আমার লেখাই বাবুমনিটি ছাড়া আর কে আসতে পারে বলেন! সারাটা দিনই তো ওর পাঁচমিশালি কথা আর টক-ঝাল-মিষ্টি দুষ্টুমি আমায় ব্যস্ত করে রাখে। তাই ওকে নিয়ে না ভেবে আমার উপায়ই নেই। প্রতিদিনই বাসায় ফিরে মায়ের অনেক আদুরে অভিযোগ শুনতে পায় আমার পুঁচকে টার বিরুদ্ধে- তোমার ছেলে আজ এটা করেছে, তোমার ছেলে আজ ওটা করেছে। গতকাল অফিসে ফোন আসল মায়ের বাসা থেকে। ফোন ধরতেই শুনি আমার সোনামনির কন্ঠ। কান্না মিশ্রিত কন্ঠে বলছে- মা আমি পলে গেতি। মাতায় ওনেক বেতা পাতি। মা আমি ওনেক কান্না কততেতি। নুমি তালাতালি তলে আত। আমি তো ভয়ই পেয়ে গেলাম- কেমন করে পড়ল, কেমন ব্যথা পেল। পরে ওর খালামনি বলল দৌড়াতে গিয়ে ফ্লোরে চিৎ হয়ে পড়ে মাথায় ব্যথা পেয়েছে। দীর্ঘসময় ধরে নাকি কান্না করেছে তাই ও ফোন করে দিয়েছে যেন মায়ের সাথে কথা বলে মন ভালো হয়।
অফিস থেকে ফিরার সময় হলে যদি ডোরবেল বেজে উঠে বেবী নাকি আমাত মা আততে মনে হয় বলে দরজার দিকে দৌড়ে যায়। আর মা যদি সত্যিই আসে তো খুশি তে লাফাতে লাফাতে বলে আমাত মা আততে, আমাত মা আততে । তারপর আমাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে- আদত দিতি। গতকাল বাসায় ফিরার পর সে অনেক অভিনয় করে দেখাল সে কিভাবে পরে গেছে, কোথায় কোথায় ব্যথা পেয়েছে এবং কিভাবে কান্না করেছে।
একদিন আমি অফিস থেকে ফিরে পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম -ও ওর নানুর পিছে হাঁটতে হাঁটতে খুব মনযোগ দিয়ে কিছু একটা নিয়ে আলাপ করছে। আমি পর্দা একটু বেশি সরিয়ে ফেলাতে ও আমাকে দেখে ফেলল কিন্তু এমন ভাব করল যেন ও আমাকে দেখতে পায়নি। কথা বলতে বলতেই ও পর্দার কাছে এল এবং পর্দা উল্টিয়ে আমার দিকে তাকিয়ে বলল - মা ককন আতত? ওর এতো নির্বিকার প্রশ্নে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। হাসতে হাসতে বেবীকে কোলে নিলাম।
আমার অফিসের এক কলিগ এর বিয়ে ছিল। আমার হাসবেন্ড ঢাকায় ছিল। তাই আমাকে একাই এ্যাটেন্ড করতে হচ্ছে। তো আমি রেডি হচ্ছিলাম। বেবী আমার পিছে পিছে ঘুরছে আর বলছে- মা আমাকে তেডি কোরে দাও আমি বিয়েতে দাবো। আমি বেবীকে রেডী করেই দিলাম। ও তো মহাখুশি ও রেডী হয়ে গেছে বিয়েতে যাবে। কিন্তু আমি একা যাচ্ছি বিয়েতে বেবীকে নিয়ে যাওয়া রিস্কি হয়ে যায়। এতো লোকের ভিড়ে বেবীকে সামলানো সহজ ব্যপার নয়। তাই বের হওয়ার সময় বেবীকে একপ্রকার জোড় করেই মায়ের বাসায় রেখে চলে গেলাম বিয়েতে।
আমি ফিরার পর ওর প্রথম কথা - নুমি আমাকে ফেলে তলে গেত আমি নুমাকে মাবব। পরে মার থেকে শুনলাম আমি যাওয়ার পর নাকি আমার বাবুসোনা কাদঁতে কাদঁতে নানুর কাছে গিয়ে গান করছে- দল বনদু আমাত কেহ নাই...।
সোনামনিটার কথা বলতে বলতে মনটা অনেক ভালো হয়ে আসল। আজ এখানেই থাক। আরেকদিন নাহয় আরো কিছু শেয়ার করব।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১০ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




