এখানে এই শীতল লাশ-কাটা ঘরের নিথর বিছানায়
জমাট বেঁধে আছে
আজন্ম-চাষীর সভ্যতা আবাদের সমস্ত বাসনাগুলো;
আর ফিরবেনা--বন্ধকী জমি--হালের বলদ--
অট্টালিকা--জীবনের স্বপ্নের আঁকি-বুকি;
স্বপ্নের ঝাঁঝরা হৃৎপিন্ড নিরিবিলি শুয়ে আছে
এই লাশ-কাটা ঘরে।
আবার ফিরবে রঙীন চশমা পরা বালকেরা
অর্জনের সুলভ পথগুলো খুঁজে নেবে
চাবিওয়ালারা আবার নীলামে দাঁড়াবে
পুতুল বালকেরা সারিবদ্ধ হবে
দরদাম হবে। কেনাবেচা হবে।
চাবিওয়ালার অভাব হবেনা।
দমের পুতুলের অভাব হবেনা।
একমাত্র সন্তানের লাশ কাঁধে করে
ন্যুব্জদেহ কৃষকটি গাঁয়ে ফিরে যায়--
শুধু-
একদলা থু-থু রেখে যায়--সভ্যতার মদের বোতলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



